মাকড়সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর আগে মসলিন খুব প্রসিদ্ধ ছিল। সেই সময়ের কথা। বড় বড় নানা অনুষ্ঠান যেমন বিয়ে, আচার, পূজা-পার্বণ, বড়দিন—এসব বিশেষ বিশেষ সময়ে ফরাসি সম্প্রদায় মসলিনের পোশাক পরত। তখনকার দিনে জ্যাকলিন শহরে মেয়েরা সুন্দর হাতের কাজের পোশাক তৈরি করত। পা থেকে মাথা পর্যন্ত গাউন পরত, গাউনে নানা রকম মণিমুক্তার কাজ করা থাকত। মেয়ে-পুরুষ সবাই লম্বা ও বড় বড় ঢিলেঢালা পোশাক পরত।জ্যাকলিন শহরে এক প্রসিদ্ধ দর্জি ছিলেন। তিনি ছিলেন খুব সৎ ও ধার্মিক। সুন্দর রুচিশীল কাজ করতেন। হাতযশে তাঁর বেশ খ্যাতি ছিল। বড় নামকরা লোকজন তাঁর কাছে পোশাক বানাতেন। তাঁর একমাত্র মেয়ে মিনারাকে তিনি ছেলের মতোই মানুষ করেন। তাঁকে তিনি নিজের হাতের শিল্পশৈলীর কাজ শেখালেন। একদিন হঠাৎ প্রচণ্ড জ্বরে মারা যান তিনি। মিনারা আর তাঁর মা অসহায় হয়ে পড়েন। তাঁদের এই দোকানটা ছাড়া আর কিছুই নেই। বাবার অর্ডার নেওয়া কাজগুলো কাস্টমারকে ডেলিভারি দিলেন। মিনারার সূচিশৈলী সবার ভীষণ পছন্দ হলো। চারদিকে মিনারার নামডাক ছড়িয়ে পড়ল। রাজা, বাদশা, মন্ত্রীসহ মহান ব্যক্তিরা বেশি বেশি টাকা দিয়ে তাঁর তৈরি পোশাক কিনতে লাগলেন। মিনারা একসময় সাধারণ মানুষের কাজ করা বন্ধ করে দিতে লাগলেন। কারণ, তিনি রাত-দিন পরিশ্রম করেও কুলিয়ে উঠতে পারছিলেন না। মিনারা যা দাম চান, সে দামেই পোশাক কিনতে সম্মত হন সবাই। মানুষের ভিড় জমে যায়। তাঁর মতো এত নিপুণ হাতের কাজ এই তল্লাটে আর কেউ করতে পারে না। বিশেষ করে, বিয়ের পোশাক এবং রাজরাজড়াদের পোশাক মিনারার দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না।মিনারা কত যোগ্য কর্মী তৈরি করার চেষ্টা করলেন, কিন্তু হলো না। তাঁর হাতে কোনো এক জাদুর বাতি আছে। কেউ কেউ বলেন, তাঁর মৃত বাবার আত্মা এসে কাজ করে দিয়ে যায়। কেউ আবার বলেন, শিল্পদেবতা তাঁর ওপর ভর করে। এই নিয়ে বহু গল্পকাহিনির প্রচলন ছিল। মিনারা দেখতে বেশ সুন্দরী ও গম্ভীর স্বভাবের। কম কথা বলতে ভালো লাগে তাঁর। কারও কথার উত্তর দিতে ভালো না লাগলে উত্তর দিতেন না। এইভাবে মিনারার বেশ নামযশ ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। এক রাজা আরেক রাজাকে তাঁর সুন্দর পোশাক উপহার দিয়ে বন্ধুত্ব দৃঢ় করেন, সেই সুবাদে দেশ-বিদেশে মিনারার পোশাকের চাহিদাও বেড়ে যায়। পাশের দেশের রাজা-বাদশারাও এসে মিনারাকে তাঁদের দেশে নিয়ে যেতে চান। এক রাজা তাঁকে রাজপুত্রের বধূ করতে প্রস্তাব দেন; কিন্তু মিনারা রাজি হননি। এতে সেই রাজা প্রতিবছর যে রাজপোশাক ও বড়দিনের পোশাক কিনতেন মিনারার দোকান থেকে, তা তিনি আর কিনবেন না বলে মিনারাকে জানালেন। আরও বললেন, যদি মিনারা তাঁর পুত্রবধূ হন, তবে তাঁকে অনেক ধুমধাম করে তাঁর দেশে নিয়ে যাবেন। কিন্তু না। মিনারা শুধু টাকার বিনিময়ে পোশাক তৈরি করে দিতে রাজি হন। তিনি এখন অনেক টাকার মালিক। বিশাল বাজার তাঁর। অনেক কারিগর বিদেশ থেকে মেশিনপত্র, হিরে, মণি, মুক্তা—এসব এনে দেয়। এতে তাঁর কাজের ধরন ও চাহিদা বেড়ে যায়। মায়ের বয়স হয়েছে। মা তাঁকে আর তেমন সাহায্য করতে পারেন না। মিনারা বিশেষ মানুষ ছাড়া নতুন পোশাক বানানোর অর্ডার নেওয়া প্রায় বন্ধ করে দিলেন। শহরের সবাই তাঁকে একটু অহংকারী বলে জানত। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানত, তাঁর অহংকার করার মতো যথেষ্ট কারণও আছে। তাই এটা নিয়ে কেউ মাথা ঘামাল না। একদিন তাঁর মা অসুস্থ হলেন। ভীষণ অসুস্থ। তখন কবিরাজ কিন্তু রোগী না দেখে ওষুধ দিতেন না। আর রোগীকে নিয়ে কবিরাজের বাড়িতে যেতে হতো। মিনারা মাকে ঘোড়াগাড়ি করে কবিরাজের বাড়িতে নিয়ে গেলেন। কবিরাজ রোগী দেখে বললেন, ‘তোমার মাকে তুমি আমার কাছে রেখে চলে যাও, দুই দিন পর আসবে। তিনি সুস্থ হলে নিয়ে যাবেন।’মিনারা মাকে একা রেখে বাড়ি ফিরে এলেন। আর দুই দিন পর গিয়ে দেখলেন মা সুস্থ হয়ে গেছেন। মিনারা খুশি হয়ে কবিরাজকে অনেক টাকাপয়সা দিলেন এবং তাঁর জন্য একটি পোশাক তৈরি করবেন বলে মাপ নিলেন। যথারীতি বড়দিন আসবে, এমন সময় একদিন মিনারা আর তাঁর মা গিয়ে কবিরাজকে পোশাকটা দিয়ে এলেন। কবিরাজ ভীষণ খুশি হয়ে তাঁকে দোয়া করলেন। এখন বেশ ভালোই দিন কাটছে মিনারার। মাকে নিয়ে যত ভাবনা তাঁর। প্রায়ই অসুস্থ থাকেন। মাকে তাই মাঝেমধ্যে কবিরাজের কাছে নিয়ে যেতে হয়। কবিরাজের সঙ্গে মিনারাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।এভাবে অনেক দিন কেটে যায়। একদিন কবিরাজের নাতনি বিয়ের পোশাক বানাতে মিনারার দোকানে এল। কিন্তু মিনারা তার পোশাক বানাতে রাজি হলেন না। সে অনেক অনুনয় বিনয় করল। কিন্তু তিনি নিয়ম করেছেন, গণ্যমান্য ব্যক্তি ছাড়া কারও পোশাক বানাবেন না। কবিরাজের নাতনির মন খুব খারাপ হয়ে গেল। সে বাড়ি ফিরে দাদুকে সব বলল। কবিরাজ পরের দিন আবার পাঠালেন। বললেন তাঁর পরিচয় দিতে। তাহলে মিনারা ঠিকই তার পোশাক বানিয়ে দেবেন। কিন্তু কোনো কাজ হলো না। এবার কবিরাজও মনে মনে খুব কষ্ট পেলেন। এমন সময় দেবদূত কবিরাজের সঙ্গে দেখা করতে এলেন। তাঁর সঙ্গে কবিরাজের অনেক বন্ধুত্ব। প্রায় সময় তিনি দেখা করতে আসেন। কবিরাজের কথা শুনে তিনিও কষ্ট পেলেন এবং মিনারার এমন অহংকারে মনে মনে ক্ষুব্ধ হলেন।একদিন দেবদূত ছদ্মবেশে মিনারার দোকানে এলেন। তিনি ক্রেতা সেজে একটি পোশাকের দাম জিজ্ঞেস করলেন। কিন্তু মিনারা তাঁর অহংকার বজায় রাখলেন। তিনি তাঁকে সাধারণ মানুষ ভেবে বললেন, এ পোশাক বিক্রি করা যাবে না। তখন দেবদূত স্বরূপে মিনারার সামনে এসে দাঁড়ালেন। বললেন, ‘হে অহংকারী মেয়ে, আজ থেকে তুমি শুধুই বুনবে আর বুনবে। তবে মানুষ হয়ে নয়, মাকড়সা হয়ে। তোমার শিল্প গাছে গাছে, ঘরে ঘরে, বনেবাদাড়ে ছড়িয়ে যাবে। তোমার প্রতি মানুষ বিরক্ত হবে। আর তুমি মানুষের কোনো কাজে আসবে না। তবে সবাই তোমার বোনাবুনির প্রশংসা করবে। যেমনটা তুমি পেয়ে এসেছ।’ সঙ্গে সঙ্গে মিনারা মাকড়সায় পরিণত হলো। আজও সে তার নিপুণ শৈলীতে ব্যস্ত। কিন্তু মানুষ তার কাজের কোনো মূল্য দেয় না, বরং তাকে আপদ বলে মনে করে।