মিথ্যে নয় সত্যি
প্রতিবছর গরমের দিনে আকাশে মেঘের আনাগোনা শুরু হওয়ার আগেই ঝিলপাড় গোলমাঠে গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আসর বসে। এবারও হবে। নবারুণ ক্রীড়াচক্র দুবারের চ্যাম্পিয়ন। টানা তিনবারের মতো শিরোপা ঘরে তোলার টার্গেট বাচ্চু ভাইয়ের। তারই প্রস্তুতি চলছে।সবাই জানে, নবারুণ ক্রীড়াচক্রের প্রাণ হলেন বাচ্চু ভাই। একে তো তিনি কষ্ট করে ক্লাব চালান, তার ওপর টিমেরও কোচ। একসময় ঢাকা স্টেডিয়ামে খেলতেন। লেফট উইঙ্গার ছিলেন। যারা তাঁর খেলা দেখেছে, তাদের মুখেই টফি শুনেছে, বাচ্চু ভাই মাঠের বাঁ দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে ফেলতেন। দারুণ ড্রিবলিং। দু-তিনজন ডিফেন্ডারও তাঁকে আটকে রাখতে পারত না। তবে বাচ্চু ভাই গোল করতে নয়, গোল করাতেই পছন্দ করতেন। একেবারে বিড়ালের সামনে ভাজা মাছের মতোই নিজ দলের খেলোয়াড়দের গোলের সুযোগ তৈরি করে দিতেন।সেই বাচ্চু ভাই কয়েক দিন ধরে লাপাত্তা। কোথায় গেছেন, কেউ বলতে পারে না। বড় রাস্তা থেকে তাঁদের মহল্লায় ঢোকার মুখে ডান পাশে একচিলতে খালি জায়গা আগলে থাকা নবারুণ ক্রীড়াচক্রের দোচালা টিনের ক্লাবঘর। সেখানকার সবার মুখে একই প্রশ্ন, গেলেন কোথায়? বাচ্চু ভাইয়ের ঘর-সংসার নেই। একটা ঘর নিয়ে একাই থাকেন। সে ঘরের দরজায় তালা ঝুলছে। হলো কী! কোথাও আবার অ্যাকসিডেন্ট করলেন না তো? সব কয়টা পত্রিকা খুঁটিয়ে দেখা হচ্ছে; না, কাথাও সে রকম খবর নেই।ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না টফি। বাচ্চু ভাই আশা দিয়েছিলেন, এবার তাকে অতিরিক্ত গোলকিপার হিসেবে টিমে রাখা হবে। কিন্তু টফি ভালো করেই জানে, বাচ্চু ভাই না থাকলে নবারুণ ক্রীড়াচক্রের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, গোলাম মোহাম্মদ স্মৃতি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে ক্লাবের এন্ট্রি হবে কি না সন্দেহ। টফির কাছে খবর আছে, দু-এক দিনের ভেতর এন্ট্রি করতে হবে। স্কুল ছুটির পর পাশের মহল্লা বড়বাজারের ইয়াকুবের সঙ্গে দেখা। টফিকে দেখেই ইয়াকুব বলল, ‘দোস্ত, তোকেই আমি খুঁজছি।’ এরপর তাকে নির্জনমতো একটা জায়গায় নিয়ে গিয়ে বললে, ‘তোকে একটা খবর দেব। খবরদার, বলবি না কাউকে! বললে বিপদ আছে।’ টফি জিজ্ঞেস করে, ‘কী খবর?’ তখন ইয়াকুব জানায়, ওদের মহল্লায় আব্বাস মাস্তান বলে একটা লোক আছে, অনেক টাকাকড়ির মালিক। লোকটা এখন হয়ে গেছে বড়বাজার ইউনাইটেড ক্লাবের সভাপতি। শুধু কি তাই? ক্লাবের সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছে, এবার গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা তারা পাবেই।