মর্টোনার অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোতলার উত্তরের ঘরটায় আমি থাকি। ঘরের কোণে প্লাস্টিকের রঙিন ফুলগুলো, এলোমেলো ছড়িয়ে থাকা লোমওয়ালা পুতুল, দেয়ালজুড়ে ‘টম অ্যান্ড জেরি’র পোস্টার, আর সিলিংয়ে লেপ্টানো চাঁদ-তারার ঝিলিমিলি স্টিকার—সবই আমার ভীষণ ভালো লাগে। তবে সবচেয়ে সুন্দর হচ্ছে পশ্চিমের জানালাটা। আমার জানালা একটা ক্যানভাস। কে যেন অদৃশ্য তুলিতে এঁকে চলেছে নতুন নতুন ছবি। কখনো নীল আকাশ আটকে থাকে গ্রিলের জ্যামিতিক কাঠামোতে, কখনো ছোট মাঠটাতে ছুটে বেড়ায় দুরন্ত শিশুর দল। মাঝেমধ্যে জলপাইগাছে বুলবুলিরা ওড়াউড়ি করে। আর এখন সেখানে লাল ফ্রক পরা মেঘমেয়েরা হাত ধরাধরি করে ভেসে যাচ্ছে রাতের কোলে। সূর্য ডুবে গেছে। এখনই আম্মু এসে মশার কয়েল জ্বেলে যাবে। সন্ধ্যায় পড়তে বসলে মশারা মিছিল করতে থাকে। কয়েলের ধোঁয়ায় ওদের কিচ্ছু হয় না। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওরা আমাকে কামড়ায় না। এমনকি স্কুলেও নাকের সামনে বনবন করে। ওরা আবার পড়াশোনা শুরু করেছে নাকি! থাক, মশার অদ্ভুত আচরণ নিয়ে না ভাবলেও চলবে। তাড়াতাড়ি হোমওয়ার্ক করে এগারোটার আগেই ঘুমাব। হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা স্বপ্ন দেখছিলাম, মনে করতে পারছি না। কিন্তু ঘরে আলো আসছে কোত্থেকে? লাইট তো অফ। জানালা খুলল কে? চোর, নাকি ভূত? ভয়ে ভয়ে জানালার কাছে গিয়ে দেখি, গ্রিল-কপাট সব খুলে মেঝেতে জড়ো করা। যখন চিৎকার করার কথা ভাবছি, তখনই আলোটা জ্বলে উঠল। একটা গোল জিনিস আমার ঘরটা জুড়ে ঘুরছে। তার পাশে চারটি অদ্ভুত প্রাণী। অত বড় জিনিস কীভাবে যে ছোট্ট জানালা দিয়ে এল, কিছুতেই আমার মাথায় আসছে না। তিন ফুট লম্বা প্রাণীগুলোর ঘাসফড়িঙের মতো চোখ। লাল আলখাল্লা পরা প্রাণীটা ফ্যাসফেসে গলায় বলল, ‘ভদ্র মহোদয়, মর্টোনার সম্মানিত রাজা ও অধিবাসীরা আপনাকে শুভকামনা জানিয়েছেন। আজ রাতের অনুষ্ঠানে আপনি মর্টোনায় আমন্ত্রিত। ওখানকার লোকজন আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুগ্রহ করে আমাদের সঙ্গে চলুন। কোনো সংকোচ করবেন না।’ভয়ে আমার কথা আটকে গেছে। অনেক কষ্টে কেবল বলতে পারলাম, ‘কো-কোথায় যাব? কি-কিসের অনুষ্ঠান। মাথামুণ্ডু কিছুই বু-বুঝতে পারছি না।’প্রাণীটা আবার বলতে শুরু করল, ‘আমাদের পৃথিবীর নাম মর্টোনা। এখান থেকে মাত্র এক শ আলোকবর্ষ দূরে। এক শ বছর আগে আমরা আপনার পৃথিবীর সন্ধান পাই এবং ষাট বছর আগে আপনাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য দশ কোটি মশকাকৃতির রোবট প্রেরণ করা হয়। আমি মর্টোনার দুই হাজার ভাষা-গবেষকের মধ্যে একজন।’অদ্ভুত প্রাণীগুলো চোখ বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সত্যিই কি মশাগুলো রোবট ছিল?‘আমি যেতে পারব না। আমার ক্লাস আছে।’ আস্তে আস্তে ওদের বললাম।গাল বাঁকিয়ে হাসল একটা প্রাণী, ‘আপনাকে ভোরের আগেই ফিরিয়ে আনব।’