মশাদের ব্ল্যাকহোল
রাত ১২টা। তমাল ঘুমাচ্ছে। রাতের বেলা মশার অনেক উৎপাত। তাই মশারি টানিয়ে ঘুমাতে হয়। লিমন যে রুমে ঘুমাচ্ছে, তা এখন ঘুটঘুটে অন্ধকার। অনেকক্ষণ ধরেই মশারা চেষ্টা করছে মশারির ভেতর ঢুকতে, কিন্তু পারছে না। তো মশাদের এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, রিকও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারছে না। শেষে হতাশ হয়ে সে গুনগুন করে গান গাইতে গাইতে ঘুরতে লাগল। তো হঠাৎ করে আবিষ্কার করল, সে মশারির ভেতর উড়ছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, সে কিছুতেই দেখতে পারছে না। এর মধ্যেই অবাক হয়ে ভাবতে লাগল সে মশারির ভেতর এল কীভাবে? ভাবতে ভাবতেই সে নিজেকে আবিষ্কার করল মশারির বাইরে! এবার সে ধরেই নিল এর মধ্যে কোনো রহস্য আছে! সে কি একটা ব্ল্যাকহোল আবিষ্কার করে ফেলল! সে তখন তার দলের অন্যদের ডেকে এ কথা জানাল। দলের বেশির ভাগই ছিল ভিতু, তাই তারা কেউ পরীক্ষা করে দেখার সাহস করল না। তারা ব্যাপারটা মশাদের রাজ্যে জানিয়ে দিল। মশাদের রাজা থেকে শুরু করে মন্ত্রী, পত্রিকার সাংবাদিক, বিজ্ঞানী অনেকেই এল।পৃথিবীতে মশারা ব্ল্যাকহোল আবিষ্কার করে ফেলল মানুষের আগে, এটা কম গুরুত্বপূর্ণ কথা নাকি? এ যে একটা ইতিহাস।সবাই এল, অনেক আলোর ব্যবস্থা করা হলো, তারপর শুরু হলো তাদের ব্ল্যাকহোল খোঁজা! একটু পর তারা যা আবিষ্কার করল তা দেখে সবার চোখ কপালে উঠে গেল। কোথায় তাদের ব্ল্যাকহোল? এটা তো মশারির এক কোণে ২ ইঞ্চি দৈর্ঘ্যের, ৩ ইঞ্চি প্রস্থের এক ছিদ্র মাত্র! সপ্তম শ্রেণী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।