মানিকবাবুর খানিকটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যজিৎ রায় (২ মে ১৯২১—২৩ এপ্রিল ১৯৯২)
সত্যজিৎ রায় (২ মে ১৯২১—২৩ এপ্রিল ১৯৯২)

ছেলেটি ছিল বড়ই ভিতু। স্কুলে কোনো বিষয়ে পুরস্কার পাচ্ছে শুনলেই ভয়ে তার হাত-পা ঠান্ডা হয়ে আসত। এই এত লোকের সামনে ওর নাম ডাকা হবে। জায়গা ছেড়ে উঠে হোমড়াচোমরা কারও হাত থেকে সে পুরস্কারটা নেবে। তারপর হেঁটে এসে নিজের জায়গাতে ফিরে এসে বসবে। এই পুরো ব্যাপারটাই ছিল ওর কাছে ভয়াবহ আতঙ্কের। কিন্তু আফসোস! সারা জীবনভর তাকে অজস্রবার এই আতঙ্কের মধ্য দিয়ে যেতে হলো। নিতে হলো অগুনতি পুরস্কার। নিজের দেশে তো অসংখ্য পুরস্কার এলই ওর হাতে। বিদেশের তাবৎ সব লোকজনও তাকে রেহাই দিল না ঘন ঘন পুরস্কার নেওয়ার আতঙ্ক থেকে।

.
.

বেচারা এই ছেলেটার ডাকনাম মানিক। ভালো নাম সত্যজিৎ রায়। কেউ তাঁকে বলে বড় চলচ্চিত্র পরিচালক। কেউ বলে ছোটদের লেখক। অনেকেই তাঁকে চেনে ফেলুদা বা প্রফেসর শঙ্কুর জনক বলে। গানে দিতেন মনমাতানো সুর। ছবি আঁকার হাতও ছিল অপূর্ব। এ যেন অনেকগুলো মানুষের প্রতিভা, অথচ মানুষ তো ওই একজনই—সত্যজিৎ রায়।
সারা পৃথিবীর বড় বড় মানুষেরা তাঁকে সিনেমার বিরাট পরিচালক বলে জানলেও তিনি কিন্তু ছোটদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাঁর যত লেখালেখি, তার বড় অংশটিই শিশু-কিশোরদের জন্য। আগেই বলেছি, ফেলুদা বা প্রফেসর শঙ্কু তাঁর সবচেয়ে জনপ্রিয় সিরিজ। ফেলুদা ক্ষুরধার গোয়েন্দা, প্রফেসর শঙ্কু পাগলাটে বিজ্ঞানী।
ঝকঝকে বুদ্ধির দারুণ চৌকস ফেলুদার সঙ্গে তোপসে আর জটায়ুর ডিটেকটিভ গল্পগুলোর কি কোনো তুলনা হয়? অতুলনীয় এই বইগুলোর নামও ভারি মজাদার—যত কাণ্ড কাঠমান্ডুতে, বোম্বাইয়ের বোম্বেটে, কৈলাসে কেলেঙ্কারি, গ্যাংটকে গন্ডগোল। বই খুলে পড়তে শুরু করো। ব্যস, মুহূর্তেই হারিয়ে যাও জয়সালমিরের মরুভূমিতে কিংবা কাশীর গা-ছমছমে কোনো সরু গলিতে। চুরি হয়ে যাওয়া বাদশাহি আংটি, হারিয়ে যাওয়া সোনার গণেশ বা নেপোলিয়ানের অমূল্য চিঠি—সব রহস্য ঘুচিয়ে ঠিকঠাক খুঁজে বের করার মতো বুদ্ধি আর দুষ্ট লোককে কাবু করে ফেলার সাহস এই ভূ-ভারতে আছে কেবল একজনেরই। তিনি হলেন আমাদের ফেলু মিত্তির, ওরফে সত্যজিতের ফেলুদা।

সত্যজিতের আঁকা শঙ্কু ও ফেলুদার ছবিতে রং দিয়েছেন মাহফুজ রহমান
সত্যজিতের আঁকা শঙ্কু ও ফেলুদার ছবিতে রং দিয়েছেন মাহফুজ রহমান

অন্যদিকে আছেন ছিটগ্রস্ত প্রফেসর শঙ্কু। তাঁর ডায়েরির পাতায় কতই না ঘটনার ঘনঘটা! শঙ্কু-কাহিনি মানে দুনিয়ার আনাচকানাচে কেবলই ঘুরে বেড়ানো—জাপান, বলিভিয়া, নরওয়ে, ইতালি, আফ্রিকা। আবিষ্কার কত শত! বায়োলজি, অ্যাস্ট্রনমি, ফিজিকস। কখনো সমুদ্রে, কখনো মহাকাশে, কখনো মরুতে।
এর বাইরে আছে সত্যজিতের ছোটগল্পের অনন্য সম্ভার। এসব বইয়ের বিশেষত্ব হলো এর প্রতিটিতে আছে ১২টি করে গল্প। তাই বইগুলোর নামও ১২ সংখ্যাটিকে কেন্দ্র করে: এক ডজন গপ্পো, আরও এক ডজন, আরও বারো, এবারও বারো ও একের পিঠে দুই। ১২ সংখ্যার এই বইগুলোতে আছে ‘বঙ্কুবাবুর বন্ধু’, ‘ফ্রিৎস’, ‘দুই ম্যাজিশিয়ান’ আর ‘অতিথি’র মতো দারুণ সব গল্প। বাংলাদেশের এক গণ্ডগ্রাম কাঁকুড়গাছিতে এসে হাজির হলো অ্যাংবাবু নামে ভিনগ্রহের এক প্রাণী। অ্যাংবাবুর সংস্পর্শে এসে কী অদ্ভুত কাণ্ড যে ঘটল বঙ্কুবাবুর, তা জানতে হলে যে পড়ে ফেলতে হবে মূল বইগুলোই।
রূপকথার গল্পও কিন্তু কম নেই সত্যজিতের ঝুলিতে। ‘রতন আর লক্ষ্মী’ বা ‘গঙ্গারামের কপাল’ বড়ই মায়াময় গল্প।
কিন্তু শুধু গপ্পো লিখেই কি আর ছোটদের চোখের মণি হলেন মানিকবাবু? গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ সিনেমাগুলো না দেখলে তো ছোটবেলাটাই মিছে।
আগামীকাল দুর্দান্ত এই লেখক ও পরিচালকের জন্মদিন। উপহার দিতে ডাকলে আবার যদি ঘাবড়ে যান বেচারা! কী দরকার ডাকার? এর চেয়ে তাঁর একটা বই-ই পড়ে ফেলি না কেন! কিংবা দেখে নিই কোনো সিনেমা? সত্যজিৎ রায়ের জন্মদিনে আর কোনো উপহারেই বেশি খুশি তাঁকে করা যাবে না, এ আমি হলফ করে বলতে পারি।