আমি আর কিছু বলতে পারলাম না। নীল আলখাল্লা পরা প্রাণী তিনটি ততক্ষণে আমার চারপাশে উড়ে উড়ে পরিয়ে দিয়েছে স্পেসস্যুট। আমি সম্মোহিতের মতো চললাম ওদের পিছু পিছু। স্পেসশিপে ওঠার কিছুক্ষণ পরে ওটা থেমে গেল। ভাবলাম, যান্ত্রিক ত্রুটি হতে পারে। ওপরের দরজাটা খুলে গেল। প্রাণীগুলো সিঁড়ি বেয়ে উঠে আমাকে বলল, ‘আসুন, মহামান্য অতিথি। মর্টোনায় আপনাকে স্বাগত।’আমি বিভ্রান্তের মতো বেরিয়ে এলাম বিপুল করতালির মধ্য দিয়ে। এত অল্প সময়ে চলে এলাম শত আলোকবর্ষ দূরে মর্টোনায়! আমাকে এক জোড়া বেঢপ আকৃতির জুতা পরতে দিল ওরা। নিজের জুতা খুলে ওগুলো পরে নিলাম। আগের লাল আলখাল্লা পরা প্রাণীটা আমার সঙ্গেই ছিল। ওর কথামতো একসঙ্গে দুই পায়ের বুড়ো আঙুল দিয়ে জুতোয় চাপ দিতেই উঠে গেলাম মাটি থেকে বিশ ফুট ওপরে। তারপর ডান পায়ের বুড়ো আঙুলে চাপ দিয়ে উড়তে লাগলাম হাজার হাজার অদ্ভুত সব প্রাণীর সঙ্গে। মর্টোনা অনেকটা আমাদের পৃথিবীর মতোই। তবে ন্যাড়ামাথা গাছগুলোর মাঝবরাবর নীল পাতা, নদীতে বেগুনি রঙের জল, তামাটে মাটি আর ধূসর আকাশ। উড়তে উড়তে একসময় পৌঁছে গেলাম বিশাল এক জনসভায়। অবশ্য প্রাণিসভা বললেই বেশি মানাত। অদ্ভুত আকৃতির জীবদের কিছুতেই মানুষ বলে মনে হচ্ছে না। পায়ের গোড়ালিতে চাপ দিয়ে নিচে নামলাম। অতিথিদের মধ্যে বসে কানে অনুবাদযন্ত্র চাপিয়ে শুনছিলাম বিভিন্ন পৃথিবী থেকে আগত প্রতিনিধিদের বক্তৃতা। হঠাৎ আমাকে ডাকল ওরা। আমার কাছে কোনো বক্তৃতা নয়, শুধু গান শুনতে চায়। এ তো ভারি বিপদ! স্কুলে জাতীয় সংগীত ছাড়া কখনো গান গাইনি। তবু অনুরোধ রাখতেই হলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো বসে রইল আমার গান শুনে। দেখে হাসি পাচ্ছিল। অনন্যার গান শুনলে ওরা ঠিক একেকটা মূর্তি হয়ে যেত। অবশেষে মর্টোনার রাজা মঞ্চে উঠলেন সমাপনী বক্তৃতা দেওয়ার জন্য। তিনি বললেন কীভাবে তাঁরা দিনের পর দিন সাড়ে তিন হাজার পৃথিবীর সাড়ে তেইশ লাখ ভাষা নিয়ে গবেষণা করেছেন। অবশেষে খুঁজে পেয়েছেন বাংলা ভাষা, যে ভাষা ও সংস্কৃতি এত সুন্দর, যে ভাষা বাঁচাতে প্রাণ দিয়েছে মানুষ। মর্টোনার গবেষকেরা এখনো কাজ করে যাচ্ছেন এ ভাষা নিয়ে। আর মর্টোনার দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলা ভাষা। ওরা প্রযুক্তিতে অনেক এগিয়ে, কিন্তু সংস্কৃতিতে একেবারে পেছনে। সবার শেষে রাজা ঘোষণা দিলেন, ‘এ মহাবিশ্বের শ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা ভাষা।’ এই ভিনগ্রহে গর্বে আমার বুকটা ভরে গেল। সবাই আসন থেকে উঠে আসছে আমাকে অভিনন্দন জানাতে। অদ্ভুত সব খাবার দিয়ে ভূরিভোজ হলো। তারপর আমাকে বিদায় দিল জলভেজা চোখে। আশ্চর্য, এরাও কাঁদতে জানে!স্পেসশিপ আমাকে নিয়ে এল আমার জানালার ঠিক সামনে। আমি নেমে গেলাম। ওরা গ্রিল আর কপাট ঠিক করে দিল। তারপর একসঙ্গে চিৎকার করে উঠল, ‘বিদায় পৃথিবী! আবার দেখা হবে।’এখন আমি একদম একা আমার জানালায়। স্পেসশিপ হাওয়ায় মিলিয়ে গেছে। ভোর চারটা বাজে। আমার চারপাশে মশারা গুনগুন করছে। আমি জানি, এখন কিছু বললে রোবট মশারা তা ঠিকই পাঠিয়ে দেবে এক শ আলোকবর্ষ দূরে মর্টোনার গবেষকদের কাছে। জোরে জোরে উচ্চারণ করলাম, ‘ভালো থেকো, মর্টোনাবাসী। আমার বাংলা ভাষাকে ছড়িয়ে দিয়ো এ মহাবিশ্বে।’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, যশোর