বড় হয়েও ছোট্ট বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সে বড় হয়েছে বটে, তবে এখনো ছোট্ট বাবুটিই রয়ে গেছে সে। তার উচ্চতা দুই ফুটও নয়। একাধিকবার মাপার পর তার যে উচ্চতা পাওয়া গেছে, তা ২৩ দশমিক ৫ ইঞ্চি। মানে ৬০ সেন্টিমিটার। এমন উচ্চতা এক বছরের শিশুর হলেই ভালো মানায়। কিন্তু তার বয়স এখন ১৮ বছর। গত রোববার ঘটা করে তার ১৮তম জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকসহ অনেক নামীদামি লোক উপস্থিত ছিলেন। এত ধুমধাম করে তার জন্মদিন উদ্যাপনের একটি বিশেষ তাৎপর্য ছিল, তা হচ্ছে—ওই দিন তাকে বিশ্বের সবচেয়ে খাটো পূর্ণবয়স্ক পুরুষ হিসেবে সনদ দেওয়া হয়। তার নাম জুনরি বালাউইং। বাড়ি ফিলিপাইনের জামবোয়াংগা দেল নোরতে এলাকায়। হ্যাঁ, জুনরিই এখন বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ। রোববার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাদের প্রতিনিধি ক্রেগ গ্লেনডে ফ্রেমে বাঁধানো সনদ তুলে দেন জুনরির হাতে। এই ফ্রেম উচ্চতায় ওর কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। এর আগে বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ হিসেবে রেকর্ডের অধিকারী ছিল নেপালের খগেন্দ্র থাপা মাগার। তার উচ্চতা ছিল ২৬ দশমিক ৪ ইঞ্চি।বয়সে জুনরি যত বড়ই হোক না কেন, এখনো বাবা-মায়ের কোলেই কাটে দিন। বাবার কাঁধে বসে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে তার। বাবা রেনালদো পেশায় কামার। লোহালক্কড় নিয়ে কারবার। মা কনসেপসিওন বাড়িতেই থাকেন। তিনি বলেন, ‘আমার এই ছেলেটি এমন সৌভাগ্য বয়ে আনবে, তা ভাবিনি কখনো।’জুনরি ১২ বছরে পা দেওয়ার পরও যখন ওর উচ্চতার কোনো হেরফের হলো না, বাবা-মা তখন তাকে একবার রাজধানী ম্যানিলায় নিয়ে গিয়েছিলেন। কয়েকজন চিকিৎসক জুনরির চিকিৎসা বাবদ স্থানীয় মুদ্রায় এক লাখ পেসো দাবি করেন। বাবা রেনালদো বলেন, ‘এই বিপুল অঙ্কের টাকা সারা জীবনেও আমার পক্ষে আয় করা সম্ভব নয়। কাজেই পরে আর চিকিৎসা হয়নি জুনরির।’ শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ম্যানিলা বুলেটিন অনলাইন