মজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম

মজার লড়াই

বিনয় বর্মন

গ্রীষ্মকালে দৃশ্য মজার, আম-কাঁঠালের যুদ্ধ

ফলবাগানে জড়ো হলো মানুষ পাড়াসুদ্ধ।

কাঁঠাল বলে, কাঁটায় ভরা শরীর আমার মস্ত

আজকে তোকে আচ্ছামতো করব অপদস্ত।

আম বলে, তোর বিশাল দেহে থাক না যত শক্তি

আমার কী স্বাদ জানলে কি আর আবোলতাবোল বকতি!

খেপে গিয়ে কাঁঠাল বলে, দেখ রে তবে চ্যাংড়া!

শক্ত কাঁটার গুঁতো খেয়ে আম হয়ে যায় ল্যাংড়া।

ল্যাংড়া বটে, কিন্তু সে আম আহ্‌ কী দারুণ মিষ্টি

যুদ্ধে হেরেও আম বিজয়ী; আম যে সেরা সৃষ্টি।

প্রজাপতির পাখা

শঙ্খশুভ্র পাত্র

রং-তুলিতে আঁকল মেয়ে প্রজাপতির পাখা,

ফুল বলল, ভুল করিনি, আমার দিকে তাকা।

এই আনন্দে গাছও দেখি দুলিয়ে দিল শাখা,

পাখি ডাকল কিচিরমিচির, খুশিতে সুর মাখা।

নদী বলল, আমায় আঁকো একটু আঁকাবাঁকা,

বন বলল, বাড়ির পাশে আমারও চাই থাকা,

পথ বলল, আমিও আছি ধুলোয় পুরো ঢাকা।

মাঠ বলল, আমায় আঁকো, দুপুর করে খাঁ খাঁ,

গান শুনিয়ে বাগান বলে, জায়গা আমার পাকা,

হাওয়া বলল, সব তো হলো, আমার বেলায় ফাঁকা?