ভালো থেকো বাবা
আব্বু,ভোরে জেগে উঠে দেখি তুমি নেই। মনটা একেবারে বাজে হয়ে গেল। ভেবেছিলাম, স্কুলে যেতে পারব না। আম্মুর হাত ধরে স্কুলে গেলাম; পড়ায় আমার মন বসেনি। একদম না। আমি জানতাম, তুমি রাতের ট্রেনে ঢাকা যাচ্ছ। চেয়েছিলাম, তোমার হাত ধরে একটু বেরোব—তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাসায় ফিরব। হারুন, সাইফুল, রেজা, সব আঙ্কেল বেবিদের নিয়ে প্রতিদিন স্কুলে আসেন। আমি তো সবাইকে চিনি; সবার নাম জানি না। সব আন্টি আছেন। সব আঙ্কেল আছেন। কেউ তো পড়তে গেল না অত দূরে। শুধু তুমি নেই। ওঁরা যখন আমার দিকে তাকান—অপূর্বা, অপূর্বা বলে আমাকে ডাকেন—আমার তোমাকে মনে পড়ে। আমার চোখ ভিজে যায়। তোমার স্যারদের বলো, ‘আমি চলে যাব। অপূর্বা কাঁদছে। স্কুলে যেতে পারছে না। সারা দিন মন খারাপ করে বসে থাকে।’ আমার স্কুলের কথা, ক্লাসের কথা বললে তোমাকে ছুটি দেবে। তিন দিনের ছুটি নিয়ে এসো।আব্বু, সাইফুল আঙ্কেল কি পুলিশে চাকরি করেন? তাঁর বাগদা চিংড়ির মতো কালো জোড়া গোঁফ আমার বেশ পছন্দ। সেদিন বড় ফুফিও আম্মুর সঙ্গে আমাদের স্কুলে গেছেন। পাহাড়ের কোলে নবনির্মিত স্কুল-কলেজ ভবনগুলো, শত শত ছাত্রছাত্রী, খেলার মাঠ, লাইব্রেরি আর আমাদের অ্যাসেম্বলি করা দেখে তিনি খুবই খুশি। কলেজ ভবনের সামনে দুই হাতের মুঠোয় ধরা বিশাল গ্লোবটি দেখে, প্রধান ফটকে বঙ্গবন্ধুকে, প্রধান ভবনে রবিঠাকুরকে ও স্কুলভবনে কাজী নজরুলকে দেখে তিনি বেশ আনন্দিত হন, খুশিতে শিহরে ওঠেন।তিনি বললেন, ‘দেখো মা, তোমাদের কলেজ কত সুন্দর, বেশ পরিপাটি। পাবলিক কলেজগুলোর চেয়ে ক্যাডেট কলেজগুলো আরও বেশি সুন্দর।’আব্বু, আমি বড় হলে ক্যাডেট কলেজে পড়ব। তিনি আমাদের মুক্তিযুদ্ধের কথা, জাতীয় সংগীতের কথা ও জাতীয় কবির কথা বললেন। আব্বু, তোমাকে কতবার বলেছি এক জোড়া বড় কালো গোঁফ তুমি রাখবে। তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না। এবার বলছি, কালো এক জোড়া গোঁফ নিয়ে তুমি ঢাকা থেকে আসবে। তুমি কী কখনো ভেবে দেখেছ, আমরা এতক্ষণ যাঁদের কথা বললাম সেই রবিঠাকুর, বঙ্গবন্ধু ও কাজী নজরুলের সুন্দর সুন্দর গোঁফ আছে। তাই আমার আব্বুরও থাকবে। ছেলেদের গোঁফ থাকলে আমার সাহসী মনে হয়; সুন্দর লাগে।আব্বু, ভাইয়াকে আবৃত্তি স্কুলে দিয়ে খুব ভালো করেছ। সে বড় বড় করে কবিতা পড়ে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালে অন্য রুমে পাঠিয়ে দেয় কেন? আমি শিখে ফেললে ওর নম্বর কি কমে যাবে? আমি ওয়ানে গেলে আবৃত্তি স্কুলে ভর্তি হব। সে আবৃত্তি করলে আমি তার মুখে মুখে বলতে থাকি, ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো/ ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো/ ভালো থেকো মেঘ মিটিমিটি তারা/ ভালো থেকো পাখি সবুজ পাতারা। ভালো থেকো...আমি মাঝেমধ্যে বলি, ভালো থেকো বাবা, ব্যাট বল দাবা ভালো থেকো/ ভালো থেকো ভূত জিন পরি দেও ভালো থেকো।আব্বু, গতরাতে কী কাণ্ড ঘটেছে তুমি জানো? আম্মুর কাছে একটি ভুতুড়ে ফোন এসেছে। কিছু বলে না শুধু আম্মিজান আম্মিজান বলে। আল্লাহর রাস্তায় সাদা গরু জবাই দিয়ে এক শ মিসকিন খাওয়াতে অনুরোধ করে। চালিতাতলির তেঁতুলতলায় মাটির ভেতর থেকে সোনার কলস উঠিয়ে দেওয়ার কথা বলে। ফোন পেয়ে আম্মু হাউমাউ করে সবার ঘুম ভাঙিয়ে দেয়। বড় আব্বুকে ফোনটি দিলে হঠাৎ লাইনটি কেটে যায়। আমাদের সারা রাত আর ঘুম আসে না।