ভূতটা ওকে কিছু বলেনি, কারণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন বৈশাখী পূজার মেলা থেকে বাড়ি ফেরার সময় একটা ভূতের সামনে পড়ে ভীষণ ভয় পেয়েছিল তাপ্পু।মেলাফেরত লোকজনের পেছন-পেছন হাঁটছিল সে। হঠাৎ দেখল, ওদের একজনও নেই, যে যার পথে চলে গেছে। যখন টের পেল, তখন অনেক দূরে এসে পড়েছে। নিজের ওপর সাংঘাতিক রাগ হলো তার, কী দরকার ছিল এসব অ্যাডভেঞ্চারের?একটু এগোতেই একটি মুদির দোকান পাওয়া গেল। তাপ্পু দোকানির কাছে স্বর্ণকমলপুরে যাওয়ার রাস্তার কথা জিজ্ঞেস করল। দোকানি ভ্রু কুঁচকে বললেন, ‘সে তো অনেক দূর, বাপু। সামনে একটা বাজার পাইবেন, সেখান থেকে একটা ভ্যানগাড়ি নিয়া নেবেন, এত দূর হেঁইটে যেতে পারবেননি!’তাপ্পু হাঁটতে হাঁটতে বাজার অবধি এল; কিন্তু কোনো ভ্যানগাড়ি পেল না। রাত তখন আটটার মতো বেজে গিয়েছিল, ভয় করতে লাগল তাপ্পুর—শহরে ওঠার বড় রাস্তার আগেই বিশাল একটা খোলা মাঠ পড়ে, তার মাঝখানে একটা শ্মশানঘাট। ওখানে সাপখোক তো আছেই, আছে খ্যাঁকশিয়াল আর ভূত-প্রেত।ভয়ে ওর শরীর থেকে ঘাম ঝরতে লাগল, তবে ওর ভেতরকার অ্যাডভেঞ্চারের নেশাটা ওকে সাহস জোগাল। ঝোলা ব্যাগটা হাত থেকে কাঁধে চালান করে দিয়ে দুটো মোমবাতি আর এক বাক্স দেশলাই কিনল—আগুনের সামনে ভূত-প্রেত এগোনোর সাহস পায় না।রাত ১১টা নাগাদ তাপ্পু শ্মশানটার কাছে এসে পৌঁছাল। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তাপ্পু ভাবল, খ্যাঁকশিয়াল নয় তো? তাহলে একেবারে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলবে। ওর কাছে অবশ্য চাকু আছে একটা, স্প্রিং দেওয়া, টিপ দিলে ছট করে বেরিয়ে আসে। শিয়ালের পেটের ভেতরে একবার ঢোকাতে পারলে কম্মকাবার। তখনই হঠাৎ ওর মনে পড়ল ঝোলার ভেতর ওর মিনি টর্চটাও আছে। এবার টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগল। একটুখানি সামনে এগোতেই একটা ভূতের সামনে পড়ে গেল সে—তিনটে মানুষের সমান লম্বা, মাথাটা অসম্ভব বড় আর গোল, চোখগুলো বিশাল আকৃতির, তবে ঝকঝকে সাদা, ঠোঁট ভেদ করে বেরিয়ে এসেছে সরু সরু বেশ কটা দাঁত, বিরাট বিরাট সাদা চুল মাটি অবধি গড়াগড়ি খাচ্ছে।তবে মজার ব্যাপার, ভূতটার শরীরটা একবারে কাঠির মতো চিকন আর হাতে একটা নিকষ কালো রিভলবার। রীতিমতো আলট্রা মডার্ন ভূত। মানুষের মতো রিভলবার চালাতে পারে। এ ব্যাপারটায় তাপ্পু খুব ভয় পেল। কারণ, যন্ত্রটা ওর দিকে তাক করা। ভূতটার মুখ থেকে শোঁ শোঁ শব্দ বেরোচ্ছে। সেই সময় তাপ্পু লক্ষ করল, ভূতের পা দুটো মাটির ওপর দাঁড় করানো। ভূতদের পা থাকে শূন্যে। এই একটি লক্ষণ দেখেই সে ভাবার চেষ্টা করল, ওটা ভূত নাও হতে পারে। কিন্তু তাহলে কী ওটা? ভিনগ্রহের কোনো প্রাণী নয় তো? এই তো সেদিন সে একটা বিদেশি বইতে পড়েছে—চীন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার তিন নভোচারী মঙ্গল গ্রহে গিয়ে মানুষের মতো একটা প্রাণীর দেখা পেয়েছিলেন। প্রাণীটি ছিল খুব নিরীহ প্রকৃতির। সে নভোচারীদের সঙ্গে কথাও বলেছিল। নভোচারীরা তো প্রথমে ওকে মেরেই ফেলতে চেয়েছিলেন; কিন্তু যখন দেখলেন প্রাণীটি নেহাতই গোবেচারা, তখন তাঁরা মত বদলেছিলেন।তাপ্পু ভাবল, এটা কি তাহলে ওই ধরনের কোনো প্রাণী? ভূতটা শরীর বাঁকিয়ে তাপ্পুর দিকে এগিয়ে আসতে চাইছে। এবার ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হলো তাপ্পুর। তখন ওর খালাতো ভাই রুম্মনের একটা কথা মনে পড়ল তাপ্পুর—কোনো অবস্থাতেই সেন্স হারানো চলবে না, সেন্সলেস হওয়া মানেই তোমার বারোটা বেজে যাওয়া...।ভূতটা যেখানে দাঁড়িয়েছিল, ওখানেই দাঁড়িয়ে আছে, তাকে কিচ্ছু বলছে না। ভূতের এই নীরবতায় তাপ্পুর সাহস গেল বেড়ে। একটুখানি এগিয়ে গিয়ে সে ভূতের মাথার ওপর টর্চের আলো ফেলল।দেখল, চমৎকার করে বানানো বড়সড় একটা কাকতাড়ুয়া। সব রেখে রিভলবারের রহস্যটা বের করতে চাইল তাপ্পু। দেখল কাকতাড়ুয়ার হাতে বাঁকানো দুটো গাছের ডাল শক্ত করে বাঁধা—অনেকটা গুলতির বাঁটের মতো।তাপ্পুর চোখে পড়ল একটু দূরেই স্বর্ণকমলপুর শহরের প্রধান সড়কের নিয়ন বাতি দুধের মতো সাদা আলো ছড়াচ্ছে। সে দ্রুত হাঁটতে লাগল। এত রাতেও ফেরেনি বলে ওদের বাড়িতে নির্ঘাৎ লঙ্কাকাণ্ড বেধে গেছে!