ভোরের অপেক্ষায়
অন্ত ভয়ে-আতঙ্কে কাঁপছিল তার বাবার হাত আঁকড়ে ধরে। ছেলেকে সাহস দিলেও অন্তর বাবার মুখ চিন্তাচ্ছন্ন, মলিন। কী ঘটতে যাচ্ছে সেটি অনুমান করার সাধ্য নেই। তবু ছেলের মাথায় হাত রেখে বলেন, ‘ভয় নেই। সব ঠিক হয়ে যাবে আবার।’ কিন্তু এসব সান্ত্বনায় কাজ হয় না। তিন বোনসহ তার মা গ্রামে চলে যাওয়ার দিনও এমনিভাবে মুষড়ে পড়া কাতর অন্তকে প্রবোধ দিয়েও কাজ হয়নি। ছলছল চোখে তার অভিযোগ ছিল, ‘বাবা, কেন তুমি যেতে চাও না আমাদের সঙ্গে?’ যেখানে জন্ম, কেটেছে সারা জীবন, সেই বাড়ি ফেলে তিনি কোত্থাও নড়বেন না। তাই শেষে অসুস্থ মানুষটাকে একা রেখে অন্তও যেতে চায় না। খুব চিন্তা নিয়েই অন্তর মা গিয়েছেন সেদিন তাদের রেখে। এখন এই এত বড় প্রাচীন বাড়িতে তারা দুজন মাত্র। পঁচিশে মার্চের কালরাত্রির পর সারা দেশেই এখন আতঙ্ক, ভয়। কখন কোন বিপদ হয়—এই চিন্তা নিয়েই মানুষের দিন কাটছে। বাইরে নিরাপদ আশ্রয়ের আশায় শহর ছেড়েছে অনেক মানুষ। তবে আনন্দহীন, নিষ্প্রাণ, অস্বাভাবিক শহরে তাদের মতো নিরুপায় বহুজনই থেকে গিয়েছে নানা কারণে। ভৌতিক শহরে এখন সন্ধ্যাবেলাতেই নামে গভীর রাত্রির সুনসান নীরবতা। হু হু বাতাস একলা বয়ে যায়। আজ অবশ্য নিস্তব্ধতা ছাপিয়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। আশপাশের শহরগুলোতে পাকিস্তানি মিলিটারি ঢুকে যাকে খুশি তাকে মেরে ফেলছে। জ্বালিয়ে-পুড়িয়ে, লুট করে বিভীষিকা সৃষ্টি করছে। এই শহরেও এল বলে! এমন ভয় তো ছিলই। আজ সেটা সত্যি হতে যাচ্ছে। দূরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের লেলিহান শিখার সঙ্গে ক্রমাগত মেশিনগানের গুলির শব্দে বুঝতে বাকি নেই অন্তরও। ছোট মানুষ হলেও এসব বোঝে সে। ভয় পায় অন্ত। ভীষণ ভয়ে তার কচি মুখ শুকিয়ে আমসি। আর্মি অপারেশন হবে—এই খবরে আজও অনেকেই শহর ছেড়েছে। কিন্তু অন্তর বাবা তাঁর সিদ্ধান্তে হিমালয়ের মতোই অনড়, অটল। তবে আজ এই অবস্থায় তিনি নিরাপত্তার কথা ভেবে বাড়িতে মস্ত তালা ঝুলিয়ে ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছেন বাগানের এক কোণে। বড় বড় গাছের আড়ালে দাঁড়ানো টিনের ছোট্ট ঘরে। যে ঘরে ছাদসমান উঁচু চুলো জ্বালানোর লাকড়ি, পাটকাঠি, খড়ের স্তূপ। সেগুলোর পেছনে থাকলে সহজে বোঝারও উপায় নেই। তবু সেখানের গাঢ় আঁধারে দাঁড়ানো অন্ত তার বাবার হাত ধরে কাঁপতে থাকে। এত সবের মধ্যেও তার আফসোস জাগে, কেন সে এত ছোট যে মুক্তিযোদ্ধা হতে পারছে না। আর তার বাবাও বয়স্ক, অসুস্থ বলে মুক্তিযুদ্ধে