ভূত এসেছিল
বেশ ঝামেলায় পড়েছেন আঁকিয়ে। কয়দিন ধরে শরীর ভালো যাচ্ছে না তাঁর। ঝামেলা শুধু এই একটাই না। ঝামেলা আরও আছে।প্রচুর কাজ জমেছে আঁকিয়ের হাতে। তিনি যে পত্রিকায় কাজ করেন, সেখানকার কাজের চাপে অন্য কাজে হাত দিতে পারছিলেন না। তার ওপর গরমে হাঁসফাঁস অবস্থা। আর এই শহরটায় যেন একটু বেশিই গরম।গরম আর অফিসের কাজের ক্লান্তি মিলিয়ে বাসায় ফিরে একদম শরীর ছেড়ে দেয়। তখন অন্য কাজে কার মন বসে? তাই তো জমে থাকা কাজগুলোয় আজ হাত দিই, কাল হাত দিই করে ধরা হচ্ছিল না। এর মধ্যে আবার বেশ কয়েকদিন জ্বরে ভুগলেন।এসবে ভীষণ নাজুক অবস্থা আঁকিয়ের।এদিকে পড়ে থাকা কাজগুলোর জন্য প্রকাশকের রাত-দিন তাগিদ। প্রতিদিন সকাল-বিকেল দুবার ফোন করেন প্রকাশক সাহেব। কতগুলো ভূতের গল্প নিয়ে একটা বই বের করতে চাচ্ছেন তিনি। কয়দিন পরেই স্কুলগুলোয় গরমের ছুটি। এই সময়ে বইটা বাজারে ছাড়তে চান। আঁকিয়ে প্রতিটি ভূতের গল্পের ছবি এঁকে দেবেন। চমৎকার একটা প্রচ্ছদ করে দেবেন।কিন্তু অনেক দিন গড়িয়েছে, আঁকিয়ে কাজটাতে হাত দিতে পারছেন না।আজ সকালে প্রকাশক সাহেব ফোন করে অনেক আকুতি করে বলেছেন দুদিনের মধ্যে কাজটা শেষ করে দিতে। নইলে বইটা আর বাজারে দিয়ে লাভ হবে না।ব্যাপারটা আঁকিয়ের ভাবনাতেও কড়া নাড়ল। ভাবলেন, যেমন করে হোক দুই দিনের মধ্যে কাজটা শেষ করবেন। অফিস থেকে ফিরে সন্ধ্যায় বসলেই অনেকটা কাজ এগোবে। দরকার হলে একটু রাত জাগবেন। জ্বরের মধ্যে গল্পগুলো পড়ে রেখেছিলেন। এখন শুধু গল্প ধরে ধরে ছবিগুলো এঁকে ফেললেই চলবে।সন্ধ্যা থেকে কাজটা নিয়ে বসলেন আঁকিয়ে। রাতের খাবারে ডাক পড়ার আগ পর্যন্ত পাঁচটা গল্পের ছবি এঁকে ফেললেন। না, তেমন ক্লান্তি অনুভব করলেন না।খাওয়া শেষ করে খানিকক্ষণ বাসার সামনের খোলা জায়গায় হেঁটে এলেন আঁকিয়ে। তারপর আবার আঁকতে বসলেন।কাজ করতে করতে বেশ ঘুম পেয়ে গেল আঁকিয়ের। একটা গল্পের ছবি তখনো বাকি।আঁকিয়ে ভাবলেন—একটা গল্পই তো, সকালবেলা এঁকে ফেলা যাবে। তা ছাড়া এ গল্পটার ছবিটা ঠিক কেমন হবে, বুঝে উঠতে পারছেন না। গল্পটা যদিও পড়া আছে। আঁকিয়ে ভাবেন, ঘুমাতে ঘুমাতে গল্পের ছবিটা নিয়ে চিন্তা করা যাবে। নিশ্চয়ই একটা কিছু পেয়ে যাবেন। তারপর সকালে উঠে এঁকে ফেললেই চলবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন আঁকিয়ে। ঘুম আসবে না আবার? এক রাতের মধ্যে এতগুলো গল্পের ছবি আঁকা কি চাট্টিখানি কথা!মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আঁকিয়ের। ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন। ঘরে চোর-টোর ঢুকল না তো! ঘুমের মধ্যে অদ্ভুত সব শব্দ টের পাচ্ছিলেন আঁকিয়ে। তাই ঘুমটা ভেঙে গেল।আলো জ্বালিয়ে সারা ঘরে সূক্ষ্ম দৃষ্টি বোলালেন। মনের সন্দেহ থেকে ড্রয়িংরুমেও গেলেন। নাহ্, কোথাও কিছু চোখে পড়ল না। তাই নিজের ঘরে এসে এক গেলাস পানি খেয়ে আলোটা নিভিয়ে আবার শুয়ে পড়লেন।একটুক্ষণ পর আবার আগের অবস্থা হলো-ঘরটা কেঁপে কেঁপে উঠল। যেন ভূমিকম্প হচ্ছে! আঁকিয়ে এবার বেশ ভয় পেলেন। ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন। অমনি মনে হলো—কেউ যেন গভীরভাবে আষ্টেপৃষ্ঠে ধরল তাঁকে। অনুভূতিটা স্বাভাবিক মনে হলো না। যেন রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাঁকে, এমন অনুভূতি। এতটাই আষ্টেপৃষ্ঠে রেখেছে, মনে হলো তাঁর শরীরের হাড়গোড় যেন ভেঙেচুরে আসছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। ভয়ে চিৎকারও করতে পারছেন না। যেন শক্তি হারিয়ে ফেলেছেন। সব মিলিয়ে বেহাল অবস্থা। এমন সময় কারও কথা শুনতে পেলেন আঁকিয়ে! ভয়ে জড়সড় অবস্থা তাঁর। ঢোক গেলার মতো আঁকিয়ের গলা থেকে একটা মাত্র শব্দ বেরোল—‘কে?’অমনি আগের মতোই গম গম শব্দ হলো। ‘আমাকে চিনতে পারিসনি বোকা!’না। কে তুমি? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আঁকিয়ে।‘ভেবে দ্যাখ, চেনা যায় কি না।’আঁকিয়ে একটুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকা ছাড়া কী আর করার আছে তাঁর? কী আর ভেবে বের করবেন?শব্দটা আবার হলো, ‘কী, চিনতে পারছিস না, তাই তো?’অসহায় গলায় আঁকিয়ে বললেন, ‘না।’এবার যেন শব্দটা কাচের পাত্র ভাঙার মতো ঝনঝন করে বাজল, ‘না, একদম ভালো করিসনি। তোকে সময় দিলাম, ভেবে দ্যাখ। এই সময়ের মধ্যে ভেবে বের করতে না পারলে আমি আবার আসব।’একটুক্ষণ পর আঁকিয়ে টের পেলেন, নিজেকে বেশ স্বাভাবিক লাগছে তাঁর। একটু আগেও তাঁর মনে হচ্ছিল, কেউ যেন তাঁকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে! এখন আর তা মনে হচ্ছে না। আঁকিয়ে টেবিলের কাছে গেলেন। ছবি আঁকার কাগজ আর রং-তুলি ছড়িয়ে-ছিটিয়ে আছে টেবিলে। আঁকিয়ের কেন যেন মনে হলো শেষ ছবিটা আঁকতে পারবেন এখন। গল্পটার ছবি যেমন হওয়া উচিত, তেমন একটা ছবি তাঁর মগজে ভেসে বেড়াচ্ছে। ছবিটা আঁকতে শুরু করলেন। আবছা অন্ধকারে ছায়া ছায়া কিছু একটা দেখা যাচ্ছে। ছায়াটা কি ভূতের?হ্যাঁ, এখন বেশ আঁকতে পারছেন শেষ গল্পের ছবিটা। ছবি আঁকতে আঁকতে একটু আগের ঘটনা চোখে ভাসল আঁকিয়ের। তাঁর অবচেতন মন ভাবে, কাল রাতে কি ভূত এসেছিল? জীবনে আর কখনো এমন ভুতুড়ে পরিস্থিতির মুখোমুখি হননি আঁকিয়ে!