মুমুর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমু একদিন আমাকে একটা ঘর এঁকে দিল। ‘এই তোমার ঘর। এই ঘরে তুমি থাকো।’আচ্ছা, থাকি।‘কেমন হয়েছে, বলো আগে।’ মুমু বলল।‘কেমন হয়েছে?’ আমি দেখলাম নীল রঙের ঘর। একটা দরোজা, তিনটা জানালা। একটা জানালা হলুদ রঙের। একটা জানালা সবুজ। আর একটা জনালা কমলা। দরোজায় লাল ফুল আঁকা পর্দা। এমন রঙিন ঘর! থাকাই যায়। আমি বললাম, ‘ভালো হয়েছে। আমি থাকব।’এইভাবে একটা ঘর আমার হলো। মুমু আরেক দিন একটা আকাশ আর অনেক মেঘ এঁকে আমাকে দিল। নীল রঙের আকাশ, শাদা রঙের মেঘ। ‘এইসব মেঘ তোমার।’ মুমু বলল।আমি বললাম, ‘আর আকাশ?’মুমু একটু কী চিন্তা করে বলল, ‘মেঘও তোমার। আকাশও তোমার।’‘ভেরি গুড।’ এভাবে একটা আকাশ আর অনেক মেঘও আমার হলো। মুমু আরেক দিন একটা সূর্য আর একটা চাঁদ এঁকে আমাকে দিল। সূর্য অবশ্য একটা না অর্ধেকটা। সূর্যের রং লাল, রশ্মি কমলা। আর চাঁদটা রুপালি রঙের। সত্যিকার চাঁদের মতো রুপালি। এভাবে অর্ধেকটা সূর্য আর একটা চাঁদ আমার হলো। মুমু আরেক দিন অনেক গাছ আর একটা পাখি এঁকে আমাকে দিল। ‘এত গাছ আর একটা পাখি?’ আমি বললাম। মুমু অনেক চিন্তা করে বলল, ‘পিকনিকে গেছে অন্য পাখিরা।’পিকনিকে গেছে পাখিরা?স্কুল থেকে কয়েক দিন আগে পিকনিকে গিয়েছিল মুমুরা। মুমু তার স্কুলের বন্ধু আর মিসরা। পাখিরাও গেছে সেরকম? পাখিদের সঙ্গে মিসরা যাননি?আমি বললাম, ‘পিকনিক থেকে পাখিরা ফিরবে না? ‘ফিরবে তো।’ মুমু বলল। ফিরলেই হলো। আমি ভাবলাম। মুমু যখন বলেছে ফিরবে। এভাবে অনেক গাছ আর একটা পাখি আমার হলো। পিকনিক থেকে অন্য পাখিরা ফিরলে অনেক হয়ে যাবে পাখিও। আরেক দিন মুমু, ওরে বাপরে! একটা পৃথিবী এঁকে আমাকে দিল। ‘এই ধরো তোমার পৃথিবী।’‘আমার পৃথিবী।’‘বললাম না!’ আমি আমার পৃথিবীটা দেখলাম। লাল নীল হলুদ সবুজ, অনেক রঙের একটা পৃথিবী, আমার পৃথিবী!আমার ঘর, আমার আকাশ, আমার সূর্য, আমার মেঘ, আমার পাখিরা...সব আমার। গোটা একটা পৃথিবীই আমার। তাহলে আমার আর কী দরকার? মুমু আরেক দিন ‘কী’ এঁকে দেয় দেখি।