যেতে পারেননি। তাদের চেনা এ শহরের কতজন চলে গেছেন সীমান্তের ওপারে মুক্তিযোদ্ধা হবেন বলে। তবে মনে মনে তারা অসমসাহসী যোদ্ধাদের ভালোবাসে। বিনম্র শ্রদ্ধায় সালাম জানায় মুক্তিকামী মানুষ আর বীর মুক্তিযোদ্ধাদের, দুর্দান্ত সাহসে যাঁরা ঝাঁপিয়ে পড়েছেন এ দেশকে স্বাধীন করতে। একইভাবে আকাশছোঁয়া ঘৃণা, ধিক্কার দেয় খানসেনা, নরপশুদের, যারা নির্বিচারে খুন করছে এই দেশের অগুনতি মানুষকে। তাঁদের বুকের লাল রক্তে রঞ্জিত সবুজ ঘাসে ঢাকা এই সোনার দেশের শ্যামল মাটি। বুকের মধ্যে লুকানো লাল-সবুজের প্রিয় পতাকা আবার ওড়ানোর সেই দিনে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা জাগে অন্তর মনে। এখন আজকের এই মহাদুর্যোগ থেকে যদি তারা রক্ষা পায়, তবে তো সেই দিন আসতে পারে। আজ যদি তারা গ্রামে থাকত, হয়তো এমনটি হতো না। কিন্তু তারা ঠিকই গ্রামেও ধ্বংসলীলা চালাবে। তখন গাঁয়ের মানুষ কোথায় আশ্রয় নিয়ে বাঁচবে ভেবে পায় না সে। মা-বোনদের জন্য এ মুহূর্তে প্রবল কষ্টে মুষড়ে ওঠে অন্তর হূদয়। চোখ ভরে যায় পানিতে। যদি তাদের কাছে চলে যেতে পারত! কিন্তু কোথাও যাওয়ার সময় বা পথ এখন আর নেই। খুবই কাছে চলে এসেছে গোলাগুলির বীভৎস শব্দ। মুহুর্মুহু গর্জে উঠছে তাদের মেশিনগানসহ অন্য ভয়াবহ সব মারণাস্ত্র। টিনের দেয়ালের ছোট্ট দুটি ফুটোতে চোখ রাখেন বাবা-ছেলে দুজনই। ভয়ে-আতঙ্কে শিউরে ওঠে সঙ্গে সঙ্গেই। মাত্র ৪০-৫০ গজ দূরে প্রধান সড়কভর্তি শত শত ট্রাকভর্তি হাজার হাজার শত্রুসেনা নিষ্ঠুর আনন্দে গুলি ছুড়ছে এলোপাতাড়ি। কালো ধোঁয়ায় আচ্ছন্ন এ শহরের অতিপ্রিয় আপন নীল আকাশ। এবার আরও ভয় পায় ছোট মানুষ অন্ত। ওরা ভেতরে ঢুকে পড়লে কী হবে? তবে কি স্বাধীনতার বিশাল আনন্দের স্পর্শ থেকে তারা দুজন বঞ্চিত হবে? ডুকরে ওঠে সে, ‘বাবা, কী হবে এখন?’ এ প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য নেই তাঁর। তবু ছেলের মাথায় মমতা স্পর্শ রাখেন তিনি। ‘এখন আমরা গভীর রাত্রির অন্ধকারে, অন্ত। আমরা রয়েছি ভোরের অপেক্ষায়। অনাগত ভোর।’ অন্তর জানা আছে পরের কথাগুলো। রাত্রি যত গভীর হয়, ভোর তত নিকটবর্তী হতে থাকে। অন্ত তার গত ইংরেজি পরীক্ষায় ‘ডন’ দিয়ে বাক্য রচনায় লিখেছিল, ‘ইট বিকামস ডার্কনেস বিফোর ডন।’ বাবা ‘ডন’ দিয়ে এটিই শিখিয়েছিলেন। সে কথাটিই এখন তার বিশ্বাস করতে ভালো লাগছে। গভীর রাত্রির কালো আঁধার ফুঁড়ে ভোরের টুকটুকে লাল সূর্য নিশ্চয়ই একেবারে কাছে। এই পরম সত্য বুকে নিয়ে অসমসাহস সঞ্চয় করে অন্ত ভোরের প্রত্যাশায়।