ভয় ভয় লাগে!

টপ টপ করে পানি পড়ার শব্দ, ঘড়ির কাঁটার টিকটিক কিংবা আলনায় ঝোলানো শার্টের ছায়া—রাতের অন্ধকারে সবই কেমন রহস্যময় লাগে, তাই না? হুট করে যদি ঘুম ভেঙেই যায়, রাজ্যের ভূতের গল্প আর ভৌতিক সিনেমার দৃশ্য কেন যেন তখনই মনে পড়ে। ভয়ে ঘুমও আসতে চায় না। কী করা যায় তখন?
খুব যদি ভয় লাগে, তোমার ঘরের সামনে একটা উজ্জ্বল আলো জ্বালিয়ে রেখে ঘরের দরজাটা আধখোলা রাখতে পারো। মাথার কাছে রাখতে পারো একটা ছোট্ট টর্চলাইট। হয়তো মাঝরাতে মনে হলো, জানালার কাছে একটা ভূতের হাত দেখা যাচ্ছে! চট করে টর্চের আলো ফেলে দেখে নাও—আরে, এ তো একটা গাছের ডাল! ঘুমানোর আগে মজার গল্পের বই পড়তে পারো বা মজার সিনেমা দেখতে পারো। ওই সময় ভূতের বই পড়লে বা ভয়ের সিনেমা দেখলে মনের মধ্যে সেই জিনিসটাই রয়ে যেতে পারে। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো! ভালো কথা, তোমার কোনো পোষা বিড়াল আছে? তাহলে রাতে ওকে তোমার ঘরে রাখার ব্যবস্থা করে নিতে পারো। একলা লাগলে না হয় ওর সঙ্গেই একটু কথা বলো।
আরও কিছু পরামর্শ দিয়েছেন ঢাকার শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিশু মনোবিজ্ঞানী নার্সিস রহমান। তিনি বললেন, নিজের আঁকা ছবি দিয়ে যদি সাজিয়ে নাও ঘরের একটা দেয়াল, সেই ঘরে দিন বা রাত কোনো সময়ই থাকতে খারাপ লাগবে না। ঘরের এক পাশে রাখতে পারো পছন্দের খেলনা বা পুতুল। কাগজ কেটে মজার কিছু জিনিস তৈরি করে সেগুলো দিয়েও সাজাতে পারো। তোমারই তো পৃথিবী, তাই না? যতক্ষণই ওখানে থাকো, তুমিই তো সেই রাজ্যের রাজা!
ঘুম ভেঙে হঠাৎ দেখলে ঘরের পর্দাটা নড়ছে। কী ভাবছ? কেউ নাড়াচ্ছে পর্দাটা! তুমিই ভেবে দেখো, সমুদ্রের পাড়ে যেমন প্রচণ্ড বাতাসে পতাকা বা কোনো কাপড় উড়তে পারে, ঠিক তেমনভাবেই পর্দা নড়ছে বাতাসের কারণে। অন্য কেউ নাড়াচ্ছে না। ঘরে কোনো ছায়া নড়তে দেখে হয়তো অস্বস্তি লাগছে তোমার। একটু ভালোমতো ভাবলেই বুঝতে পারবে বাইরের মানুষ বা অন্য কিছুর ছায়া নয়, সেটি আসলে ঘরের ভেতরকার কোনো জিনিসের ছায়া।
হালকা আলোয় এই ঘটনাগুলোকেই একটা গল্পের মতো করে ভাবতে পারো তুমি। গল্পটা পরদিন সকালে তোমার বন্ধুকে বলো অথবা ঠিক সেই মুহূর্তেই তোমার পোষা বিড়াল কিংবা খেলার পুতুলটাকে পুরো ব্যাপারটা গল্পের মতো করে বলে ফেল। তুমিই ওদের চোখ বড় বড় করে বলো, ‘দেখো, ওখানে একটা মানুষ আছে মনে হচ্ছে, আসলে কিছুই নেই!’
তার পরও যদি একটু বেশি খারাপ লাগে, তখন নাহয় যেয়ো মায়ের কাছে।