খবরটা শোনার পর টফির মনে হলো, বাচ্চু ভাই এলাকায় থাকলে এক্ষুনি দৌড়ে গিয়ে তাঁকে সংবাদটা জানিয়ে আসত। তবে পরক্ষণে ইয়াকুব যা শোনাল, তাতে পিলে চমকে যাওয়ারই কথা। আব্বাস মাস্তান বাচ্চু ভাইকে অফার দিয়েছিল নবারুণ ক্রীড়াচক্র ছেড়ে বড়বাজার ইউনাইটেড ক্লাবে যোগ দিতে। যা চাইবেন, তাঁকে তা-ই দেওয়া হবে। কিন্তু বাচ্চু ভাইয়ের সাফ জবাব, নিজ হাতে গড়া নবারুণ ক্রীড়াচক্র ছেড়ে তিনি কোথাও যাবেন না। তা ছাড়া এবার হ্যাটট্রিকের সুযোগ আছে। কথাটা শোনার পর টফির যেমন ভালো লাগে, তেমনি আবার খারাপ লাগতে থাকে বাচ্চু ভাইয়ের লাপাত্তা দেখে। আর সেটা জানাতেই ইয়াকুব বলল, ‘কে জানে, আব্বাস মাস্তান হয়তো তোর বাচ্চু ভাইকে সরিয়েই রেখেছে!’ পরক্ষণেই ইয়াকুব আবার তাকে সাবধান করে দেয়, ‘খবরদার, কাউকে এসব কথা বলবি না! তাহলে বিপদ হতে পারে। আব্বাস মাস্তানের হাত অনেক বড়।’ইয়াকুবের কথা শোনার পর টফির খুব সন্দেহ হতে থাকে, বাচ্চু ভাইয়ের উধাও হওয়ার পেছনে আব্বাস মাস্তানের হয়তো হাত থাকতে পারে। কিন্তু সেটা কাউকে বলতে গেলেই নাকি বিপদ। তাই মন খারাপ করেই বিকেলে নবারুণ ক্রীড়াচক্রের দিকে সে গেল বাচ্চু ভাইয়ের কোনো খবর আছে কি না জানার জন্য। গিয়ে দেখে, মহল্লার উঠতি রংবাজ জেনে যাদের কাছ থেকে সবাই দূরে থাকে, সেই ছক্কু-মন্টুদের দল ক্লাবঘর আগলে বসে আছে। ওদের দেখার পর মনটা আরও দমে গেল। বাবুলের সঙ্গে দেখা; নবারুণ ক্রীড়াচক্রের স্ট্রাইকার। গতবার সাত গোল করে টুর্নামেন্টের টপ স্কোরার হয়েছিল। সে জানায়, বাচ্চু ভাই না ফিরলে এবার খেলবেই না। তখন ছক্কুর সহযোগী মন্টু বলল বাবুলকে, ‘আবার মন খারাপের কী আছে। বড়বাজার ইউনাইটেডের হয়ে খেলবি! চ্যাম্পিয়ন হলে সবাইকে কক্সবাজার-সেন্ট মার্টিন ঘুরিয়ে আনা হবে। দামি দামি উপহার দেওয়া হবে।’ কেবল বাবুলের সঙ্গে নয়, আরও কয়কজনের সঙ্গে কথা বলে টফি নিশ্চিত হয়ে গেল, বাচ্চু ভাই সময়মতো না এলে নবারুণ ক্রীড়াচক্রের এ বছর আর টুর্নামেন্টে খেলা হবে না।ব্যাপারটা ভাবতে গিয়ে রাতে টফির ঘুম আসছিল না। তার একটা বিশ্বাস আছে, বাচ্চু ভাই বেঁচে থাকলে ঠিকই ফিরে আসবেন। কেউ তাঁকে আটকে রাখতে পারবে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে হঠাৎ টফির মাথায় একটা বুদ্ধি খেলল; আচ্ছা, সে গিয়ে যদি বলে, বাচ্চু ভাই চট্টগ্রামে জরুরি কাজে আটকে আছেন। দু-এক দিনের মধ্যে ফিরবেন। বিকেলে সবাই মিলে যেন প্র্যাকটিস চালিয়ে যায়। তাহলে কেমন হয়! টফির মনে হলো, আইডিয়াটা মন্দ নয়। বাচ্চু ভাই ফিরে আসছেন—এটা জানলে সবার ভেতর থেকে হতাশা কেটে যাবে। আর যা-ই হোক, কেউ আর আব্বাস মাস্তানের ক্লাব বড়বাজার ইউনাইটেডে গিয়ে ভিড়বে না।পরদিন স্কুল থেকে ফিরে বাসায় কোনো রকমে খাওয়াদাওয়া সেরে নবারুণ ক্রীড়াচক্রের দিকে পা বাড়ায়। গিয়ে দেখল, ছক্কু-মন্টুদের কেউ নেই। যারা আছে, সবাই নবারুণ ক্রীড়াচক্রের সমর্থক। সোজা কথায়, বাচ্চু ভাইয়ের চেলা। তাদের কাছে টফি বলল, ‘আজ স্কুল থেকে ফেরার সময় একটা লোক আমাকে খবর দিয়েছেন, বাচ্চু ভাই এখন চট্টগ্রামে আছেন। আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে বলেছেন। কারণ, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টিম খেলবে।’ কথাটা বলার সঙ্গে সঙ্গে মনে হলো, ঝিমিয়ে পড়া নবারুণ ক্রীড়াচক্রের প্রাণ ফিরে এসেছে। ক্লাবের একচিলতে মাঠে ফুটবল প্র্যাকটিস শুরু হতে আর সময় লাগল না। টিম ক্যাপ্টেন আরিফ কোচের দায়িত্ব পালন করে।এক দিন পর স্কুলে যাওয়ার রাস্তায় টফির গতি রোধ করল ছক্কু-মন্টুদের দল। রীতিমতো তার শার্টের কলার ধরেই পাশের এক চিপা গলির ভেতর ঢোকাল। মন্টু বললে, ‘কিরে পিচ্চি, খুব বাহাদুর বনে গেছিস! তুই বলেছিস বাচ্চু ভাই খবর পাঠিয়েছে?’ টফি চুপচাপ। ছক্কু বলে, ‘তুই মহল্লার ছেলে বলে তোকে কিছু বলছি না। নইলে তোকে হাসপাতালে পাঠাতাম। তোদের বাচ্চু ভাই কি হিরো হয়ে গেছে? ও ব্যাটাকে সন্ত্রাসী আইনে জেলখানায় ঢোকানো হয়েছে। তিন মাসের আগে জামিন নেই।’ টফির মুখে কোনো কথা নেই। মন্টু ফের বলল, ‘তোকে একটা সুযোগ দিচ্ছি, আজ বিকেলে ক্লাবে গিয়ে বলবি, গতকাল যা বলেছিস, মিথ্যে বলেছিস। বাচ্চু ভাই ফিরবেন না। তিনি পাবলিকের টাকা মেরে ভেগে গেছেন। বুঝলি, কী বললাম? এখন বল, তুই রাজি?’ বেগতিক অবস্থা দেখে টফি মাথা নাড়িয়ে ওদের কথায় সায় দেয়। ছক্কু তাকে হুঁশিয়ার করে দেয়, ‘আমাদের কথার বাইরে গেলে তোর খবর আছে।’ওদের হাত থেকে ছাড়া পেলেও টফি মোটেই স্বস্তি পাচ্ছিল না। সবাই জানে ছক্কু-মন্টুরা খারাপ ছেলে। ওদের সঙ্গে চাকু থাকে। ওরা সব করতে পারে। ওদের কথামতো কাজ না করলে তার কপালে যে বিপদ আছে, সেটা ভালো করেই বুঝতে পারে। আরেক সমস্যা হলো, বাসার কেউ জানতে পারলে তাকে আর বাইরে বোরোতে দেবে না। বাবা তো ব্লাড প্রেশারের রোগী। যদি জানতে পারেন, গুন্ডারা তাঁর ছেলেকে থ্রেট করেছে, তাহলে হয়তো হার্টফেলও করতে পারেন। সবকিছু ভেবেচিন্তে টফি সিদ্ধান্ত নেয়, বিকেলে ক্লাবে গিয়ে ঠিকই বলে দেবে, সে গতকাল মিথ্যা বলেছে। বাচ্চু ভাই ফিরবেন না।বিকেলে বাসা থেকে বেরিয়ে নবারুণ ক্রীড়াচক্রের দিকে পা বাড়িয়ে টফি খেয়াল করে, ছক্কু-মন্টুদের দলের কেউ তাকে ফলো করছে না। তবে ক্লাবঘরের কাছে গিয়ে তার চোখে পড়ে ছোটখাটো একটা ভিড়। আরও কয়েক পা এগিয়ে তার বিস্ময়ের সীমা থাকে না। বাচ্চু ভাই সত্যি ফিরে এসেছেন! তাকে দেখেই বলে ওঠেন, ‘চিন্তা করিস না টফি, আমরা এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবই। বুঝলি, পাজি লোকেরা আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে জেলখানায় ঢুকিয়েছিল। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে চিনতে পেরেই জামিন দিয়েছেন। তোরা আর চিন্তা করিস না।’বাচ্চু ভাইয়ের কথা শুনে টফি নিজকে আর সামলে রাখতে পারে না। হাউমাউ করে কেঁদে ফেলে। তখন সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে।