আমার অতিশয় প্রিয় একটি জাদু—যেটি আমার জাদুজীবনের শুরু, অর্থাৎ ১৯৮৪ থেকেই মাঝেমধ্যে বন্ধুমহলে বেশ আগ্রহের সঙ্গেই দেখিয়ে থাকি—আজ এরই পেছনের কৌশলটি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরাও যাতে ভবিষ্যতের বুদ্ধিদীপ্ত জাদুকরদের কাতারে নিজেদের শামিল করে নিতে পারো—তাই।বেশি কিছু নয়। মনে করো তোমার বাড়িতেই বেড়াতে এল তোমার পরিচিত কেউ, সঙ্গে সিকি-আধুলি, মানে ছোটরাও। কেউ হয়তো আবদারের সুরেই তোমার কাছে জাদু দেখানোর অনুরোধ করল। তখন আর দেরি করার কিছু নেই, তুমিও সঙ্গে সঙ্গে বসে পড়ো জাদু দেখাতে। জাদুটি দেখাতে তোমার বেশি কিছুর প্রয়োজন হবে না। শুধু কাঠিভর্তি একটি দেশলাইয়ের বাক্স হলেই চলবে।তুমি করবে কী, তোমার দর্শকদের দিয়ে সাধারণ দেশলাইয়ের বাক্সটি ভালোমতো পরীক্ষা করিয়ে নাও। চাইলে দর্শকদের কাছ থেকেও জাদু দেখানোর কথা বলে দেশলাইয়ের একটি বাক্স নিতে পারো। এবার বাক্সটিকে তোমার হাতে ফেরত নিয়ে সেটি খোলো এবং এর ভেতরকার কাঠিগুলো দর্শকদের আবারও দেখাও। এবার কাঠিভর্তি ড্রয়ারটি ম্যাচবক্স থেকে অর্ধেকটা বের করে আনো এবং ধীরে ধীরে সেটি উল্টে দাও, অর্থাৎ কাঠিগুলো মাটির দিক করো যেন মাটির সমান্তরাল থাকে। এবার দর্শকদের জিজ্ঞেস করো, ‘পুরো ড্রয়ারটিই যদি বের করে আনা হয়, তবে কী হবে?’ উত্তরের অপেক্ষা না করেই তুমি ধীরে ধীরে পুরো ড্রয়ারটিই বাক্স থেকে বের করে আনো এবং দেখো তোমার দর্শকেরা সত্যিই কেমন ভড়কে যায়। তুমিও এই সঙ্গে বলতে পারো, ‘মাধ্যাকর্ষণ শক্তিকে জাদুর সাহায্যে অগ্রাহ্য করার ক্ষমতা আমার আছে বলেই এমনটি সম্ভব হয়েছে। কিন্তু ...’ এটুকুন বলেই তুমি সামান্য কিছুটা অঙ্গভঙ্গি সহকারে যে-ই না ‘আব্রা-কা-ডাব্রা’ বললে, দেখা গেল ঝপাত করে দেশলাইয়ের কাঠিগুলো সব মাটিতে পড়ে গেছে।এবার কৌশলটা বলি। ভালো করে মন দিয়ে শোনো। কৌশলে তুমি যেকোনো একটি কাঠি হাতে নিয়ে এর বারুদযুক্ত অংশটি আঙুলের চাপে ভেঙে ফেলে দাও এবং সঙ্গে দেওয়া ছবিটির মতো করে হাতের কাঠিটি অন্য কাঠিগুলোর আড়াআড়িভাবে বসিয়ে দাও। ঠিক কাঠির দুই পাশ বরাবর তুমি যদি চেপে ধরে ড্রয়ারটিকে বাক্স থেকে বের করে আনো, তবে নিশ্চিত থেকো, অন্য কাঠিগুলো কোনো অবস্থাতেই মাটিতে পড়বে না। তুমি যখন দুই আঙুলের চাপটা একটু জোরে দেবে, তখন কিন্তু কৌশলে রাখা কাঠিটি ভেঙে যাবে নিশ্চিত এবং বাদবাকি কাঠিগুলোও সে কারণে ঝপাত করে মাটিতে পড়ে যাবে।