মায়ের চেয়ে ছানা বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনের ভেতর একটা গাছের ডালে মনের সুখে বাসা বানাল একজোড়া রিড ওয়ার্বলার। একধরনের ছোট গায়ক পাখি ওরা। স্ত্রীপাখি ডিম পাড়ল একাধিক। পালা করে ডিমে তা দিতে লাগল পাখি দুটি। তারপর একদিন ছানা ফুটল। ছানা বড় হতে হতে অন্য ডিমগুলো গেল হাওয়া হয়ে।এ নিয়ে অবশ্য মাথা ঘামাল না ওয়ার্বলার জুটি। ওই ছানাটিকেই বড় করে তুলতে লাগল তারা। দেখতে দেখতে মা-বাবাকে ছাড়িয়ে অনেক বড় হয়ে গেল ছানাটি। আয়তনে বড় হলো প্রায় পাঁচ গুণ। এটি দেখতেও একেবারে অন্য রকম। আর তার খিদে কি রে বাবা! সারাক্ষণ কেবল খাই খাই। বারবার খাবার আনতে গিয়ে বাবা-মায়ের কম্ম কাবার। আসলে ডিম থেকে ছানা ফোটার এই কাহিনিতে ঘটে গেছে এক ধোঁকাবাজির ঘটনা। কাণ্ডটি ঘটিয়েছে এক কোকিলা। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের গ্লুস্টারশায়ারের স্লিমব্রিজ ওয়েটল্যান্ড সেন্টার এলাকায়। ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জেমস লিস নিবিড়ভাবে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন। কোকিলছানাকে ওয়ার্বলারের লালন-পালনের ছবিও তোলেন। তিনি জানান, একটি কোকিলা যখন ওই ওয়ার্বলারের বাসার আশপাশে ওড়াউড়ি করছিল, তখনই এ ব্যাপারে আগ্রহী হন তিনি। ওই বাসার দিকে কড়া নজর রাখতে থাকেন। একদিন সুযোগ বুঝে কোকিলাটি ওয়ার্বলারের বাসায় ঢুকে একটি ডিম নিচে ফেলে নিজে ডিম পেড়ে আসে। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে কাজটি সারে কোকিলা। ওয়ার্বলার জুটি তা মোটেও টের পায়নি। কোকিল যে বাসা তৈরি করতে পারে না—এ কথা অনেকেরই জানা। ডিম পাড়ার সময় হলে ওরা কী করে? চুপি চুপি অন্য পাখির বাসায় গিয়ে সে পাখির ডিম নষ্ট করে ফেলে। তারপর ডিম পেড়ে নিশ্চিন্তে কেটে পড়ে। আর বাসা বানানো পাখি নিজের ডিম মনে করে তা দিয়ে ছানা ফোটায়। এভাবে কোকিলের ধোঁকাবাজিতে বোকা বনে অনেক পাখিই খেটেখুটে কোকিলের ছানাকে বড় করে তোলে। এই ছানা একদিন উড়তে শিখে ফুড়ুৎ করে চলে যায়। বসন্তে কুহু কূজনে ভরিয়ে তোলে চারদিক। সেই মিষ্টি সুরে মন ভরে যায় সবার। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল।