বড় হওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতটুকু বড় হলে তাকে বড় হওয়া বলে? কত ফুট লম্বা হলে ‘বড়’ হওয়া যায়! আসলে কীভাবে বড় হয় মানুষ—বয়সে? উচ্চতায়? নাকি জ্ঞান ও প্রজ্ঞায়?অমীমাংসিত প্রশ্নগুলো বড় বেশি চোখের সামনে এসে দাঁড়ায়। প্রশ্নগুলো দীপ্তকে ভাবায়, কখনো বা কাঁদায়ও। যদি রাতারাতি বড় হওয়া যেত! বড় হওয়ার কত্ত সুবিধা, খবরদারির নামে অকারণ শাসন-বারণ নেই; নেই পড়াশোনার নির্যাতনও। সবচেয়ে বড় কথা, তখন বিদঘুটে টেন্স মুখস্থ করতে হবে না, পড়তে হবে না অঙ্কের প্যাঁচে। দাদুর কাছে অঙ্ক কষতে বসলে প্রায়ই শুনতে হয়—‘একেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি। তোমার আব্বু গাধাটাও অঙ্কে ভীষণ কাঁচা ছিল!’এমনতর মূল্যায়নে ভীষণ মন খারাপ করে দীপ্ত। আব্বুকে নিয়ে কেউ কটুকথা বললে কষ্ট হয়। অঙ্ক না পারা তো দোষের কিছু নয়। সবাইকে সবকিছু পারতে হবে কেন! তা ছাড়া সে যে অঙ্ক পারে না, বোঝে না, তা-ও তো নয়। মাঝেমধ্যে মাথাটা কাজ করে না আরকি। এ সময়ই দাদু মওকা বুঝে সংলাপ ছাড়েন, ‘বুঝলে দাদু, অঙ্ক না পারায় একবার তোমার বাবাকে এমন মার দিয়েছিলাম, মারের চোটে সে তিন দিন বাড়িতেই আসেনি!’ এমনতর আরও কতশত গল্প! শেষ নেই যেন। অথচ আব্বু দেশের বড় একটি প্রতিষ্ঠানের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অঙ্ক না পারলে কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে!দাদুর কথার প্রতিবাদ করতে গিয়েও পারে না। একবার আব্বুর কাছে অনুযোগ জানিয়ে বলেছিল, দাদু যে কী কী সব বলেন! শুনে হা হা করে হেসেছিলেন আব্বু, ‘কথা আসলেই সত্য!’দীপ্তর বুক অভিমানে আরও বেশি ভারী হয়েছিল সেদিন। আব্বুটাও যে কী!দাদুর অত্যাচারই শেষ নয়। সকালে বাসায় পড়াতে আসেন ইংরেজির শিক্ষক। তিনি টেন্সটা ভালো পারেন, তাই টেন্স বোঝানোর দিকেই মনোযোগ বেশি। দীপ্তর মাথায় বিষয়টি ঢোকে না বললেই সই। সে বোঝে, কাল হওয়া উচিত দুই প্রকার—সকাল ও বিকাল! তা না করে অতীত, বর্তমান আর ভবিষ্যতের কী ভয়ানক খেইল! ভাল্লাগে না ছাই!সকালে ইংরেজির শিক্ষকের অত্যাচার সহ্য করে সন্ধ্যায় ছুটতে হয় গানের ক্লাসে। শিক্ষকের বাসায়। এটাও অসহ্য। বাবার ইচ্ছা, ওকে গায়ক বানাবেন। তাঁর নাকি খুব স্বপ্ন ছিল গায়ক হওয়ার। কিন্তু নানা কারণে পারেননি। এখন সেই স্বপ্নের বোঝা চাপিয়ে দিয়েছেন দীপ্তর কাঁধে! গান শেখার মতো বিচ্ছিরি ব্যাপার আর কী আছে—দীপ্ত ভেবে পায় না। গান তো কম্পিউটারেই শোনা যায়, দেখাও। তাহলে আলাদা কেন শেখা! শিখে কি গেয়ে গেয়ে নিজেকে শোনাবে!তার ওপর বড় ভাইয়া আর মায়ের সারাক্ষণ খবরদারি তো আছেই। এটা করো, ওটা করো, ওই পড়াটা কি শেষ করেছ—আরও কত কী! ভাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে ঠিকই, কিন্তু বাসায় এলে পড়াশোনার নামগন্ধও নেই। অথচ ওর ওপরই যত খবরদারি!