মায়াবী কাকাতুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকাতুয়া
কাকাতুয়া

কী বিপদেই না পড়ল রাশা! কাকাতুয়াটা যে ওর আঙুল কামড়ে ধরেই আছে। ছাড়তেই চাইছে না একদম। কী করে হলো এমন? ব্যাপার তেমন কিছুই না, বন্ধুর বাড়ি গিয়ে পোষা একটা কাকাতুয়া দেখে আদর করতে ইচ্ছে করছিল রাশার। ও হাত বাড়িয়ে দিতেই খাবার মনে করে ওর আঙুল কামড়ে ধরেছে কাকাতুয়াটা।
কাকাতুয়ার দোষটাই বা কোথায় বলো তো? রাশার বন্ধু তো রোজই নিজের হাতে খাইয়ে দেয় আদরের কাকাতুয়াটাকে। রাশার বাড়িয়ে দেওয়া আঙুলটাকে খাবার মনে করতেই পারে ও। কাকাতুয়ারা কিন্তু সব সময়ই চায় সবার একটু বাড়তি মনোযোগ পেতে। খেলাধুলা করতেও ভীষণ পছন্দ করে ওরা।
সে নাহয় হলো, কিন্তু রাশার কী হবে এখন? আঙুলে যে ব্যথা পাচ্ছে ও। ব্যথায় এবার চেঁচিয়ে উঠল রাশা। চিৎকার শুনেই পাশের ঘর থেকে দৌড়ে এল ওর বন্ধুটি। বেশ কায়দা করে কাকাতুয়াটাকে সরিয়ে নিল সে। রাশা প্রথমবারের মতো আবিষ্কার করল, কাকাতুয়ার ঠোঁট অন্য অনেক পাখির ঠোঁটের চেয়ে একটু আলাদা। নিচের ঠোঁটের মাঝখানটাতে একটু ফাঁকা আছে কাকাতুয়ার, তাই দুই ঠোঁটের মাঝে যেকোনো জিনিসকে বেশ জোরেসোরেই চেপে ধরতে পারে সে।
পাখিটার জন্য অনেক খাবার রাখা আছে রাশার বন্ধুটির বাসায়। বিভিন্ন ধরনের ফলমূল আর বীজের পাশাপাশি আছে পাউরুটিও। বাদাম নাকি ভীষণ পছন্দ ওর। রাশা অবাক হয়ে দেখল, খাওয়ার সময় কাকাতুয়াটা একটা পায়ের সাহায্যও নিচ্ছে, আমরা যেমন হাত দিয়ে খাই, কাকাতুয়াটা তেমন পা দিয়েই হাতের কাজ সারছে।
বিজ্ঞানীরা বলেন, কাকাতুয়ারা নাকি বেশ বুদ্ধিমান। ছোট ছোট বুদ্ধির পরীক্ষায় ঠিক পাস করে যায় ওরা। তবে ঠিকভাবে কাকাতুয়াকে সময় দেওয়া না হলে সে বিরক্ত হয়ে নিজের পালকে ঠোকর দিতে থাকে। এমনকি রাগে আশপাশে যা পায় তাতেই কামড় বসানো শুরু করে। বন্য পরিবেশে ওরা দল বেঁধে থাকে। নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য বেশ উচ্চ স্বরে ডাকে। কাকাতুয়া পোষার জন্য একটু বড় জায়গা দরকার হয়। একেবারে ছোট খাঁচায় থাকতে কষ্ট হয় ওদের। মন খারাপ করে থাকা একটা কাকাতুয়াকে দেখলে তোমরাও কষ্ট পাবে।
মানুষের কাছাকাছি থাকলে মানুষের ভাষার কিছু কিছু শব্দ শিখে নিতে পারে এই পাখিটা। পৃথিবীতে রয়েছে ২০টিরও বেশি প্রজাতির কাকাতুয়া। তোমরা হয়তো লালঝুঁটি কাকাতুয়াকে নিয়ে লেখা গান শুনে থাকবে। তবে সাধারণত আমাদের দেশে যে কাকাতুয়াগুলো দেখা যায়, সেগুলোর ঝুঁটির রং হলুদ। আর আমরা সাদা রঙের কাকাতুয়া দেখতে অভ্যস্ত। তবে জেনে রাখ, কালো রঙের কাকাতুয়াও রয়েছে এ পৃথিবীতে। তবে এদের সংখ্যা খুব বেশি নয়।
পালক বা ঝুঁটির রং যেমনই হোক, কাকাতুয়া মাঝেমধ্যে ঝুঁটিটাকে ছড়িয়ে দেয়। বন্ধুর বাড়ির সেই কাকাতুয়াটার শরীরটাকে দুলিয়ে মজার ভঙ্গিতে খেলা করতে দেখে আর ওর অদ্ভুত সুন্দর ঝুঁটিটা দেখে রাশা কিন্তু ঠিক করেই ফেলেছে, সে-ও পুষবে অমন একটা কাকাতুয়া। দেবেই না হয় একটু কামড়, তাই বলে এত সুন্দর আর মজার একটা পাখিকে ও কি বন্ধু ভাববে না?
রাফিয়া আলম
সূত্র: বার্ডসঅ্যাবাউট ডট কম