ভোম্বলদাসের কৈলাস যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম

সিংহীর মামা ভোম্বলদাস নেহাত সেকালের জানোয়ার; রাজকার্য চালাবার মতো বুদ্ধিও তার ছিল না। গায়ের জোর যে খুব ছিল, তা–ও নয়; খোশমেজাজে সেজেগুজে সিংহাসনে বসে আয়েস আর আমোদ–আহ্লাদ করতেই তার জন্ম হয়েছিল। রাজকর্ম করবার নাম শুনলে তার জ্বর আসত—লড়াই করা তো দূরের কথা। কিন্তু দেশ–বিদেশের সবাই তাকে খুব মস্ত রাজা বলেই জানত। সবাই বলত, ‘সিংহীর মামা ভোম্বলদাস, বাঘ মেরেছে গণ্ডা দশ।’

যে ভোম্বলদাস ঘরের কোণে আরশোলা উড়লে জলে ঝাঁপিয়ে পড়তে যায়, সে কেমন করে দশ গণ্ডা বাঘ মারল? ভোম্বলদাসের একটি মস্ত গুণ ছিল; সেটি হচ্ছে মন্ত্রী বেছে নেবার। দেখে দেখে তিনি শিয়াল পণ্ডিতকে আপনার প্রধানমন্ত্রী করে নিয়েছিলেন; আর তারই পরামর্শে দশ গণ্ডার চেয়েও ঢের বেশি বাঘ মেরে তিনি পশুদের মধ্যে একচ্ছত্র রাজা হয়ে সুখে দিন কাটাচ্ছিলেন।

কিন্তু কপাল! বনের যত জোরোয়ার জানোয়ার দেশের চারদিকে সুখশান্তি দেখে ক্রমে বিরক্ত হয়ে উঠল। তারা কোথাও একটা লড়াই বাধিয়ে খানিক হাঁকাহাঁকি দাপাদাপি মাথা ফাটাফাটি করতে ভোম্বলদাসকে ধরে পড়ল। ভোম্বলদাস শিয়ালের সঙ্গে যুক্তি করে বললেন, ‘আমার শত্রু যারা ছিল, সব তো যমের বাড়ি পাঠিয়েছি; লড়াই হবে কার সঙ্গে?’

দুষ্টু জানোয়ার, তারা আগে হতেই সড় করে এসেছিল, তারা পিঁপড়েদের খুদে শহরের ওপর চড়াও হয়ে লড়াই দেবার জন্য অনুরোধ করবে। শিয়াল পণ্ডিত বললেন, ‘এমন কাজ কোরো না! তারা দেখতে ছোট কিন্তু কামড়ালে আর রক্ষে নেই!’

সবাই হেসে শিয়ালের কথা উড়িয়ে দিলে। লড়াই বাধল। জীবনের মধ্যে ভোম্বলদাস এই এক ভুল করলেন—বুদ্ধিমানের কথা ঠেলে, গায়ের জোরের মান রাখতে গেলেন। তার ফলো ফলতে দেরি হলো না। লড়াই তো যেমন হবার হলো, কিন্তু খুদে শহরের একটি ইটও কেউ খসাতে পারল না। উল্টো সিংহীর মামা ভোম্বলদাস বুড়ো বয়সে হাতে–মুখে, নাকে–চোখে, কানে–লেজে,

বুকে–পিঠে, পেটে এমন কামড় খেলেন যে সর্বাঙ্গ ফুলে ঢোল! না পারেন চলতে, না পারেন বলতে। খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই, কাজে মন দিতে গেলে মাথা ঘোরে; জানোয়ারদের মুলুকে রাজকার্য অচল হলো। শিয়াল পণ্ডিত মাথায় হাত দিয়ে পড়লেন। বাঘা–কোটাল, ভালুক–মন্ত্রী এমনি সব রাজার বড় বড় আমির–ওমরা গো–বদ্যিকে ডেকে রাজার চিকিৎসার সুবন্দোবস্ত করতে লাগলেন, কিন্তু ঘুঁটে–ভস্ম, গোবর–প্রলেপ—এসবে কিছুই হলো না। তখন বকধার্মিক এসে ভোম্বলদাস মহারাজকে কৈলাস করবার ব্যবস্থা দিলেন। মহারাজও ভাগনে সিংহকে রাজ্যের ভার দিয়ে কিছুদিনের জন্য কৈলাসের দিকে রওনা হতে প্রস্তুত হয়ে বললেন, ‘আমি তো চলৎশক্তিরহিত, আমাকে কেউ যদি রেখে আসে তো কৈলাসে যাওয়া ঘটে—নচেৎ উপায় নাস্তি!’

বকধার্মিককে রাজার সঙ্গে যাবার জন্য নিমন্ত্রণ দেওয়া হলো। কিন্তু কৈলাসে দুরন্ত শীত, তার ওপর সেখানে মাছ খাওয়া নিষেধ, কাজেই বকা পেছালেন। তিনি গেলে পশুদের ধর্মকথা শোনায় কে? বাঘা–কোটালেরও ওই একই কথা। তিনি না থাকলে গৃহস্থের গরু–জরু সামলায় কে? ভালুক–মন্ত্রী যেতে পারতেন, কিন্তু নতুন রাজা। সিংহকে নিয়ে রাজকার্য চালাবার জন্য সদের থাকা তাঁর বিশেষ দরকার। কাজেই তাঁরও যাওয়া হয় না। শিয়াল পণ্ডিতকে রাজা বললেন, ‘পণ্ডিত, তুমি কী বলো?’ পণ্ডিত কী জানি কী ভেবে বললেন, ‘জানোয়ারদের দেশে গায়ের জোরের চর্চাই দেখছি বেশি, বুদ্ধির চাষ কম, সুতরাং এ রাজ্য থেকে আমি চলে গেলে কোনো কাজই আটকাবে না। গর্দভ রইলেন পাঠশালাগুলোর তদারক করতে। আমি মহারাজকে সশরীর কৈলাসে পৌঁছে দিয়ে আসি।’

রাজা খুশি হয়ে শিয়ালকে কৈলাস–যাত্রার আয়োজন করতে তখন হুকুম দিয়ে সভা ভঙ্গ করলেন।

(অবনীন্দ্রনাথ ঠাকুরের একে তিন তিনে এক বই থেকে)