চোখের সামনে অবাক করা কিছু ঘটতে দেখলে কে কপালে চোখজোড়া না তুলে পারে? তেমন কোনো অবাক ব্যাপার যদি তুমি করে দেখাও বাড়ির বড়দের সামনে, তবে তো হিরো মানে জাদুকর হতে খুব বেশি সময় লাগার কথা নয় তোমার। চলো, হিরো হওয়ার পরীক্ষায় বসে যাই আমরা—প্রদর্শন পদ্ধতিএকটি জাদু শেষ করে জাদুকর শুরু করলেন তাঁর পরের জাদুটি। টেবিলের ওপরে আগে থেকেই রাখা একটি বোতল তুলে নিলেন এক হাতে এবং অন্য হাতে তুলে নিলেন ফুট দুয়েক লম্বা একটি মোটা দড়ি। হাতে ধরা অবস্থায় বোতলটি উল্টে উপস্থিত দর্শকদের বোঝানোর চেষ্টা করলেন যে ব্যবহূত বোতলটি খালি এবং নেহাতই সাধারণ। এরপর বোতলটি জাদুকর নিজের বাঁ হাতের ওপর খাড়াভাবে রেখে অন্য হাতে সেই মোটা দড়িটির যেকোনো একটি প্রান্ত বোতলের মুখ দিয়ে বেশ খানিকটা ঢুকিয়ে দিলেন। এখন দড়ি সমেত বোতলটি উল্টে ধরলেন জাদুকর।অবাক ব্যাপার, দড়িটি অদৃশ্য কোনো জাদুবলে বোতালের মুখের সঙ্গেই আটকে আছে যেন! জাদুকরও করলেন কি, আরও একধাপ এগিয়ে গেলেন। ঝুলে থাকা দড়িটির অন্য প্রান্তটি ধরে ধীরে ধীরে এবার বোতলটি হাত থেকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসিয়ে দিলেন। বোতলটিও সেই অবস্থায় তেমনই দড়িটির ঢুকে থাকা একপ্রান্ত আটকে ঝুলে রইল। আর অবাক-বিস্ময়ে একদৃষ্টিতেই চেয়ে থাকল উপস্থিত দর্শকেরা।কেমন করেএ জাদুর ক্ষেত্রে কৌশল কিন্তু দুটো ভিন্ন জায়গায়। প্রথমত, বোতল নির্বাচনে তোমাকে গাঢ় রঙের কোনো বোতলই নির্বাচন করতে হবে, যেন বাইরে থেকে বোতলের ভেতরে কিছু দেখা না যায়। দ্বিতীয়ত, বোতলের ভেতর আগে থেকেই তোমাকে ঢুকিয়ে নিতে হবে বোতলের মুখের ব্যাস থেকে খানিকটা ছোট কোনো গোলাকারের বল কিংবা হাতের তৈরি গোলাকার কাপড়ের পুঁটলি; আর এই সঙ্গে প্রয়োজন হবে কমপক্ষে আধা ইঞ্চি ব্যাসের হাত দুয়েক লম্বা এক টুকরো দড়ি।পার্শ্বকথাবোতলের ভেতর দড়িটির একটি প্রান্ত ঢোকাও। ধীরে ধীরে দড়িসমেত বোতলটি উল্টে দাও তুমি। বোতলের ভেতর থাকা বলটি তাতে করে নিজে থেকে বেরিয়ে আসতে চাইবে বিধায় দড়ির সঙ্গে আটকে জ্যাম করে দেবে মুখটি। আর তাতে দড়িটি আপনা থেকেই ঝুলবে। এবার দড়িটি ধরে বোতলটি যখন ঝুলিয়ে দেবে—তখন বলটি কিন্তু আরও ভালোভাবে আটকে গিয়ে বোতলটিকে শূন্যে ভাসতে সাহায্য করবে।