তুমি কি কখনো ভূত দেখোনি? ছোট মামা সেদিন বলল ও নাকি গলা কাটা ভূতকে ডরায় না। সে গলা কাটা ভূত কয়েকবার দেখেছে। এ ভূতটি শাপলাপুরের লালিয়া পাহাড়ে শতপায়া বটগাছে থাকে। অমাবস্যার রাতে খিলখিল করে হাসে। এক পাহাড়ের বাঁশঝাড় থেকে অন্য পাহাড়ের বাঁশঝাড়ে লাফালাফি করে। মামা বলে, ভূতের কাজ শুধু মানুষকে ভয় দেখানো। ওরা নাকি কেউ ভয় না পেলে কারও কোনো ক্ষতি করে না। ওরা মানুষের রক্ত-মাংস খায় না। মামার নাকি তিনটি ভূতবন্ধু আছে। ওরা কি আমার ভূতমামা হবে? আরও বলে কী—জিনরা হাড়গোড় খায়; আর পরিরা বাচ্ছাদের খুব ভালোবাসে। ওরা ফুলের দেশে পাখির দেশে থাকে। লালপরি নীলপরি শিশুদের তাদের পাখায় চড়িয়ে পরির দেশে নিয়ে যায়।তুমি তো কখনো ভূত দেখোনি। তুমি কি কখনো জিন দেখেছ? পরি দেখেছো? লালপরি, নীলপরি, ফুলপরিদের দেখেছ? আমি ভূতকে ভয় পাই। ভাইয়াও ভয় পায় কিন্তু কাউকে বলে না। তুমি কি জিনকে ভয় পাও? নানু ভাইয়া বলে, জিন নাকি কয়েক হাজার বছর বাঁচে, আগুন দিয়ে তৈরি। অনেক শক্তি। রূপ বদল করতে পারে। ইচ্ছে করলে সাপ, ব্যাঙ, পাখি, মাছ সবকিছু হতে পারে। আব্বু, তুমি জিন হলে ভালো হতো। ফুল হয়ে পাখি হয়ে প্রজাপতি হয়ে আনন্দ করা যেত; আমার কাছে অনায়াসে ছুটে আসতে পারতে। জিনরা কি জাদু জানে? আমার তো জাদু শিখতে ইচ্ছে করে।পাশের ফ্ল্যাটে হুজুর আসে—দুপুরে; সপ্তাহে তিন দিন। আবির ও তুহি আরবি পড়ে। অজয়ও হুজুরের মুখে মুখে আরবি পড়ে; পড়তে চায়। হুজুর তাকে ইশারায় চলে যেতে বলে, চোখ-মুখ লাল করে কড়মড় করে তাকায়। আমি তখন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখি। হুজুর আমাকে আদর করে, আন্টি ডাকে। ওর দাদু ওকে বকা দেয়, টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ও তখন চিৎকার করে আলিফ-বা-তা-ছা বলতে থাকে। দাদুকে খ্যাপায়, কাঁদে। আমার খুব খারাপ লাগে। কেউ পড়তে চাইলে দাদুদের এভাবে বকতে হয়, দরজা লাগিয়ে দিয়ে বন্দী করতে হয়।সেদিন আম্মুকে বলি, অজয়কে কেন আরবি শিখতে দেয় না?আম্মু বলে, ওরা তো আরবি পড়ে না। আরবি ওদের জীবনে তেমন কাজে আসে না। যদি সে আরবি পড়ে আনন্দ পায়; তার কাজে লাগে সে-ও আরবি শিখতে পারবে, শিখে নেবে।আমাদের অনলাইনে বাচ্চারা গান শেখে, নাচ শেখে, ড্রয়িং শেখে। আলোশ্রী চাকমা, যে আমার সঙ্গে নার্সারিতে পড়ে। আমি যখন ড্রয়িং শেষে আম্মুর হাত ধরে বাসায় চলে আসি, সে তখন নাচ শেখে; গান শেখে। আব্বু, আমার গান শুনতে ভালো লাগে, গান গাইতে ইচ্ছে করে; গানের সুরে সুরে নাচতে পারলে আরও বেশি আনন্দ পাই। তুমি এসো, আমি নাচে ভর্তি হব, গানে ভর্তি হব। বড় ফুফি বলেছেন তুমি এলে আমরা একসঙ্গে মার্কেটে যাব, একটি হারমোনিয়াম কিনব।আব্বু, আজ আমি স্কুলে যেতে পারিনি। আমাকে স্কুলে নেওয়ার কেউ ছিল না। তোমাকে তাই আজই লিখতে বসি। যেদিন স্কুলে যেতে না পারি, সেদিন আমার ভীষণ খারাপ লাগে। ভাইয়া স্কুলে, আম্মু কলেজে; তুহি, সীমান্ত, আবির সবাই স্কুলে। আরজুর কাছে আমার আর ভালো লাগে না। অ্যাসেম্বলির কথা মনে পড়ে। কাজী নজরুলকে মনে পড়ে। সাদা দাড়িওয়ালা রবিঠাকুরকে মনে পড়ে, তিনি যেন কবুতরের ডিমের মতো বড় বড় চোখ নিয়ে আমাকে খুঁজতে থাকেন, ডাকতে থাকেন। আমি ঝুল বারান্দায় দাঁড়িয়ে দূরের স্টেশনের দিকে তাকিয়ে থাকি; কাটা পাহাড়ের মতো, ন্যাড়া পাহাড়ের মতো শহরের সারি সারি উঁচু-নিচু ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকি। আব্বু, তুমি ফিরে এসো, বাসায় বন্দী মরা দুপুর আমার ভালো লাগে না, তুমি বিহীন ভুতুড়ে রাত আমার ভালো লাগে না। সাদা মেঘের ঘোড়ায় চড়ে, ভোরের হাওয়ায় ভেসে ভেসে রাজপুত্রের মতো তুমি ফিরে এসো—সহজে, সব বাধা ডিঙিয়ে।—তোমারই কুটুম পাখি।