মরা জঙ্গলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষ হওয়ার পর আনুশকা বায়না ধরেছে, রূপমদের সঙ্গে রূপমের দাদুবাড়ি যাবে। রূপমদের বলতে রূপম, আনুশকা, তাদের বন্ধু পারভেজ ও কাঞ্চি। রূপমের বাবা তাদের চারজনের জন্য টিকিটও নিয়ে এসেছেন। ট্রেন স্টেশন থেকে ছেড়ে কাঞ্চনপুর গিয়ে থামবে। সেখান থেকে ট্যাক্সিতে করে সোজা দাদুবাড়ি। রিকশা দিয়ে অত দূর যাওয়া সম্ভব নয়। ট্রেনে ওঠার পর চার বন্ধু খেয়াল করল, তাদের পাশের সিটে বসে থাকা লোকটা খুবই অদ্ভুত। লোকটার হাত-মুখের দিকে তাকালে মনে হয় লোকটার হাত-মুখের মাংসগুলো পচে গেছে আর হয়তো এখনই সেগুলো খুলে পড়বে। লোকটা বুঝি মরে গেছে আর এখন কবর থেকে উঠে এসেছে। এসব ভাবতে ভাবতেই ট্রেন এসে পৌঁছাল কাঞ্চনপুর। ততক্ষণে চার বন্ধুর অনেক খিদে পেয়েছে। হঠাৎ পেছন থেকে সেই লোকটা বলে উঠল, ‘আমার সঙ্গে উত্তর দিকের ভাঙা রাস্তাটায় চলো। সেখানে ট্যাক্সি পাবে। সেখানে একটা ছোট দোকান আছে। আমার নিজের দোকান। কিছু খেয়ে নিতে পারবে। দক্ষিণ দিকের নতুন রাস্তায় শুধু রিকশা পাওয়া যায়। আর খাবারের কোনো দোকান নেই।’আশ্চর্য, লোকটা জানল কীভাবে, ওদের অনেক খিদে পেয়েছে আর ওরা ট্যাক্সিতে করে দাদুবাড়ি যাবে? কিন্তু ওরা এটা নিয়ে বেশি ভাবল না। লোকটার সঙ্গে গেল উত্তর দিকে। সত্যি সত্যি সেখানে একটা খাবারের দোকান কিন্তু একটাও ট্যাক্সি নেই। কাছাকাছিই বড় একটা জঙ্গল। লোকটা দোকানের ভেতর চলে গেল ওদের জন্য স্যুপ আনতে। পাঁচ বাটি স্যুপ নিয়ে এসে বলল, ‘এই নাও, নরমাংসের স্যুপ।’ ওরা কিছু বুঝল না। কিন্তু স্যুপের দিকে তাকিয়ে ওদের তো চক্ষু চড়কগাছ! দেখে মনে হচ্ছে এটা যেন স্যুপ নয়, কোনো প্রাণীর দেহ থেকে ছিঁড়ে এনে টাটকা রক্তে ভাসানো কিছু কাঁচা মাংস। সেখান থেকে একটা পচা গন্ধ ছড়াচ্ছে। লোকটা সেগুলো মজা করে খাচ্ছে। কিন্তু ওরা চার বন্ধু সেটা না খেয়েই রেখে দিল। হঠাৎ ওরা পাশে তাকিয়ে দেখে লোকটা নেই। বরং তাদের থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে ফুট দশেক লম্বা কালো কাপড় পরা এক কঙ্কাল। কঙ্কালটার সারা মুখে রক্ত লেগে আছে। হাত-মুখ থেকে খসে পড়ছে পচা মাংস। চোখ থেকে বেরিয়ে আসছে সবুজ পিচ্ছিল কোনো পদার্থ। আর চারদিকে একটা রক্তমাংস পচা গন্ধ ছড়াচ্ছে। ওরা চার বন্ধু বুঝতে পারল যে ওরা প্রেতপুরীতে এসে পড়েছে। আর যে জঙ্গলটায় ওরা দাঁড়িয়ে আছে, সেখানে কোনো রকম শব্দ নেই। পাখির ডাক, বাতাস, পাতার মড়মড় শব্দ, পানির শব্দ—কিছুই নেই। মনে হচ্ছে এই জঙ্গলটা অনেক আগেই মারা গেছে। শুধু শব্দ না, এখানে কোনো প্রাণীও নেই। পিঁপড়া, পাখি, কীটপতঙ্গ, মানুষ—কিছুই নেই। সবাই একসঙ্গে ছুটতে লাগল।ছুটতে ছুটতে তারা দেখল, একটা গাছের আড়ালে একটা ট্যাক্সি আর ট্যাক্সির সামনে একটা লোক দাঁড়িয়ে তাদের ডাকছে আর বলছে, ‘ভাই, আপনারা যদি এখান থেকে পালাতে চান, তাহলে আমার ট্যাক্সিতে উঠে বসুন। আমিও এই জঙ্গলে ফেঁসে গেছি। এখান থেকে পালাতে চাই।’ লোকটার কথায় বোঝা গেল, লোকটা সত্যিই একজন জলজ্যান্ত মানুষ। ওরা সবাই ট্যাক্সিতে উঠে বসল। কিন্তু ট্যাক্সিটা স্টার্ট নিচ্ছিল না। রূপম ব্যাগ থেকে একটা কয়েন বের করল। কয়েনটায় চীনা হরফে কিছু খোদাই করা আর একটা কঙ্কালের ছবি আঁকা। রূপমের দাদি এটা রূপমকে দিয়ে বলেছিলেন, এটা সঙ্গে রাখলে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। রূপম কয়েনটা ট্যাক্সিতে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে ট্যাক্সি চলতে লাগল। ওরা পেছনে তাকিয়ে দেখল ট্যাক্সির দিকে অসংখ্য কঙ্কাল ছুটে আসছে। সেগুলোর চোখ থেকে রক্ত পড়ছে।হঠাৎ তাদের ট্যাক্সিটা গিয়ে পড়ল একটা পুকুরে।ওদের সবার জ্ঞান ফিরলে ওরা দেখল, তাদের ঘিরে অনেক মানুষের ভিড়। এক লোক বলল, ‘তোমরা ওই পুকুরের কাছে কীভাবে গিয়েছিলে? পুকুরে নামলে তো তোমাদের খবরই ছিল। পুকুরের ওই পাশে একটা জঙ্গল ছিল। সেটা অনেক আগে মরে গেছে। এখন এ পুকুরটায় অশুভ শক্তি ভর করেছে। এখন ওই পুকুরে নামলে কেউ ফিরে আসে না। তোমরাও আর যেয়ো না ওখানে।’কিন্তু কেউ জানত না যে ওই জঙ্গলে কঙ্কালের ধাওয়া খেয়ে চার বন্ধু আর ট্যাক্সিওয়ালা ফিরে এসেছে। ওই দিনই ওরা চার বন্ধু রাতের ট্রেনে বাসায় ফিরে এল।সপ্তম শ্রেণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।