বিজ্ঞানকে নিয়ে আমাদের বুদ্ধি-বিবেচনায় একটি ভুল ভাবনা বসে আছে। বাছা কিছু বিষয়ের সঙ্গে আমরা বিজ্ঞানের লেবেল সেঁটে দিয়েছি বলে কখনো কখনো ভাবতেই চাই না যে সংসারের সব বিষয়ের সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে। এটি আছে খেলার সঙ্গে, চিকিত্সার সঙ্গে, ভাষার সঙ্গে, বলার সঙ্গে, লেখার সঙ্গে ও ভাবার সঙ্গে।যে ভাষাটি আমরা হেলায় শিখি, সে ভাষার সঙ্গেও যে বিজ্ঞানের যোগ-সংযোগ, সেটি খুঁজে পাওয়ার চেষ্টা করি না। তাই আমরা নিজেরাও ভুগি, ভাষাকেও বেশ ভোগাই। যেমন, যার কিছুই নেই তাকে যে আমরা সর্বস্বান্ত বলি, এর সঙ্গে যে বিজ্ঞান জড়িয়ে আছে, সেটি খোঁজার চেষ্টাতেই শুরু হতে পারে আমাদের পথচলা।আছে কি কোনো বিজ্ঞান এর সঙ্গে জোড়া? আছে। একবারে জড়িয়ে-পেঁচিয়ে আছে। প্যাঁচটা খুব শক্তও নয়। তবুও তাই আমরা খুলতে চাই না। কেউ কেউ ‘সর্বস্বান্ত’র জায়গায় বলি ‘সর্বশান্ত’। লিখেও ফেলি। কোথাও অন্য রকম দেখলে, শুদ্ধাশুদ্ধ জানা না-থাকার পরও অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার প্রতিবাদও করি।যখন কেউ বলেন, ডাকাতের পাল্লায় পড়ে লোকটি ‘সর্বশান্ত’ হয়ে গেছে, তখন যিনি বলছেন, তিনি যেন বোঝাতে চাইছেন—সবকিছু হারিয়ে লোকটা একবারে শান্ত হয়ে গেছে। এত শান্ত যে, তার যেন প্রতিবাদ কিংবা নড়াচড়া করার কোনো ভাষাই নেই।সব হারানোর পর তেমন এক নির্জীব অবস্থা মানুষের হয় বটে, কিন্তু সে অবস্থা বিজ্ঞান-বিবেচনায় ‘সর্বশান্ত’ নয়, ‘সর্বস্বান্ত’।প্রশ্ন আসবে, কেন ‘সর্বস্বান্ত’?জবাবটা খোঁজা ও বোঝার জন্য শব্দটাকে ভাঙতে হবে এবং ভেঙে তিন ভাগ করতে হবে।সর্ব+স্ব+অন্ত।এই তিনে মিলে সর্বস্বান্ত। এবার করতে হবে অর্থসন্ধান। সর্ব মানে সকল, সবকিছু; স্ব মানে আপন, আপনার বা নিজের। এই দুটো যোগ করার পর শব্দ পেলাম ‘সর্বস্ব’। সর্বস্ব অর্থ, নিজের সবকিছু; নিজের বলতে যা বোঝায়, তার সবই। বাকি রইল ‘অন্ত’। অন্ত মানে শেষ।‘সর্বস্ব’র সঙ্গে ‘অন্ত’ যোগ করলে সন্ধির ফর্মুলায় শব্দটি হয়ে যাচ্ছে সর্বস্বান্ত (‘অ-কার-এর পর অ-কার যোগ করলে উভয় মিলে আ-কার হয় এবং আ-কার পূর্ববর্ণে যুক্ত হয়’)। ‘সর্বস্ব’র পরের ‘অ’ ও ‘অন্ত’র প্রারম্ভিক ‘অ’ যুক্ত হয়ে ‘স্ব’ থেকে ‘স্বা’ হয়ে যাচ্ছে। ‘অ’-এর পিঠে ‘অ’ দাঁড়িয়ে পড়ায় যে আ-কারটি তৈরি হচ্ছে, তা পূর্ববর্ণের সঙ্গে বসে যাওয়ায় শব্দ তৈরি হচ্ছে ‘সর্বস্বান্ত’।তাহলে বোঝা যাচ্ছে ‘সর্বস্বান্ত’র সঙ্গে ‘সর্বশান্ত’র কোনো ‘আত্মীয়তা’ নেই। যদি কেউ তা আবিষ্কার করতেও চান, তা হবে ভুল কাজ। এই ভ্রান্তির নাম ধারণাগত ভুল; কনসেপচুয়াল মিসটেক (Conceptual Mistake)। এখন থেকে প্রতিদিন আমরা একটি করে ‘গলদশব্দ’ নিয়ে নাড়াচাড়া করব এবং তার শুদ্ধতার ওপর আলো ফেলার চেষ্টা করব।