ভালো বাবা মন্দ বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক পরিবারেই আদর-স্নেহ ছাড়াও বাবার একটি বিশেষ ভূমিকা থাকে। প্রাণিকুলে পশুপাখিসহ অন্যান্য জীবের মধ্যেও বাবার ভূমিকা লক্ষণীয়। তবে সব বাবাই সমান নয়। কোনো বাবা ভালো, কোনো বাবা মন্দ। তাদের কথা এখানে সংক্ষেপে তুলে ধরা হলো।‘রেড ফক্স’ বলে পরিচিত একজাতের খ্যাঁকশিয়াল রয়েছে। ওদের মধ্যে বাবা খুব দায়িত্বশীল হয়ে থাকে। ছানা জন্ম দেওয়ার পর মা শিয়াল পুরো এক মাস গর্তে পড়ে থাকে। শত্রুর নজর এড়াতে ছানাগুলোকে আগলে রাখে বুকের ভেতর। ওদের ওম দেয়। একই সঙ্গে হরদম দিতে হয় দুধ। এ সময় প্রচুর খাবারের দরকার হয় মা শিয়ালের। দফায় দফায় খাবার জোগাড়ের পুরো দায়িত্ব পালন করে বাবা শিয়াল। ছানাগুলো একটু বড় হলে তখন ওদের সঙ্গে সারাক্ষণ খেলে বেড়ায় বাবা। শিকার করা শেখায়। তিন মাস পর বাবা ওদের বোঝায়, মুখে মুখে খাবার তুলে দেওয়ার দিন শেষ। এবার নিজেরাই শিকার করে খাও। ইউরোপের ফ্যালারোপ পাখি বাবা হিসেবে অতুলনীয়। বাসা তৈরি থেকে শুরু করে ডিমে তা দেওয়া, ছানাকে খাইয়ে বড় করা—সবই করে থাকে বাবা ফ্যালারোপ। এদিক থেকে সি-হর্স বা ঘোড়ামাছের বাবা এককাঠি ওপরে। স্ত্রী ঘোড়ামাছ এসে পুরুষ ঘোড়ামাছের বিশেষ থলেতে ডিম পেড়ে যায়। প্রজাতিভেদে এসব থলেতে ১০ থেকে ৩০০টি পর্যন্ত ডিম থাকে। থলের ভেতরই ডিম ফুটে পোনা বের হয়। প্রজাতিভেদে ১০ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগে ডিম ফুটতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় উপকূল ও মেক্সিকো উপসাগরের উত্তরাঞ্চলে এক জাতের মাগুর মাছ পাওয়া যায়। এই মাগুরের মধ্যে মা মাছটি ডিম পাড়লে বাবা তা মুখে পুরে নেয়। ডিম মুখে থাকায় বাবা মাগুরের খাওয়া বন্ধ হয়ে যায়। এ সময় তার শরীরে জমে থাকা চর্বি হজম হয়ে পুষ্টি জোগায়। মাসখানেক পর ডিম থেকে পোনা বের হয়। পোনাগুলো স্বাধীনভাবে বিচরণের ক্ষমতা অর্জনে আরও দুই-তিন সপ্তাহ সময় লেগে যায়। এতে বাবা মাছটির ওপর দিয়ে যে কত বড় ধকল যায়, তা পরিষ্কার। বিড়ালজাতীয় প্রাণীর মধ্যে বেশির ভাগ বাবাই মন্দ। যেমন বাঘ। বাবা বাঘ বাগে ফেলে নিজের ছানা খেয়ে ফেলে। বন্য জন্তুর মধ্যে বাবা হিসেবে গ্রিজলি ভালুক নাকি সবচেয়ে মন্দ। মা ভালুক ছানাগুলোকে লুকিয়ে রাখতে অনেক কৌশল করে। এর পরও একপর্যায়ে বাচ্চার খোঁজ পায় বাবা ভালুক। তবে বেশির ভাগ ক্ষেত্রে মা ভালুক মরণপণ লড়ে তার বাচ্চাগুলোকে রক্ষা করে।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ন্যাশনাল ওয়াইল্ডলাইফ