ভয় পাওয়া ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভয় পায় না কে, বলো তো? ক্লাসের অঙ্ক টিচারকে তুমি হয়তো একটু একটু ভয় পাও। খোঁজ নিয়ে দেখো, অঙ্ক টিচার ভয় পান কিচেনের ওই তেলাপোকাটাকে! আবার তোমাদের ক্লাসের সবচেয়ে সাহসী যে ছেলেটা, ওর বাসায় খোঁজ নিয়ে দেখো, দেখবে সে মাকড়সা দেখলেই ভয়ে চিৎপটাং! মজার ব্যাপার কি জানো, পৃথিবীর সব মানুষই ভয় পায়।
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছ নিশ্চয়ই। শুনলে অবাক হবে। বিশ্বজয়ী এই বীরযোদ্ধা নাকি বিড়াল দেখলেই ভীষণ ভয় পেতেন। ওয়াল্ট ডিজনি কিসে ভয় পেতেন জানো? মিকি মাউসের এই স্রষ্টা নিজেই মারাত্মক ভয় পেতেন পুঁচকে ইঁদুরকে। আর বিজ্ঞানী টমাস আলভা এডিসন অন্ধকারকে এতই ভয় পেতেন যে বৈদ্যুতিক বাতিই আবিষ্কার করে ফেলেছেন। কী বুঝলে? ভয় পাওয়ার অনেক ভালো দিকও রয়েছে।
প্রিয় কোনো ভয়ের ছবি দেখলে অথবা ভয়ের কোনো বই পড়তে শুরু করলে তোমার কেমন অনুভূতি হয়, একবার ভাবো তো? দেখবে, ভয়ে সেই সময় গা ছমছম করলেও তোমার বেশ ভালোই লাগে। রাতের বেলায় হঠাৎ জানালায় খুটখাট শব্দ হলে কিংবা দরজায় কড়া নাড়ার শব্দ হলে অনেকেই চমকে ওঠে। এই চমকে গিয়ে ভয় পাওয়া মোটেও খারাপ না।
ভয় পেলে তোমার মস্তিষ্কে একধরনের রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। যার কারণে তোমার মধ্যে উদ্দীপনা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ভয় পেলে মস্তিষ্কে এন্ডোরফিন ও ডোপামিন নামের দুই ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ প্রবাহিত হয়, যা মনে সুখের অনুভূতি সৃষ্টি করে। ডাক্তারি ভাষায় এদেরকে হরমোন বলে। এই হরমোনগুলো প্রবাহিত হলে মনের অবসাদ দূর হয়ে যায়। এ ছাড়া তুমি যখন ভয় পাও তখন তোমার দেহে অক্সিটোসিন নামেও আরেকটি হরমোন তৈরি হয়। এটি কী করে জানো? একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ককে গাঢ় করে। যদি কখনো তুমি বন্ধুদের সঙ্গে কোনো পুরোনো বাড়িতে রাত কাটাতে যাও, দেখবে অন্ধকার নামলেই ভূতের ভয় শুরু হবে। যদিও ভূত বলে কিছু নেই, তবু এ ভয়ই তোমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করবে। মানুষ যখন তাদের ভয়ের কোনো অভিজ্ঞতা ভাগাভাগি করে, তখন তারা নিজেদের আরও কাছাকাছি চলে আসে।
মনের চিন্তা ও ক্লান্তি দূর করতেও ভয়ের জুড়ি নেই। অনেক সময় ক্লাসে সবার সামনে কিংবা স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় আমাদের ভেতরে একধরনের ভয় কাজ করে। মনে রাখবে, এই ভয়ের জন্যই কাজটা সহজ হয়ে যায়। আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়।
যদিও ভয় স্বাস্থ্যের জন্য ভালো, তবে এটা মনে রাখবে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভয়কে অনুভব করে। কাউকে ভয় দেখানো তোমার কাছে একটি মজার বিষয় হলেও সেটি অন্যের কাছে অনেক ভীতিকর কিছু হতেও পারে। ছয়-সাত বছরের নিচের কাউকে তাই ভয় দেখানো ব্যাপারটা নেতিবাচক। তবে যারা একটু বড়, তাদের ক্ষেত্রে হঠাৎ করে ‘ভোউউ’ বলে চিৎকার দিয়ে ভয় দেখানোটা খারাপ না। চেষ্টা করে দেখবে নাকি? পরে বকা বা পিটুনি খেলে আমি কিন্তু কিছু জানি না!
সাজিদুল হক, টাইম ফর কিডস অবলম্বনে