
ঠিক এক মিনিটের ভেতর পাপোয়, পপাডুম, পারাতু—এই শব্দগুলোর মানে বলতে পারো? শব্দগুলো একটু পরিচিত লাগছে, তাই না? আচ্ছা বলেই দিই, এগুলো হলো মিনিয়নদের কথা! ডেসপিকেবল মি ছবির মিনিয়নদের তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, হলুদরঙা মজার মিনিয়নদের সহজে তো আর ভোলা যায় না! তোমরা যারা ডেসপিকেবল মি সিরিজের দুটি ছবিই দেখেছ, তাদের হয়তো মাঝে মাঝেই মনে হয়েছে মজার এই মিনিয়নরা আসলে এল কোথা থেকে, কীভাবেই বা পৃথিবীর মানুষদের সঙ্গে তাদের পরিচয় হলো? সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই মুক্তি পেয়েছে নতুন ছবি মিনিয়নস!
সেই পৃথিবীর শুরুর দিকের কথা। মিনিয়নরা তখন থেকেই বেশ বহাল তবিয়তে বাস করে আসছে। তাদের কাজ হলো ইতিহাসের যাবতীয় কুখ্যাত, বিখ্যাত চরিত্রের শাগরেদ হিসেবে কাজ করা। এমনি করে ভয়ানক ডাইনোসর টি-রেক্স, প্রাগৈতিহাসিক গুহামানব, মিসরের ফারাও, ট্রানসিলভেনিয়ার ড্রাকুলা এমনকি নেপোলিয়নের হয়েও কাজ করেছে তারা। কিন্তু ঝামেলা তো মিনিয়নরা পাকাবেই, যা হওয়ার তাই হলো। শেষ পর্যন্ত নানাভাবে তাদের সবাইকেই কোনো না কোনোভাবে দুর্ঘটনায় হারিয়ে ফেলল মিনিয়নরা। এরপর আর কী করা, মনের দুঃখে আর কাউকে না পেয়ে তারা বাস করতে শুরু করল আর্কটিকে। কিন্তু কত দিন আর এভাবে কাজ ছাড়া থাকা যায়? তাই মিনিয়নরা কাজ আর নতুন কুখ্যাত সুপার ভিলেনের খোঁজে তিন মিনিয়ন কেভিন, স্টুয়ার্ট আর ববকে পাঠায় নিউইয়র্কে, যেখানে তাদের সঙ্গে পরিচয় হয় পৃথিবীর প্রথম নারী সুপারভিলেন স্কারলেট ওভারকিলের। এরপর নানা মজার ঘটনা ঘটিয়ে কীভাবে তারা এখনকার অবস্থায় এল জানতে খুব ইচ্ছে হচ্ছে তো? কিন্তু তার জন্য দেখতে হবে বাকি ছবিটা!
ছবিতে স্কারলেট ওভারকিলের কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক। আর মিনিয়নদের মজার কণ্ঠ দিয়েছেন ছবির পরিচালক নিজেই, পিয়েরে কফিন। তিনি মোট কয়টা মিনিয়নের জন্য কণ্ঠ দিয়েছেন আন্দাজ করতে পারো? ৮৯৯ জনের! ইউনিভার্সাল পিকচাসের্র হয়ে ছবিটি মুক্তি দিয়েছে ইলুমিনেতি এন্টারটেইনমেন্ট, যাদের মাসকটও হলো মিনিয়ন।
এত কিছু শুনলে, এরপর ছবিটা না দেখলে কী করে চলে? তাই আর দেরি না করে হাতের কাজ, বাড়ির কাজ সব চটপট শেষ করে নাও। মায়ের বকুনি খেয়ে ছবি দেখতে কি কারও ভালো লাগে বলো?