মাঠ পেরোলে তালতলা, আর তালতলা পেরোলেই পুকুর। পুকুরের নাম পদ্মপুকুর। সারা পুকুরভরা এত পদ্ম যে কী বলব...
আমি একটা বিড়াল। চকচকে কালো আমার গায়ের রং। আমার বন্ধু বিড়ালগুলো বলে, আমি নাকি দেখতে খুউউউব সুন্দর!
সেসব কথা থাক। আমি যে পউষের বাড়ি যাচ্ছি, তার কিন্তু একটা কারণ আছে। কারণ হলো পউষের বাবা। পউষের বাবা আজ বাজার থেকে মাছ কিনেছে। কালো কালো মজার মজার কই মাছ। এই এত্তগুলো!
মাছগুলো যে–ই না পউষের বাবা বাজার থেকে নিয়ে আসছিল, ওমনি আমি শজনেগাছের আড়াল থেকে দেখে ফেলেছি। আর দেখামাত্র...ওই যে...আমার খুব খেতে ইচ্ছা করছে! কই মাছের কাঁটা চিবিয়ে খেতে কী যে মজা!
কিন্তু ইচ্ছা করলেই কী, চাইলেই তো কেউ আমাকে মাছ দেবে না!
তাই আমি যাচ্ছি চুরি করতে। চুপি চুপি গিয়ে, একদম শব্দ যেন না হয় তেমনভাবে হেঁটে, পউষদের রান্নাঘর থেকে, একটা কই মাছ হাপিস করে দেব!
ওরা যখন মাছ গুনতে যাবে, গুনে গুনে বলবে, ‘কই মাছ গেল কই! কই মাছ গেল কই!’
আমি তখন দূর থেকে আমার গোঁফে তা দিতে দিতে ফিকফিক করে হাসব।
মাঠ পেরোলাম, তালতলা পেরোলাম, পদ্মপুকুরের ঘাটও পেরোলাম। ওই তো পউষের বাড়ি। একটা ছোট্ট লাফ দিয়ে উঠে পড়লাম রান্নাঘরের জানালায়। ঠিক যা ভেবেছিলাম! মাছগুলো সব রাখা আছে রান্নাঘরের মেঝেতে। আমি এদিক-ওদিক দেখে দিলাম একটা লাফ।
ধপাস!
নাহ্, কেউ দেখেনি। কেউ শোনেনি।
এবার চুপিচুপি গিয়ে একটা মাছ যে–ই ধরেছি, ওমনি দেখি, একটা ছায়া। বুকটা এক্কেবারে উঠল ধড়াস করে। কে রে?
ঘুরে দেখি, দাঁড়িয়ে আছে পউষ। আমার তো কাঁচুমাচু অবস্থা। গলার স্বরটা নামিয়ে নিয়ে, একেবারে ভেজাবেড়াল হয়ে ছোট্ট একটা ডাক দিলাম—ম্যাও...।
পউষ বলল, ‘কী রে বিড়াল, কী করছিস?’
আমি বললাম, ‘ম্যাআআআও!’
‘মাছ চুরি করতে এসেছিস, না?’
‘না না। চুরি তো না। এমনি দেখতে এলাম।’
‘চুরি করা যে খারাপ কাজ জানিস না?’
‘তা তো জানিই, কিন্তু...।’
‘কিন্তু মাছ দেখে খুব খিদে পেয়েছে, না?’
আমি আর কিছু বললাম না। খিদেটা যে পেয়েছে তা তো সত্যিই।
পউষ এবার একটা মাছ উঠিয়ে আমাকে দিয়ে বলল, ‘এইটা তোর। তুই খা...’
খপাস করে মুখে মাছটা নিয়ে দিলাম ছুট। পুকুর পেরিয়ে তালতলা, সেটা পেরোলে মাঠ। সেই মাঠে বসে মাছটা আমি খাব। বন্ধুদেরও দেব। মানে তোমরা যদি আসো!