মজার প্রাণী ডলফিন

পৃথিবীতে মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, তা তো আমরা জানি। কিন্তু মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? এই তো কিছুদিন হলো গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করছেন, মানুষের পর ডলফিনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী! এ নিয়ে অবশ্য বিতর্কও আছে। কয়েকজন বিজ্ঞানী বলছেন, ‘প্রাণীটির হাসি-হাসি মুখ দেখে আমরা বিভ্রান্ত হচ্ছি!’ সে তর্কে আমরা না-ই গেলাম, কিন্তু নিঃসন্দেহে পানিতে দাপাদাপি করে বেড়ানো প্রাণীটি বেশ মজার!
ডলফিন কিন্তু কোনো মাছ নয়, এরা স্তন্যপায়ী। ধারণা করা হয়, একসময় ডলফিন ডাঙায় বাস করত। পরবর্তী সময়ে ডাঙায় প্রতিকূল পরিবেশ আর জলে খাদ্যের প্রাচুর্য দেখে এরা পানির সঙ্গেই খাপ খাইয়ে নিয়েছে।
পৃথিবীতে অনেক প্রজাতির ডলফিন আছে। এদের মধ্যে বোতলমুখো ডলফিন, গোলাপি ডলফিন, স্পিনার ডলফিন ও পরপয়েজ উল্লেখযোগ্য। আমাদের দেশে দেখা যায় ডলফিনেরই এক প্রজাতি—শুশুক। আগে পদ্মা, মেঘনা, শীতলক্ষ্মাসহ বিভিন্ন নদ-নদীতে এদের প্রায়ই দেখা যেত। নদীদূষণ, পানিতে পর্যাপ্ত খাবারের অভাব, আরো নানা কারণে এদের এখন আর খুব একটা দেখা যায় না। তবে কর্ণফুলী আর সমুদ্র উপকূলবর্তী নদীগুলোয় এখনো শুশুকের দেখা মেলে।
এবার ডলফিনের বুদ্ধির কথা বলি, শোনো। পথহারা নাবিকেরা ডলফিন দেখেই লোকালয়ের সন্ধান পান। কারণ, ডলফিন মানুষের আশপাশে থাকতে পছন্দ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের সঙ্গে এরা আরও বেশি বন্ধুসুলভ আচরণ করে। মানুষের মধ্যে ছেলে, মেয়ে বা শিশু শনাক্ত করার মতো বুদ্ধিও ডলফিনের আছে। এরা অনুকরণপ্রিয়, বিভিন্ন অঙ্গভঙ্গি বা আকার-ইঙ্গিত বুঝতে পারে বলে অনেক দেশে ওশেনরিয়াম বা ওয়াটার পার্কে ডলফিনের মজার মজার খেলা দেখানো হয়। এ ছাড়া সমুদ্রে অনেক সময় মাছ ধরার কাজেও জেলেরা ডলফিনের সাহায্য নেন। বুদ্ধিমান প্রাণীটি মাছের ঝাঁককে তাড়া করে জেলের জালের দিকে নিয়ে যায়। ডুবন্ত নাবিকদের ডলফিন তীরে পৌঁছে দিয়েছে, এমন ঘটনাও শোনা যায়।
বেশির ভাগ ডলফিনের প্রজাতিই সমাজবদ্ধ হয়ে থাকে। একসঙ্গে সাঁতার কাটে, একসঙ্গে শিকার করে। সাধারণত ছোট মাছ, স্কুইড আর অক্টোপাসই এদের প্রধান খাদ্য। বাচ্চা ডলফিনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের সঙ্গেই থাকে। এরপর শিকারে অভ্যস্ত হলে আলাদা হয়ে যায়। ডলফিন দুর্দান্ত শিকারিও! এদের মধ্যে কিলার হোয়েল প্রজাতির ডলফিনের কথা না বললেই নয়। সামুদ্রিক সিল কিংবা পেঙ্গুইন শিকারের সময় এরা প্রায় তিন মিটার উঁচুতে লাফ দিতে পারে।
দুঃখের ব্যাপার হলো, মজার আর উপকারী এই প্রাণীটির সংখ্যা দিনে দিনে কমছে। পানিদূষণ, অধিক পরিমাণে মাছ আহরণ তো আছেই, প্রতিবছর বড় বড় জাহাজের ধাক্কায়ও প্রচুর ডলফিন মারা যাচ্ছে। মানুষের এই বন্ধুটিকে বাঁচাতে হলে সবার সচেতন হওয়া জরুরি।
মুনাব্বির হাসান