মানুষ মানুষের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর মন খারাপ। নদীর মন প্রায়ই খারাপ থাকে। আজ একটু বেশিই খারাপ। স্কুল থেকে ফেরার পর থেকে সে চুপ করে আছে। আজ রতন স্যার বারবার করে বলে দিয়েছেন, ১৫ তারিখের মধ্যে বেতন দিতে না পারলে নদীর নাম খাতা থেকে কেটে দেবেন। নদীর তিন মাসের বেতন বাকি পড়েছে। গত মাসে যখন নদী মাকে স্কুলের বেতন দেওয়ার কথা বলেছিল, তখন মা চুপ করে ছিলেন। সেদিন রাতে বাবা অফিস থেকে ফেরার পর অনেক রাতে ঘুম ভেঙে গেলে নদী মাকে ঝগড়া করতে শুনেছিল। নদী সব কথা শুনতে পায়নি। শুধু মায়ের কান্নার শব্দ আর বাবার একটা কথাই বারবার চিৎকারের মতো ভেসে আসছিল, ‘আমি সামান্য কেরানি...সামান্য কেরানি।’ নদীর খুব কান্না পাচ্ছিল। নদীর ছোট মামা আজ চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে। ছোট মামা এখানেই থাকে, নদীদের সঙ্গে। মামা নদীর সবচেয়ে প্রিয় মানুষ। বাইরে যাওয়ার আগে ছোট মামা নদীর চিবুক ধরে বলেছে, ‘মা, আমি যদি চাকরি পাই, তাহলে তোমাকে একটা লাল টুকটুকে জামা কিনে দেব।’ নদীর লাল জামার খুব শখ। মামাকে আজ কী যে সুন্দর লাগছিল! ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্টে রাজপুত্রের মতো লাগছিল তাকে। মামা অবশ্য প্রায়ই ইন্টারভিউ দিতে যায়, কিন্তু চাকরি হয় না। ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরে মামা সব সময় একটা কথাই বলে, ‘লবিং ছাড়া হবে না’। লবিং কী, নদী বোঝে না। সবাই বলে, মামা নাকি খুব মেধাবী। সব সময় পরীক্ষায় প্রথম হয়েছে। তার পরও কেন যে মামার চাকরি হয় না? মামার চাকরি হলে নিশ্চয়ই মামা নদীর স্কুলের বেতন দিয়ে দিত। তখন আর নদীর মন খারাপ থাকত না। বিকেল পেরিয়ে সন্ধে হলো। নদী ছোট মামার অপেক্ষায় আছে। ছোট মামা এল রাতে। চুল এলোমেলো, বিষণ্ন মুখ। নদী বুঝতে পারল, মামার চাকরি হয়নি। নদী গুটি গুটি পায়ে মামার ঘরে এল। মামা মাথার নিচে দুই হাত দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছে। নদী মামাকে জিজ্ঞেস করল, ‘এত দেরি হলো কেন, মামা? ভাত খাবে না? মা তোমাকে খেতে ডাকছে।’ নদী আর ছোট মামা একসঙ্গে খেতে বসল। মা ভাত বেড়ে দিতে লাগলেন।—আজ ইন্টারভিউ দিতে পারিনি রে আপা।—কেন? কী হয়েছে?—পথে যাওয়ার সময় দেখলাম, এক লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। পুলিশ কেসের ভয়ে কেউ হাসপাতালে নিচ্ছে না। লোকটিকে হাসপাতালে নিয়ে গেলাম। হয়তো বেঁচে যাবে।নদী চেঁচিয়ে উঠল, ‘মামা জানো, আমাদের হেড স্যার প্রায়ই বলেন, মানুষ মানুষের জন্য।’—থাম তুই! মানুষ মানুষের জন্য! আমাদের জন্য কোন মানুষটা এগিয়ে আসে, শুনি? আমরা কি মানুষ না? মা যেন বিড়বিড় করে আরও কী সব বলতে থাকেন। ছোট মামা চুপচাপ ভাত খেয়ে উঠে পড়ে। নদীর মন খারাপ হয়ে যায়। বাসার সবাই কেন এত মন খারাপ করে থাকে? নদীর ভালো লাগে না। আজ ১৫ তারিখ। নদীর স্কুলের বেতন দেওয়ার শেষ দিন। আজ নদীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলও দেবে। বাবা টাকা জোগাড় করতে পারেননি। স্কুলে যাওয়ার সময় নদী দেখল, ছোট মামা ইন্টারভিউ দেওয়ার জন্য বের হচ্ছে। —মামা, তুমি কি চাকরির জন্য যাচ্ছ?—হ্যাঁ, মামণি। —তোমার চাকরি হয় না কেন, মামা? সবাই যে বলে, তুমি এত্ত ব্রিলিয়ান্ট, তার পরও তোমাকে কেন চাকরি দেয় না?—আমি যে বসদের ঘুষ দিতে পারি না রে, মা। এ জন্য চাকরি হয় না। নদী মনে মনে প্রার্থনা করে, এবার যেন ছোট মামার বস মামার কাছে ঘুষ না চায়। নদী পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ছলছল চোখে সে দাঁড়িয়ে আছে হেড স্যারের সামনে। একটু চুপ করে থেকে হেড স্যার জিজ্ঞেস করলেন, ‘তুমি তো খুব ভালো রেজাল্ট করেছ! তোমাকে কে পড়ায়?’—কেউ না, স্যার। আমি একাই পড়ি। —তোমার বেতন দেওয়া হয়নি?—না স্যার, বাবা বেতন পাননি। হেড স্যার গভীর মনোযোগ দিয়ে নদীর দিকে তাকিয়ে রইলেন। দুপুর দুইটা। নদী দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরছে। পেছন থেকে ছোট মামার গলা ভেসে এল।—নদী!নদী পেছনে ফিরে ছোট মামাকে দেখেই আনন্দে চেঁচিয়ে উঠল, ‘মামা, আমি ফার্স্ট হয়েছি বলে আমাদের হেড স্যার আমার সব বেতন মওকুফ করে দিয়েছেন।’ হঠাৎ মনে হতেই নদী জিজ্ঞেস করল, ‘মামা, তোমার চাকরি হয়েছে?’ছোট মামা কিছু না বলে ব্যাগ থেকে একটা লাল টুকটুকে জামা বের করল। নদীর চোখে জল চলে এল।—মামা, আজ তোমার কাছে ওরা ঘুষ চায়নি?—না রে মা, আজ ওরা ঘুষ চায়নি। নদী অবাক হয়। কারণ সে জানে না, সেদিন ছোট মামা যাকে হাসপাতালে ভর্তি করে প্রাণে বাঁচিয়েছিল, সেই লোকটিই ছোট মামার বস। নদী আশ্চর্য হয়ে প্রশ্ন করে, ‘কেন ঘুষ চায়নি, মামা?ছোট মামা মিষ্টি হেসে জবাব দেয়, ‘কারণ, মানুষ মানুষের জন্য।’শহীদ লে. সেলিম শিক্ষালয়, ঢাকা