মেজাজ তেতে উঠলে বড় হয়ে যেতে ইচ্ছে করে। ভাইয়ার মতো বড়। ভাইয়াকে তো এখন কেউ কিছু বলে না। উল্টো পরিবারের নানা বিষয়ে সবাই তার মতামত নেয়। ভাইয়ার মতো বড় হয়ে যেতে পারলে সবচেয়ে বড় যে সুবিধা—পড়াশোনা করতে হবে না! তা ছাড়া রবীন্দ্রনাথ, নজরুলও প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বেশিদূর অগ্রসর হননি বলে সে জেনেছে। দীপ্তও না হয় হলো না। তাতে কার এমন কী ক্ষতি!আহা! যদি বড় হওয়ার কোনো ট্যাবলেট থাকত, যে ট্যাবলেট খেলেই একলাফে বড় হয়ে যাওয়া যেত! অবশ্য এখন যে দীপ্ত ছোট—মোটেও নয়। সে এসএসসি পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। রাস্তাঘাটে অনেকেই ওকে ‘আপনি’ বলে সম্বোধন করা শুরু করেছে। ‘আপনি’ শব্দটা শুনতে ভালোই লাগে। ফাইনাল পরীক্ষা দিয়েও শান্তি নেই, পুরোনো বইগুলো পড়ার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভর্তি কোচিংয়ের ক্লাস। নইলে নাকি ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়বে!পরীক্ষার পর বন্ধুরা সবাই যার যার গ্রামের বাড়ি, আত্মীয়ের বাড়ি বা দূরে কোথাও বেড়াতে গেছে, সেখানে ওর একাই বইয়ের পাতায় মুখ বুজে ম্যান্দা মেরে বসে থাকা! অসহ্য, অমানবিক!বড় হয়ে যাওয়াটা ভীষণ জরুরি। এবং সেটা খুব শিগগির। আর চলছে না। বহন করা যাচ্ছে না অত্যাচারের বোঝা। এসব অত্যাচার আর অত্যাচারীর খপ্পরে পড়ে কাটছিল ওর সময়। বন্দিদিন। পাল্লা দিয়ে মনের খেদটাও বাড়ছিল। এই বাড়া আর কাটার মধ্যেই এসএসসির ফল প্রকাশিত হলো।আশ্চর্য, দীপ্ত গোল্ডেন জিপিএ পেয়েছে! প্রথমে সে তো বটেই, বাসার অন্যরাও বিশ্বাস করতে পারেনি খবরটা! যেই ধাতস্থ হয়েছে, অমনিই পড়ে গেল হুলস্থুল। সবাই ভীষণ রকম খুশি। ভাইয়া ছুটলেন মহল্লার একমাত্র মিষ্টির দোকানটায়। দোকানের সব মিষ্টি কিনে আনলেন একাই। খবর পেয়ে ক্যামেরাসহ টেলিভিশন চ্যানেলের লোক, পত্রিকার সাংবাদিক এলেন। তাঁরা ছেঁকে ধরলেন দীপ্তকে। এটা-ওটা কতশত প্রশ্ন তাঁদের! জবাব দেবেন মহামান্য দীপ্ত আহমেদ। সেদিন রাতেই একাধিক টেলিভিশনে দেখানো হলো দীপ্তর সাক্ষা ৎ কার। আর পরদিন দৈনিক পত্রিকায় ছবিসহ সংবাদ ছাপা হলো। বাসার সবাই খুশি। তবে সবচেয়ে বেশি খুশি দীপ্ত নিজে। কখনো কি ভাবতে পেরেছিল, বিখ্যাত মানুষের মতো ওর ছবি আর খবর পত্রিকায় ছাপা হবে, টেলিভিশন চ্যানেলেও দেখানো হবে!বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বাসায় এসে শুভেচ্ছা জানাচ্ছে। অনেকেই বাসায় ফোন করে বাহ্বা দিচ্ছে। দীপ্তই যেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।আনন্দে নাকি মানুষের চোখে পানি চলে আসে। দীপ্তর আসছে না কেন, বুঝতে পারছে না সে। তবে এত দিনে ওর ভেতর একটা প্রতীতি জন্মাল, আর বড় হওয়া লাগবে না। যথেষ্ট বড় হয়ে গেছে সে!