শ্রমজীবনের শুরুতে আমার এক প্রীতিময় সহকর্মী, বয়সে আমার বড়, আমাকে এক ‘গল্প’ শিখিয়েছিলেন। ‘ফিশ’ (Fish) আর ‘ঘটি’র (Ghoti) গল্প।বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে ‘কমন মিসটেকস ইন ইংলিশ’ নিয়ে কথা বলার সময় ধ্বনিগত ভ্রান্তি-বিভ্রান্তির আলোচনার বেলায় গল্পটি আমি বহুবার ব্যবহার করেছি। সুযোগ পেলে এখনো করি। কখনো কখনো সুযোগ করে নিয়েও করি। প্রশিক্ষণার্থীরাও বেশ আনন্দ পায়।জগদ্বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ ইংরেজি উচ্চারণ নিয়ে কৌতুক করতে গিয়ে বলেছেন, দেখুন, ইংরেজি ভাষাটির ধ্বনিগত ব্যাপারটিতে বড়ই খটমট ও ভজকট ব্যাপার আছে। আমি যদি Ghoti-কে Fish উচ্চারণ করি, কিংবা এর বিপরীত, আপনারা কিন্তু বাধা দিতে পারবেন না। আমার পক্ষে জোরালো যুক্তি আছে।ঘটি (Ghoti) বাংলা ভাষার কোনো তৎসম শব্দ নয় (অপরিবর্তিত অবস্থায় সংস্কৃত থেকে আসা; তৎসম = তাহার সম), তদ্ভব শব্দও নয় (সংস্কৃত থেকে পরিবর্তিত অবস্থায় উদ্ভূত; তদ্ভব = তৎ উদ্ভব); একেবারেই খাঁটি বাংলা শব্দ এটি। বাংলা ভাষার নিজস্ব শব্দ। কুলা-চালুন-ঝাঁটার মতো। ছাই-ছালি-ঝুল-কালির মতো।সেই ‘ঘটি’ শব্দটির অর্থ বিখ্যাত GBS (George Bernard Shaw) জানতেন কি না, তিনিই জানতেন। এ শব্দটিই বা কেন তাঁর মাথায় এল, তাও ছিল তাঁরই জানা।তিনি প্রমাণ করলেন, F সমান GH (যেমন Rough উচ্চারণের বেলায় পাওয়া যায়), I সমান O (যেমন হয় Women-এর বেলায়) আর Sh (শ) সমান TI (যেমন হচ্ছে Condition, Information ইত্যাদির বেলায়)। এবার গণিতের হিসাব-কিতাবের মতো যোগ করাটাই শুধু বাকি থাকল।সেই যোগটাও যদি সেরে ফেলি, বামপক্ষে পাচ্ছি ‘F+I+SH’ = ডানপক্ষে ‘GH+O+TI’। অর্থাৎ ফিশ (Fish) = ঘটি (Ghoti) প্রমাণিত।ফর্মুলা কাটা তেমন আরও কিছু বিষয় আছে। যেমন-শত্রু ইংরেজি Enemy (এনিমি), কিন্তু শত্রুতা ইংরেজি Enimity নয়, Enmity (এনমিটি)। Laughter-এর (লাফটার) আগে ‘S’ বসিয়ে দিলে যা মিলবে, তা (Slaughter) স্লাফটার হলেই পারত, কিন্তু হবে না; হবে ‘শ্লটার’; যেমন light-এর (লাইট) আগে ‘S’ বসিয়ে Slight (শ্লাইট), ‘F’ বসিয়ে Flight (ফ্লাইট) ও ‘P’ বসিয়ে Plight (প্লাইট)। দুর্দশা, দুরবস্থা, গুরুতর কঠিন অবস্থা করা হয়, তেমন এখানে হবে না।আমাদের মাথায় কিছু বিষয় অনেক দিন ধরে জায়গা নিয়ে আছে। যেমন, m-এর পর ‘b’ থাকলে ‘ম্ব’ উচ্চারণ করতে এগিয়ে যাই। কোথাও কোথাও যেতে হবেও। লিম্ব (Limb: অঙ্গপ্রত্যঙ্গ), টিম্বার (Timber: কাঠ, দারু, কাষ্ঠ ইত্যাদি। ‘দারু’ কাঠেরই আরেক নাম। ‘দারুশিল্প’ মানে কাঠমিস্ত্রি। লাম্বার (Lumber: কর্কশ শব্দে গড়ানো; Lumber-এর আরেক অর্থ ‘তক্তা’, বানান সামান্য পাল্টে Lumbar করলে পাব পিঠের নিচের অংশ)।তবে Plumb, Plumbing, Plumber—এগুলো প্লাম্ব, প্লাম্বিং ও প্লাম্বার নয়; প্লাম, প্লামিং (কলমিস্ত্রি, বেসিনমিস্ত্রি ও কমোডমিস্ত্রির কাজ) ও প্লামার। অবাক হলে চলবে না যে Bomb—বম্, Comb—কৌম (চিরুনি, কাঁকই), tomb—টুম (মিনার) এবং numb—নাম (অসাড়, নিঃসাড়, অনুভূতিহীন)। তবে number—নামার নয়, সেটি নাম্বার।আজ আমরা আর এগোচ্ছি না। এখানে থামলেই বোঝাটা হালকা হালকা থাকবে। থেমে পড়ার আগে এটুকু বলে নেওয়া ভালো, শেখার জন্য ফর্মুলা সব সময় খাটানো যাবে না। কোনো কোনো ক্ষেত্রে ‘কেইস-বাই-কেইস’ শিখতে হবে। যে খেলে সে খেলোয়াড়, কিন্তু যে জানে সে জানোয়ার নয়; যে আনে সে আনোয়ার নয় এবং মনে যে থাকে সে মনোয়ার নয়।