ভদ্র দানব!
‘জেন্টল জায়ান্ট’ বলে পরিচিত সে। সহজ কথায় ‘ভদ্র দানব’। বিশাল ধড়ের অধিকারী হলেও কোনো হম্বিতম্বি নেই তার। বরং মনিবের খুব অনুগত সে। এই পোষা কুকুরের আসল নাম জর্জ। বিশ্বের সবচেয়ে বড় কুকুর হিসেবে এর মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে সে। জর্জ চুপচাপ খায়দায়, ঘুমায়। তাই বলে কেউ রাগালে কোনো ছাড় দেবে না সে। কারণ, ‘হাউন্ড’ বলে পরিচিত শিকারি কুকুরের স্বভাবই একটু বেপরোয়াভাবে চলা। সে তুলনায় জর্জ অনেক ভদ্র।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাসকনে জর্জের বাস। সে গ্রেট ড্যান জাতের শিকারি কুকুর। বয়স চার বছর। জার্মান ম্যাসটিফ বা ড্যানিশ হাউন্ড বলেও পরিচিতি রয়েছে ওদের। এসব কুকুর আকারে এমনিতেই বেশ বড় হয়। এর মধ্যে জর্জ আরও বেশি বড়। নাকের ডগা থেকে লেজ পর্যন্ত তার দৈর্ঘ্য ২ দশমিক ৩ মিটার (৭ ফুট ৩ ইঞ্চি )। পা থেকে কাঁধ পর্যন্ত উচ্চতা এক মিটারের (৪৩ ইঞ্চি) কিছু বেশি। ওজন ১১১ কেজি (২৪৫ পাউন্ড)। মনিব ডেভ নাসের জানান, জর্জ প্রতি মাসে গড়ে ১১০ পাউন্ড খাবার খায়। ঘুমায় বিশাল এক বিছানায়। প্রতিদিন খাওয়ার পর জর্জ যে উচ্ছিষ্ট রাখে, তা ফেলার জন্য ঢাউস আকারের একটি ময়লার পাত্র কেনা হয়েছে।জর্জ এর মধ্যে টিভি অনুষ্ঠানও করেছে। জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ্ উইনফ্রের অনুষ্ঠানে হাজির হয়েছিল সে। তার নামে নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক ও টুইটার পেজও আছে। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কুকুর-বিশেষজ্ঞ উইলিয়াম ওয়ালেস বলেন, ‘বড় জাতের কুকুর নিয়ে ৪৫ বছর ধরে কাজ করছি। জর্জের মতো এত লম্বা কুকুর আর কখনো দেখিনি।’ওয়েবসাইট অবলম্বনে—শরিফুল ইসলাম ভূঁইয়া