মাতৃভাষা রক্ষা করছে ওরা
কোন ভাষায় কথা বলে বেশি আরাম, বেশি শান্তি? উত্তর একটাই—মাতৃভাষা। মায়ের ভাষায় কথা বলার মতো সুখ আর নেই। একটি জাতি বা গোষ্ঠীর মাতৃভাষা যদি হারিয়ে যায়, তাহলে কী হবে? একসঙ্গে অনেক কিছু ঘটবে—মর্যাদা, ঐতিহ্য, সংস্কৃতি মুছে যাবে; সে জাতি বা গোষ্ঠীর স্বকীয়তা বলে কিছুই থাকবে না। এই মাতৃভাষা খোয়ানোর মতো দুর্বিপাকে পড়েছে ‘ইওয়েনকি’ নামের এক গোষ্ঠী। চীনের উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়া বলে যে স্বায়ত্তশাসিত ভূখণ্ড রয়েছে, সেখানে মূলত বাস ইওয়েনকি গোষ্ঠীর। এই সংখ্যালঘু সম্প্রদায় আয়তনেও খুব কম। ইনার মঙ্গোলিয়ার ভেতর হুলুনবুয়ের গ্রাসল্যান্ড বলে পরিচিত এলাকায় প্রায় ৩০ হাজার ইওয়েনকি মানুষের বাস। সেখানকার বেশির ভাগ লোক হয় মঙ্গোলীয়, নয়তো চীনাদের প্রধান ভাষা মান্দারিনে কথা বলে। এসব মানুষের সঙ্গে তাল মেলাতে গিয়ে ইওয়েনকি গোষ্ঠীর মানুষ নিজের ভাষা হারাতে বসেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গোলীয় ও চীনা ভাষায় পড়াশোনা করে ইওয়েনকি শিশুরা। এতে মাতৃভাষার চর্চা কমে গেছে ব্যাপক হারে। এখন নিজের ভাষায় কথা বলা ভুলে গেছে ওরা। ছোটদের কথা না হয় বাদই গেল, ইওয়েনকি পরিবারের বড়রাও অনেকে মাতৃভাষা সম্পর্কে অজ্ঞ। সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে এই ভাষা চর্চা করার মতো বইয়ের অভাব। বিলুপ্তির কবল থেকে এই ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে এগিয়ে এসেছে স্থানীয় ইওয়েনকি অটোনমাস ব্যানার। এই গোষ্ঠীর শিশুরা যাতে গোড়া থেকেই নিজ ভাষা রপ্ত করতে পারে, এ জন্য প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ইওয়েনকি ভাষার বই। ১০ বছর বয়সী ইওয়েনকি বালক আও চেং জানায়, স্কুলে ইওয়েনকি ভাষা শিখে সে এখন বাড়িতে তার আপনজনদেরও শেখাচ্ছে। ইনার মঙ্গোলিয়ার অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর গবেষক বাই লান বলেন, ইওয়েনকি ভাষা পৃথিবীর বিলুপ্তপ্রায় ভাষাগুলোর একটি। এখন এই গোষ্ঠীর অল্প কিছু মানুষ ভবিষ্য ৎ বংশধরের কাছে এই ভাষা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গত বছর ইওয়েনকি ভাষায় পাঠ্যবই ছাপা হয়। এই ভাষায় এটাই প্রথম পাঠ্যবই। সম্প্রতি এই ভাষায় শিক্ষাদান শুরু হয়েছে। বইয়ে ইওয়েনকি লোকজ সংস্কৃতিও রাখা হয়েছে। এতে এই গোষ্ঠীর শিশুরা এখন নিজস্ব নাচ-গান রপ্ত করতে পারছে। এর মধ্যে এই ভাষার চর্চা ইওয়েনকি শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারা এখন বুঝতে পারছে মাতৃভাষার মূল্য। মজার ব্যাপার হচ্ছে, বড়রাই কিন্তু শিশুদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শেখায়। ইওয়েনকি শিশুরা উল্টো বড়দেরই তা শেখাচ্ছে। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: চায়না ডেইলি।