মাছরাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুনুই প্রথম দেখেছে। গুলতি নিয়ে পাখি শিকারের উদ্দেশ্যে নয়াপুকুরের পাড়ে যেতেই হঠাৎ তার চোখে পড়ল, বড় জাতের মাছরাঙাটা টুপ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। একটা আমগাছের আড়ালে দাঁড়িয়ে দৃষ্টিটা নিবদ্ধ রাখল পাখিটা যে জায়গাটায় ‘নাই’ হয়ে গিয়েছিল সেখানটায়।ফুড়ুৎ! গর্ত থেকে বের হয়ে উড়ে গেল মাছরাঙাটা। গুলতি থেকে গুলি (মাটির তৈরি) ছুড়ল সে। লাগল না। গর্তটার কাছে মাটির গায়ে কান পেতে শুনতে চায় রুনু গর্তের ভেতরে কোনো আওয়াজ হচ্ছে কি না। হ্যাঁ, শোনা যাচ্ছে কিচকিচ শব্দ। আওয়াজের ধরনে মনে হচ্ছে, ডিম ফেটে বাচ্চা বের হয়েছে দু-এক দিনের বেশি হবে না।গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দিতে গিয়ে হঠাৎ মনে পড়ল ঠাকুরমার সাবধান বাণী, ‘গাত দেইলেই হাত ঢুকাই ন দিবি। ওই গাতর মধ্যেই থায়ে বিষাক্ত হাপঅল। নিজে ত ন ঢুকাবি ন ঢুকাবি অন্য ক্যরেও হাত ঢুকাইতো ন দিবে (গর্ত দেখলেই হাত ঢুকিয়ে দিবি না। ওই গর্তের মধ্যেই থাকে বিষাক্ত সাপ। নিজে তো ঢোকাবিই না, অন্য কাউকেও হাত ঢোকাতে দিবি না)। রুনু হাত ঢোকানোর পরিকল্পনা বাদ দিয়ে কী করা যায় তা নিয়ে ভাবতে লাগল। এরই মধ্যে কোত্থেকে ঠোঁটে ছোট্ট একটা পুঁটি মাছ নিয়ে মাছরাঙাটা উড়ে এসে রুনুকে দেখে গর্তের দিকে না গিয়ে আমগাছের একটা ডালে গিয়ে বসল। রুনু ধীরে ধীরে সে স্থান ত্যাগ করে পুকুরের পশ্চিম পাড়ের দিকে চলে গেল। গাছের ডাল ছেড়ে মাছ ঠোঁটে মাছরাঙাটা টুপ করে মাটির গর্তে ঢুকে গেল।রুনু ভাবতে থাকে, কীভাবে পাখিটাকে অক্ষত ধরা যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি মগজ থেকে বের হয়ে এল। বুদ্ধিটা হলো, একটা কাঁচাবাজারের থলে গর্তের মুখে মুখ ফিট করে বসিয়ে রাখা হবে। পাখিটা বের হলেই চটের থলে নড়েচড়ে উঠবে। সঙ্গে সঙ্গে থলের মুখটা বন্ধ করে দিতে হবে।ঠাকুরমার অজ্ঞাতসারেই বাড়ি থেকে একটা চটের থলে এনে রুনু অপেক্ষা করতে লাগল মাছরাঙাটার জন্য। কিছুক্ষণ পর একটা বাঁশকাইট্যা মাছ ঠোঁটে নিয়ে উড়ে এসে মাছরাঙাটা সরাসরি গর্তে ঢুকে গেল। এবার যাবা কই মনু—বলল রুনু। দৌড়ে গিয়ে গর্তের মুখের সঙ্গে চটের থলের মুখটা ফিট করে ধরে বসে থাকল রুনু। কয়েক মিনিট কেটে গেল। পাখি বের হচ্ছে না। ভেতর থেকে এক ধরনের ফঁস ফঁস আওয়াজ বের হচ্ছে! বিষাক্ত সাপ নাকি! হঠাৎ থলেটা খুব জোরে নড়ে উঠল। রুনু ত্বরিত গতিতে থলের মুখ বন্ধ করে ফেলল। থলের ভেতর মাছরাঙাটা দাপাদাপি শুরু করে দিল।দূর থেকে কে একজন রুনুর অ্যাডভেঞ্চার দৃশ্যটা দেখে তার ঠাকুরমার কাছে গিয়ে বলে দিল। স্বাধীনতা যুদ্ধে দুই-দুইটা ছেলেকে হারিয়েছেন এই বৃদ্ধা। তাঁর বংশে বাতি জ্বালানোর জন্য এক রুনু ছাড়া আর কেউ নেই। নয়াপুকুরের অগ্নিকোণের অতিকায় কালো সাপটাকে এ গাঁয়ের কতজনেই তো দেখেছে। কে জানে, পাখির গর্তে যদি সেই সাপটাই...। আর ভাবতে পারেন না ঠাকুরমা। ছুটলেন নয়াপুকুরের দিকে।রুনু তখন আমগাছের শেকড়ের ওপর বসে কৌশলে পাখিটাকে চটের থলের ভেতর থেকে বের করে এনেছে। আর একটু হলেই রুনুর ডান চোখে ঠোকর একটা মেরেই দিয়েছিল ক্রুদ্ধ মাছরাঙাটা। মাঝের পাড়ার এক ছেলের গত বছর এভাবেই এক ঠোকরে এক চোখ কানা করে দিয়েছিল এমনই এক মাছরাঙা! পাখিটাকে চোখ থেকে নিরাপদ দূরত্বে রেখে কী করা যায় তাই নিয়ে ভাবছিল রুনু। পেছনে এসে দাঁড়ালেন ঠাকুরমা।পাখি ইভা ক্যানে ধোইর্গস?—জিজ্ঞেস করলেন ঠাকুরমা। থোইলা ইভা গাতর মুখত বুয়াই দিয়েরে।—একটুও না বিচলিত হয়ে জবাব দিল রুনু।গাতর ভিতর হাত ঢুকাই দি’লিনি ক’ন—?না। হঅস পুরাইয়ে ত। এবার পাখিউয়ারে ছাড়ি দে অ নাতি। নইলে বাইচ্চা হিয়ুন খাইৎ ন পারি মরি যাইবোইগোয়। অভিশাপ দিব অ ভাই। আঁর ননাইয়া পাখিউয়ারে ছাড়ি দে। (শখ তো পুরাল। এবার পাখিটাকে ছেড়ে দে নাতি। না হয় বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যাবে। অভিশাপ দেবে ভাই। আমার নোনাই, পাখিটাকে ছেড়ে দে)।—বলে গেলেন ঠাকুরমা কাতর কণ্ঠে।হঠাৎ রুনুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ করা গেল। মুখে কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ সে উচ্চ স্বরে শব্দ করে গুনতে লাগল—এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ...শ।ফুড়...ফুড়...ফুড়ুৎ...মুক্ত মাছরাঙা বিদ্যুৎগতিতে উড়ে গেল আকাশের নীলে—দুই হাতে তালি বাজাতে বাজাতে অট্টহাসিতে ফেটে পড়ল রুনু। কিছুই না আন্দাজ করতে পেরে ঠাকুরমা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলেন পরানের নোনাইয়া নাতি রুনুর মুখের দিকে।বাড়ির দিকে যেতে যেতে রুনু উচ্চ স্বরে ঘুরিয়ে-ফিরিয়ে শুধু দুটো লাইন আবৃত্তি করতে লাগল:আয় আয় মাছরাঙা মাছ নিয়ে আয়নইলে বাচ্চারা তোর মরিব ন খায়..