মহানন্দা বাংলাবান্ধা
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে আমার বাবা ঠিক করল যে আমরা পঞ্চগড় যাব। তখন শীত। গরম কাপড় পরে আটটা ৪৫-এ বের হলাম। আমাদের বাসার পাশে উত্তরবঙ্গের বাস কাউন্টার। বেশি অসুবিধা হয়নি। আমরা প্রথমে মিনিবাসে করে গাবতলী গেলাম। সেদিন প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী সেতু উদ্বোধন করতে যাওয়ায় কল্যাণপুরে কিছুক্ষণ জ্যামে আটকা পড়তে হয়েছিল। গাবতলী পৌঁছে মিনিবাস থেকে বড় বাসে উঠলাম। যখন আমরা যমুনা সেতুতে উঠি, তখন দেখি যমুনা নদীর অর্ধেক অংশই বালু দিয়ে ভরা। আমরা দুপুরের খাবার খেলাম বগুড়ার একটা রেস্টুরেন্টে।পঞ্চগড়ে পৌঁছালাম রাত আটটার দিকে। একটা হোটেলে উঠলাম। রুমে ঢুকে দেখি অবাক কাণ্ড! পঞ্চগড়ের হোটেল যে এত আধুনিক হবে তা ভাবিনি। টিভি, গ্রিসার, হাইকমোড এমনকি গরম কালের জন্য এসিও ছিল। সেদিন রাতেই বাবা একটা মাইক্রোবাস ঠিক করল বাংলাবান্ধা আর কাজী টি-র চা-বাগান ঘুরে আসার জন্য।পরদিন সকালে মাইক্রোবাস এসে হাজির। আমরা নাশতা খেয়ে মাইক্রোবাসে উঠলাম। রাস্তা খারাপ হওয়ার কারণে বাংলাবান্ধা পৌঁছাতে অনেকক্ষণ লাগল। বাংলাবান্ধা যাওয়ার পথে ভারত ও বাংলাদেশের মাঝ বরাবর বয়ে যাওয়া একটি নদী দেখলাম, নাম মহানন্দা। মহানন্দা দেখার পর সোজা বাংলাবান্ধা চলে গেলাম। বাংলাবান্ধায় পৌঁছানোর পর কয়েকজন বিডিআর কর্মকর্তার কাছ থেকে জানতে পারি যে বাংলাবান্ধার চারদিকেই ভারত, শুধু মাঝখানে বাংলাদেশের বাংলাবান্ধা। যে রাস্তাটি নিচু, সেটা হচ্ছে বাংলাদেশের। যে রাস্তাটি একটু উঁচু, সেটা হলো ভারতের। বাংলাবান্ধায় কিছুক্ষণ থেকে আবার আমরা মাইক্রোবাসে উঠলাম। এবার যাবো চা-বাগান দেখতে। সেখানে পৌঁছে বড় একটা সাইনবোর্ড দেখি। ভালো করে পড়ে দেখি, সেখানে সব রকরমের ঔষধি গাছের নাম লেখা। আরও কিছুদূর গিয়ে দেখি মিনি মিনাবাজার নামের একটি ছোট দোকান। আমরা ভেতরে গিয়ে অনেক কিছু কিনলাম। মিনি মিনাবাজারের পাশে ছিল একটা পিকনিক স্পট। পিকনিক স্পটটাতে অনেক রকমের খেলনা। আমরা সেখানে অনেক মজা করে খেললাম। তারপর হোটেলের উদ্দেশে রওনা হই। আমরা দুপুরের খাবার খেয়ে আবার দিনাজপুরের উদ্দেশে রওনা হই। দিনাজপুরে একটা হোটেলে উঠলাম। সেদিন রাতে বাবার এক বন্ধু আমাদের খাওয়ালেন। এরপর সকালে আমরা রামসাগর দিঘি দেখতে যাই। বেড়াতে বেড়াতে সবাই আমার জন্মদিনের কথাই ভুলে যায় দিনটি ছিল ৩১ ডিসেম্বর। পরে আমার জন্মদিনের কথা মনে করিয়ে দেয় আমার ছোট ভাই। আমরা বেড়ানোর পরে হোটেলে ফিরে যাই। দুপুরের খাবার খেয়ে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হই। আমার জন্মদিনে কেউ গিফ্ট বা কেক না দিলেও আমার কোনো দুঃখ নেই। এই বেড়ানোটাই তো এক ধরনের গিফ্ট।পঞ্চম শ্রেণী, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়।