ভূত আমার বন্ধু
আমি যখন ছোট ছিলাম, তখন আমি নাকি খুব ভিতু টাইপের ছিলাম। আমার শুধু মনে পড়ে, রাতের বেলা আমি টয়লেট করতে গেলে ঘুম থেকে কাউকে জাগিয়ে তুলতাম। অলস কাজের বুয়ারা আমাকে বাথরুম পর্যন্ত না নিয়ে গেলে মা-ই নিয়ে যেতেন। তবে এখনো আমি ভিতু। এই সেদিন, আপু একটা হরর মুভি দেখছিল লাইট নিভিয়ে। আমি সিনেমার নায়িকার আর্তনাদ শুনেই কয়েকবার চোখ বন্ধ করে ফেললাম। সুতরাং মুভিটা দেখা হলো না। এভাবে কয়েকবারই আমি ভূতের কাছ থেকে গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু সেই ভূতের সঙ্গেই যে আমার বন্ধুত্ব হবে, এটা আমি কখনোই ভাবিনি। একদম সত্যি। ঘটনাটা যেদিন ঘটেছিল, সেদিন ছিল বৃহস্পতিবার। এদিন আমি স্কুল থেকে ফিরে কোনো পড়ালেখা করি না। শুক্রবার ছুটি থাকে। তাই হাবিজাবি কাজ করি। যেমন: সেদিন রুমের দরজা আটকিয়ে লাউড ভলিউমে গান ছেড়ে পাগলের মতো নাচছিলাম। পাগলের মতো বললাম কারণ, আমি নাচের ‘ন’ও জানি না। আসলে ভলিউম বেশি জোরে হলে মা ঝাড়ি দিতে পারেন, এই ভেবে আমি যখন মুনওয়াক করতে করতে ভলিউমটা সামান্য কমিয়ে দিলাম, তখনই শুনলাম কে যেন হাসছে!রুমে আমি ছাড়া দুটি পুতুল আছে, একটি কালো গরিলা, আরেকটি ‘বাগস বানি’। কালো গরিলাটার হাসি হাসি মুখ দেখেই বুকটা ধক্ করে উঠল। হুমম... ওখান থেকেই হাসির আওয়াজ আসছে। চোখ বন্ধ করে আমি যখন কাঁপা কাঁপা হাতে পুতুলটা ওঠালাম, দেখি, আপুর মোবাইলটা গরিলাটার নিচে পড়ে আছে। আর তখনই হাসিটা বন্ধ হলো। ওহ! এটা মোবাইলের রিংটোন! আপুটা যে কী! এমন অট্টহাসি কারও রিংটোন হয়! যা-ই হোক, আপুকে ফোনটা দিয়ে বললাম, এমন রিংটোন যেন না দেয়, যেটাতে আমি ভয় পাই। আপু দেখি চুপ করে আছে। হঠাৎ বলল, ‘কই! আমি তো আমার রিংটোন চেঞ্জ করি নাই। তুই কল দিয়ে দেখ।’ আমি ল্যান্ডফোনে আপুর নম্বর ডায়াল করতেই বেজে উঠল ‘সোমিনা মিনা... ওয়াকা ওয়াকা-এ-এ-এ’। আল্লাহ! তাহলে এটা আমি কী শুনলাম? নিজের মনে প্রশ্ন করতেই দেখি, কালো গরিলাটা আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। তাহলে কী... নাহ! আর যা-ই হোক, আমাকে ব্যাপারটা ভুলে যেতে হবে। সাহস করে গরিলা পুতুলটাকে কোলে তুলে নিলাম। জানো, এখন প্রতি বৃহস্পতিবার আমি গরিলাটাকে নিয়ে পাগলের মতো নাচি। আমার তো মনে হয়, ও একটা ভূত! ওর মতো ভূত যার বন্ধু, সে আবার অন্য ভূতকে কেন ভয় পায়, সেটাও একটা বিষয়। তবে গরিলাটার মুখে বাসার কেউ আজ পর্যন্ত কোনো হাসি দেখেনি। সবাইকে আমি এটা জিজ্ঞেস করেছি। কিন্তু আমি নাচলেই যে ওর মুখে হাসি দেখতে পাই! আচ্ছা থাক... বললাম না। ব্যাপারটা আমি ভুলে যেতে চাই। হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা।