মায়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পর ঈদ। সীমান্তের ব্যস্ততাও যেন বেড়ে গেছে। সারা দিন ছটফট, এদিক-সেদিক, কী করি আজ ভেবে না পাই—ঠিক এমন অবস্থা। হবেই বা না কেন? মনের ভেতর যে আনন্দ আকুলি-বিকুলি করছে রমজান মাসের শুরুতেই। কিছুক্ষণ পরপর আঙুল গোনে দেখে, কদিন পর ঈদ। পাগলামি দেখে বাড়ির সবাই হাসাহাসি করে। সকালবেলা সীমান্তকে আঙুল গুনতে দেখে দাদু বলল, সাতসকালে কিসের হিসাব করিস?দাদু, ঈদ আর কদিন পর?আরও পাঁচ দিন পর।আরও পাঁচ দিন! ইস্, যদি কমিয়ে আনা যেত!হুম, তোর ঈদ মানে তো হইহুল্লোড়। এবার আবার কোথায় হারাবি?গত বছর ঈদের দিন ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল সীমান্ত। উহ! ভয়ংকর সেই সময়টুকুর কথা মনে পড়লে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। অবশ্য যখন সে বুঝতে পেরেছিল যে সে হারিয়ে গেছে, শুধু ওই সময়টুকু তার কাছে ভয়ংকর মনে হয়েছে। বাকি সময় অনেক ভালো কেটেছে। তারই বা কী দোষ? কথা ছিল, ঈদের নামাজ পড়ে তপুসহ ঘুরতে বের হবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তপুর দেখা পাওয়া গেল না, তখন সে একাই বেরিয়ে পড়ল। প্রথমে বড় রাস্তা ধরে হেঁটে সোজা স্কুলের মাঠ। সেখানে গিয়ে তো আরও মন খারাপ, কেউ নেই। কী হলো সবার আজ? সবার ভাব দেখে মনে হয়, ঈদ শুধু তার একার। মেজাজ বিগড়ে গেল সীমান্তের। কারও সঙ্গে নয়, আজ একাই ঘুরবে। ব্যস, বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড় থেকে আইসক্রিম কিনল, দুই হাতে দুটো আইসক্রিম খেতে খেতে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর অবাক হয়ে তাকিয়ে থাকে সীমান্ত। যা দেখছে, সত্যি তো? রাস্তা দিয়ে হেঁটে চলেছে মস্ত বড় এক হাতি। আর পেছনে তার বয়সের ছেলেমেয়েরা নতুন জামা পরে হাতির পেছনে পেছনে দৌড়াচ্ছে। হাতি দেখেই আনন্দের মাত্রা হলো আকাশসমান। চোখ বড় বড় করে দে ছুট হাতির পেছনে। মুহূর্তেই সবাই যেন তার বন্ধু হয়ে উঠল। ধুলার ওপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল তার। গাছে গাছে কত পাখি দেখেছে সেদিন। পাখিরা যে এত সুন্দর হয়, আগে জানত না সীমান্ত। বিশেষ করে, লেজ বড় ওই পাখিটা। ইস্, কী গায়ের রং! সারা দিন খুব মজায় কেটেছে। সারাটা দিন স্বাধীন ছিল। সন্ধ্যার আগেই ঘটল বিপত্তি। বাড়ি যাওয়ার পথ খুঁজে পেল না। চিৎকার করে কাঁদতে শুরু করল। অন্ধকারেও ভেসে উঠল মায়ের মুখ। সাহস পেল কিছুটা। চোখের জলে তা-ও নিমেষে হারিয়ে গেল।উহ! সেদিন যদি জাফর স্যারের দেখা না মিলত, তাহলে...নির্ঘাত হারিয়ে যেতাম, তাই না, দাদু?আর কখনো এমনটা করিস না, লক্ষ্মী ভাই আমার। তোর মা তো কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছিল। আরেকটু হলেই বড় রকমের অঘটন ঘটে যেত।না দাদু, আর কখনো এমন করব না।আসলেই সীমান্তের ঈদের দিনটা কাটে অন্য রকমভাবে। পুরোস্বাধীনতা দেওয়া হয় তাকে। নামাজ পড়ে এসেই ইচ্ছামতো ঘুরে বেড়ায়। আর কে পায় সীমান্তকে। সারা দিন যে ধরাছোঁয়ার বাইরে সে। বন্ধুদের নিয়ে এলোমেলো ঘোরাফেরা, কত মজা! কিন্তু গত ঈদে সামান্য একটু ভুলের জন্য মা কত কষ্ট পেয়েছে। সারা দিন তার জন্য না খেয়ে ছিল। সেদিন রাতে মায়ের কষ্টের কথা ভেবে লুকিয়ে লুকিয়ে সীমান্তও কেঁদেছিল। মাকে আর কখনো কষ্ট দেবে না, কখনো না। তাই তো এবার অন্য রকম বুদ্ধি আঁটে সীমান্ত। ভাবছে, ঈদের সারাটা দিন মায়ের চোখের সামনে থাকলে কেমন হয়? এবার ঈদের দিনটা মায়ের জন্য।