ভাঁড়মাছের আজব দুনিয়া
ক্লাউন মানে কী? ভাঁড়। ভাঁড়ের কাজ কী? রংচঙে পোশাক পরে সং সেজে দর্শককে হাসানো। উজ্জ্বল রঙে ভরা বাহারি এক মাছ আছে সাগরে, যারা ‘ক্লাউন ফিশ’ বা ‘ভাঁড়মাছ’ বলে পরিচিত। তারা কাউকে হাসাতে পারে না বটে, তবে বাস করে আজব এক দুনিয়ায়।সাগরে ‘অ্যানিমানি’ বলে এক ধরনের প্রাণী রয়েছে। দেখলে মনে হবে, এক গাদা কর্ষিকায় ভরা কোনো জলজ দাম। তাদের কর্ষিকাজুড়ে রয়েছে অসংখ্য সূক্ষ্ম বিষাক্ত কাঁটা। ছোটখাটো কোনো মাছ বা সামুদ্রিক প্রাণী এর খোঁচা খেলে অবশ হয়ে যায় শরীর। তখন ওই মাছ বা প্রাণীর শরীর উপাদেয় খাবার হয়ে যায় অ্যানিমানির। অথচ এই ক্লাউন ফিশ অ্যানিমানির কর্ষিকা-দামে বসতবাড়ি বানিয়ে মনের সুখে জীবনটা কাটিয়ে দেয়।তবে কি অ্যানিমানির বিষ ক্লাউন ফিশের শরীরে কাজ করে না? না, করে না। কারণ, ক্লাউন ফিশের শরীরে রয়েছে এক ধরনের পিচ্ছিল আবরণ, যা অ্যানিমানির খুদে কাঁটার খোঁচা থেকে রক্ষা করে তাদের। ক্লাউন ফিশ আর অ্যানিমানি পরস্পর দারুণ বন্ধু। অ্যানিমানি কিছু খেলে এর বেশ খানিকটা এঁটো পড়ে থাকে। সেগুলো খেয়ে সাফ করে দেয় ক্লাউন ফিশ। এ ছাড়া অ্যানিমানির কর্ষিকায় উটকো আপদের মতো খুদে কোনো পোকা বা জীব বসে গেলে তাও খেয়ে সাফ করে তারা। বাটারফ্লাই ফিশ বলে এক ধরনের রঙিন মাছ আছে, যারা অ্যানিমানির কর্ষিকা খেতে পছন্দ করে। তাদের বেলায়ও অ্যানিমানির কাঁটা বিষ ঢালতে পারে না। কাজেই, অ্যানিমানির বড় শত্রু বাটারফ্লাই। কিন্তু ক্লাউন ফিশের জন্য বাটারফ্লাই সহজে ভিড়তে পারে না অ্যানিমানির কাছে। এভাবে তারা একে অন্যকে রক্ষা করে চলে।অ্যানিমানির দামে থাকে বলে ক্লাউন ফিশ ‘অ্যানিমানি ফিশ’ বলেও পরিচিত।এ পর্যন্ত ২৮ প্রজাতির ক্লাউন ফিশের সন্ধান পাওয়া গেছে। একটা বিশেষ ব্যাপার হলো যে নারী-পুরুষ ক্লাউন ফিশ জুটি বেঁধে একসঙ্গে জীবন কাটিয়ে দিতে পারে। ধরো, স্ত্রী মাছটার কিছু হয়ে গেল, তখনই ঘটে যাবে আজব ঘটনা। পুরুষ মাছটা স্ত্রী মাছে রূপান্তরিত হয়ে তার সব দায়দায়িত্ব বুঝে নেবে! আসলে ডিম থেকে সব ক্লাউন ফিশই পুরুষ হয়ে জন্মে। বড় হতে হতে স্ত্রী বনে যায়। দলের মধ্যে সবচেয়ে বড় মাছগুলো স্ত্রী, তুলনামূলকভাবে ছোট মাছগুলো পুরুষ।অ্যানিমানির কর্ষিকা যেখান থেকে উঠেছে, সেখানে ডিম পাড়ে স্ত্রী ক্লাউন ফিশ। পুরুষ মাছ ডিম পাহারা দেয়। ছোট ছোট পাখনা নেড়ে পানির ঝাপটা মারে ডিমের ওপর। এতে ডিমে ছত্রাক পড়ে না। দরকার হলে মুখ দিয়ে আলতোভাবে ঠুকরে ডিম পরিষ্কার রাখে। ডিম ফুটে পোনা বের হলে তারা ভেসে যায় ঢেউয়ের তোড়ে। অন্য কোথাও বড় হয়ে তারা আবার খুঁজে নেয় নতুন কোনো অ্যানিমানি-বাড়ি। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক