ভূতের বাড়ি
একটি পরিবার। শহরে থাকে। মা-বাবা, ভাইবোন মিলে ছোট্ট একটি পরিবার। মেয়েটির নাম পূর্ণতা, তার বয়স ১০, ছেলেটির নাম প্রচ্ছদ, তার বয়স ৩। তাদের মা-বাবা অনেক দিন ধরে ফ্ল্যাট খুঁজছেন। খুঁজতে খুঁজতে একদিন একটি বাসা পেয়ে গেলেন। দাম কম, সুন্দর বাসা। বাসাটি খুব বড়। বাসাটির সামনে খুব সুন্দর বাগান। কিন্তু একটি সমস্যা হলো, বাসাটি অনেকটা জঙ্গলের মধ্যে এবং তার আশপাশে আর কোনো বাসা নেই। প্রথমে মা নিতে রাজি হননি, কিন্তু বাবার কথায় শেষমেশ মা বাসা নিতে রাজি হয়ে গেলেন। ফ্ল্যাট নেওয়ার দুই দিন পরই তারা উঠে গেল। তারপর দুই দিন গেল বাসা গোছাতে। রাতে সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎ করে পূর্ণতার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল, কে যেন নূপুর পায়ে নাচছে। শব্দটা খুবই কাছ থেকে আসছে। তাদের ফ্ল্যাটটি দোতলায়। নিচতলায় থাকে অন্য পরিবার এবং দোতলায় থাকে তারা। সুতরাং, নূপুরের শব্দ তাদের বাসা থেকে আসছে। নূপুরের শব্দে মা ও বাবাও উঠে গেছেন। মা উঠে দেখতে গেলেন কোথা থেকে নূপুরের শব্দ আসছে। মা দেখেন গেস্টরুমের দরজা বন্ধ এবং ওখান থেকে নূপুরের শব্দ আসছে। মা দরজা খোলার অনেক চেষ্টা করলেন। খুলতে না পেরে বাবাকে ডাক দিলেন, বাবা এলেন চাবি নিয়ে। তারপর চাবি দিয়ে খুলে দেখলেন সব স্বাভাবিক। সুন্দর দখিনা বাতাস আসছে। এভাবে প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকে। মা এ সমস্যার কথা নিচতলার পরিবারকে বললেন। কিন্তু তারা বলল যে তাদের এ ধরনের কোনো সমস্যা হয় না। মা-বাবা অনেক চিন্তায় পড়ে গেলেন, কী করা যায়। শেষে সমাধান না পেয়ে ঠিক করলেন অন্য কোনো ফ্ল্যাটে উঠবেন। এবং এটি বেচে দেবেন। যেদিন তাঁরা ফ্ল্যাট দেখতে বেরোবেন, সেদিন প্রচ্ছদের খুব জ্বর হলো। তাই মা-বাবা তাদের দুজনকে বাসায় বুয়ার কাছে রেখে গেলেন। মা-বাবার ফ্ল্যাট দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। এদিকে দুপুরের দিকে বুয়া বলল, ‘আমি বরং দোকানে পান আনতে যাই।’ তারা ছোট দুই ভাইবোন কিছু না বুঝেই বলল, ‘যাও।’ তাদের আর খেয়াল নেই যে তারা বাসায় একা। যা হোক, বুয়া পান আনতে গেল। পূর্ণতা আর প্রচ্ছদ টিভিতে কার্টুন দেখতে লাগল। মা গেস্টরুমের দরজা বন্ধ করে গেছেন, যাতে কেউ সেখানে যেতে না পারে। কিছুক্ষণ পর মা ফোন করে জিজ্ঞেস করলেন, ‘তোমরা কী করছ?’ তখন প্রচ্ছদ ফোন ধরে বলল, তারা টিভি দেখছে, আর বুয়া পান আনতে গেছে। মা বললেন, ‘তার মানে তোমরা বাসায় একা।’ এই বলে মা কেঁদে ফেললেন। বললেন, ‘তোমরা ভয় পেয়ো না। আমরা এখনই আসছি। মায়ের সঙ্গে কথা শেষ হওয়ার পর হঠাৎ একটা দমকা বাতাস বইল এবং গেস্টরুমের দরজা খুলে গেল। প্রচ্ছদ দৌড়ে গেস্টরুমের ভেতরে গেল। পূর্ণতার টিভি বন্ধ করতে সময় লাগল। তারপর সেও প্রচ্ছদের পিছু পিছু দৌড় দিল। কিন্তু তার ভাই ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। সে আর ভেতরে ঢুকতে পারল না। পূর্ণতা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। আধা ঘণ্টা পর মা এসে দেখলেন, পূর্ণতা গেস্টরুমের দরজার সামনে পড়ে আছে। মায়ের ধারণা ছিল না যে প্রচ্ছদ গেস্টরুমের ভেতরে। কিছুক্ষণ পর যখন পূর্ণতার জ্ঞান ফিরল, তখন সে সব কথা বলল। মা সব শুনে চিৎকার করে কেঁদে উঠলেন। বাবা মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ফেললেন। দরজা খুলে দেখা গেল, মেঝে রক্তে লাল হয়ে আছে আর প্রচ্ছদ তার পাশেই পড়ে আছে। মা-বাবা প্রচ্ছদকে হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু চিকিৎসক জানালেন, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে আর বাঁচানো যাবে না। এ ঘটনার দুই দিন পর প্রচ্ছদ মারা গেল। মা-বাবা পরে জানতে পারলেন তারা যেখানে থাকেন, সেখানে আগে একটি পরিবার বাস করত, যাদের একটি মেয়ে ছিল। মেয়েটি নাচতে খুব পছন্দ করত। পরে এখানে একদিন ডাকাতি হয়। ডাকাতেরা মেয়েটিকে মেরে ফেলে। তার পর থেকে মেয়েটির আত্মা এখানে ঘুরে বেড়ায়, মা-বাবা পরে ফ্ল্যাটটি বেচে নতুন একটি ফ্ল্যাটে ওঠেন। পঞ্চম শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল