ভালুকটা কানে কানে কী বলল
এই গল্পটি সবার জানা। দুই বন্ধু গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ভালুক তাদের দিকে তেড়ে এল। বন্ধুদের একজন দ্রুত পালিয়ে গিয়ে একটা গাছের ওপর আশ্রয় নেয়। অপর বন্ধু কী আর করে। সে জানত, ভালুক মরা মানুষ খায় না। অমনি সে মৃতের ভান করে সেখানেই শুয়ে পড়ল। ভালুক কাছে এসে তাকে শুঁকতে শুরু করল; আর সে-ও সত্যিকারের মৃতের মতোই শ্বাস-প্রশ্বাস বন্ধ রাখল। তাকে মৃত ভেবে ভালুকটি চলে গেল। পালিয়ে যাওয়া বন্ধুটি তখন ফিরে এসে তাকে জিজ্ঞেস করল, ভালুকটা তোমার কানে কানে কী বলল?ভালুক বলেছে, যে বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায় সে প্রকৃত বন্ধু নয়।এ গল্পটি কাউন্ট লিয়েফ নিকোলায়েভিচ তলস্তয়ের। আমরা বলি, লেভ কিংবা লেভ তলস্তয়। ২০ নভেম্বর তাঁর শততম মৃত্যুবার্ষিকী। কেউ কেউ এমনও বলে থাকেন, তলস্তয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক।তলস্তয়ের জন্ম ৯ সেপ্টেম্বর ১৮২৮ সালে। তাঁর বাবার বিশাল জমিদারি রাশিয়ার তুলা অঞ্চলের ইয়াসনায়া পলিয়ানাতে। তাঁর মা নিজের মাতৃভাষা রুশ তো জানতেনই, এ ছাড়া ফরাসি, জার্মান, ইংরেজি ও ইতালীয় ভাষা জানতেন। তিনি মুখে মুখে গল্প তৈরি করতে পারতেন আর পিয়ানো বাজিয়ে মাতিয়ে রাখতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য তলস্তয়ের, দুই বছর বয়সেই মাকে হারান তিনি। দাদার আশ্রিত এক কন্যা তোয়ালেৎ ফুপু তাঁকে মায়ের স্নেহ দিয়ে বড় করেন। এই ফুপুই একদিন এ মেধাবী ছেলেটিকে বললেন, ‘তুই উপন্যাস লিখতে শুরু কর।’শুরু হয়ে গেল লেখালেখি। তিনি লিখলেন ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, রেসারেকশন, ইভান ইলিচের মৃত্যুসহ অনেক উপন্যাস। লিখলেন নাটক, গল্প। তাঁর লেখালেখি এত বেশি যে সব ছাপাতে ৯০ খণ্ড মোটা বই হয়েছে।তিনি ছিলেন মানুষের লেখক, মানবতাবাদী লেখক। নিজের জীবন পরিচালনায় নীতিমালা তৈরি করেছিলেন—খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, আগে ঘুমোতে হবে, কম খেতে হবে, সব কাজ নিজের হাতে করতে হবে, এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। প্রতিটি মিনিটের, প্রতিটি ঘণ্টার, প্রতিটি দিনের, মাসের, বছরের লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে। যতটা সম্ভব কম খরচ করতে হবে।তলস্তয় ২২ নভেম্বর ১৯১০ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।তিনি ছোটদের ভালোবাসতেন। ছোটদের জন্যও বেশ কয়টি গল্প লিখেছেন। তলস্তয়ের কয়েকটি গল্প ঈশপ থেকে নেওয়া। তিনি বিশ্বাস করতেন, ‘ছোটরা বড়দের চেয়ে বেশি জ্ঞানী’; এই শিরোনামে একটি গল্পও লিখেছেন।একটি তলস্তয় তথ্যভালো কিছু শেখার জন্য নির্ধারিত কোনো বয়স নেই। যেকোনো বয়সেই শিক্ষাটা শুরু করা যায়। তলস্তয় সাইকেল চালাতে জানতেন না; সিদ্ধান্ত নিলেন, শিখবেন। সাতষট্টি বছর বয়সে বুড়ো তলস্তয় সাইকেলে উঠলেন এবং কয়েক দিনে সাইকেল চালনা শিখেই ফেললেন।