মন খারাপের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপের একটা ঘর আছে। মন খারাপ অনেকক্ষণ থাকে এই ঘরে। আর গান গায়। কী গান গায়? মন খারাপের চোটে গান গায়—‘আমরা থাকি ওরেমন খারাপের ঘরেএকটু একটু মন ভালো হয়বৃষ্টি যখন পড়ে...’বৃষ্টি যখন পড়ে! কিন্তু বৃষ্টি পড়ে না অনেক দিন। অনেক দিন, অনেক দিন। তারা গান গায়। শুধু গান গায়—একটু একটু মন ভালো হয়‘বৃষ্টি যখন পড়ে...আমরা থাকি ওরেমন খারাপের ঘরে...’কিন্তু বৃষ্টি আর হয় না।দুই ফোঁটা না! এক ফোঁটা না!মেঘই হয় না, আর বৃষ্টি!মন খারাপের ঘরের বাসিন্দাদের মনও তাই একটু একটু ভালো হয় না। এই সময় একটা লোক আসে একদিন। মন খারাপের ঘরের দরজায় দেখা যায়। মেঘের আলখাল্লা পরা সে লোকটা। তার চোখের মণিতে মেঘ ওড়ে, দেখা যায়। বলে, ‘আমি হই বৃষ্টিওয়ালা।’‘বৃষ্টিওয়ালা!’ তারা আশ্চর্য।লোকটা কেমন লাজুক মনে হয়, ‘এই আরকি। বৃষ্টির হিসাব-নিকাশ রাখি আরকি। গান শুনলাম, শুনে ভাবলাম...’‘কী ভাবলে? কী ভাবলে?’‘ভাবলাম, আপনারা খুবই ভালো গান গান।’এই কথা! তারা আরও মনে করেছিল কী, বৃষ্টিওয়ালা যখন, বৃষ্টির কথাই সে বলবে। তা না, ‘ভালো গান গান!’ তারা ভালো গায়, তারা জানে। সার্টিফিকেট দিতে হবে না কাউকে। সে তুমি বৃষ্টিওয়ালাই হও, আর রৌদ্রওয়ালাই হও!তাদের মনের কথা বুঝতে পারল লোকটা। বলল, ‘আচ্ছা।’‘আচ্ছা মানে! আচ্ছা মানে কী?’‘বৃষ্টি হলে আপনাদের তাহলে একটু একটু মন ভালো হবে?’‘তা তো হবেই! তা তো হবেই!’‘একটু? একটু?’‘একটু একটু মানে?’‘একটু একটু মন ভালো হবে? বেশি বেশি মন ভালো হবে না! বেশি বেশি মন ভালো হলে না হয়...’‘কী? কী? কী?’‘না, আরকি! যোগ বিয়োগ গুণ ভাগ করে আরকি! দেখলাম আরকি! কিছু বৃষ্টি দেওয়া যায় কি না আপনাদের। এখন বলেন, একটু না অনেক? একটু একটু না, অনেক অনেক! মন ভালো হবে আপনাদের?‘অনেক! অনেক! অনেক! অনেক!’‘বাহ! বাবাহ্! আরেকটু গান শুনি তাহলে?’তারা শোনাল—‘মন খারাপের ঘরে বৃষ্টি হলে পরেমন খারাপ আর থাকে না যারমন খারাপের ঘরেওরেআমরা থাকি ওরে...।’গান শুনতে শুনতে একটা জাবেদা খাতায় কত হিসাব-নিকাশ করল বৃষ্টিওয়ালা লোকটি। কত যোগ বিয়োগ গুণ ভাগ করল! তারপর সত্যি সত্যি কিছু বৃষ্টি দিয়ে দিল তাদের। মন খারাপের ঘরে ঝুমঝুম ঝুমঝুম। তারা কী খুশি! কী খুশি! তাদের মন এত ভালো হয়ে গেল! এত ভালো হয়ে গেল!‘বৃষ্টি হলে তাইমন খারাপ আর নাইঅনেক অনেক খুশি হয়েবৃষ্টি হয়ে যাইআমরা বৃষ্টি হয়ে যাইবৃষ্টি হয়ে যাই...।’গাইতে গাইতে বৃষ্টি হয়ে গেল তারাও। বৃষ্টিওয়ালা অবশ্য দেখল না। দেখে কী করবে, কত কাজ তার! যারা থাকে, তারা ভাবে ও রকম। মন খারাপের একটা ঘর আছে। তাদের একটাই!ভুল ভাবে।অনেক অনেক অনেক অনেক এ রকম মন খারাপের ঘর আছে দুনিয়ায়।জাবেদা খাতায় সব হিসাব-নিকাশ আছে। বৃষ্টিওয়ালা যাবে সব ঘরে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঐকিক নিয়ম, সরল অঙ্ক করে বৃষ্টি বরাদ্দ করবে সবাইকে। তবে না তার ছুটি! সব মন খারাপের ঘরের বাসিন্দা বৃষ্টি হয়ে গেল তারপর। তারপর বৃষ্টি দেখতে পারে সে। কেউ দোষের কিছু বলবে না। কিন্তু এখন?এই যে বৃষ্টির প্রাণ উড়ছে আর অনেকের গান শোনা যাচ্ছে হাওয়ায়!আরেকটা মন খারাপের ঘরে।‘আমরা থাকি ওরেমন খারাপের ঘরে...।’বৃষ্টিওয়ালা পা চালিয়ে ছুটল!