মেক্সিকোর গুপ্ত সৈকত মারিতা আইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুকে যেভাবেই হোক একটা দল-উপদলে ভাগ করতে পারলেই বোধহয় সুবিধা বেশি। হয়তো সে কারণেই প্রথমবার তাজমহল দেখার পর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পৃথিবীর সব মানুষকে দুটি আলাদা দলে ভাগ করেছিলেন। একদল যারা মোগল সম্রাট শাহজাহানের এ অমর কীর্তি দেখেছে, আরেক দল যারা এখনো দেখেনি। কিন্তু সাগরসৈকত দেখার ওপর ভিত্তি করে বিশ্ববাসীকে ভাগ করা যায় কি না, সে বিষয়ে কিছু বলেননি ক্লিনটন। তবে মেক্সিকোর মারিতা আইল্যান্ড দেখলে তিনি আরেকটি শ্রেণীবিন্যাস করতেন, তাতে সন্দেহ নেই। মেক্সিকোর মারিতা আইল্যান্ডে লুকিয়ে আছে গোপন এক সাগরসৈকত। সেটি দেখলে মুখিয়ে থাকা বিতার্কিকদেরও চক্ষু-কর্ণের বিবাদ ঘুচে যেতে বাধ্য। এত ভণিতা না করে বরং বিষয়টি খোলাসা করা যাক।মেক্সিকোর নায়ারিত উপকূল থেকে কয়েক মাইল দূরে সাগরের বুকে হঠাৎ করেই জেগে উঠেছে বেশ কয়েকটি পাথুরে দ্বীপ। জনশূন্য এসব দ্বীপ মেক্সিকানদের কাছে মারিতা আইল্যান্ড নামেই পরিচিত। দ্বীপগুলোতে প্রতিবছর দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। মারিতা আইল্যান্ডের বিশেষ একটা দ্বীপই তাঁদের প্রধান আকর্ষণ। কারণ, এই দ্বীপে রয়েছে অপূর্ব কিন্তু গুপ্ত এক সৈকত। আক্ষরিক অর্থেই সৈকতটি গোপন এবং লোকচক্ষুর আড়ালে। বাইরে থেকে দ্বীপটি দেখে একটা আস্ত পাথরের দঙ্গল বলেই মনে হয়। এর ভেতরেই যে এক স্বর্গীয় সৌন্দর্য লুকিয়ে আছে, তা বোঝার উপায় নেই। সাগরতলের ছোট্ট এক সুড়ঙ্গ পথে অথবা পাহাড় ডিঙিয়ে পৌঁছাতে হয় সেখানে। এ ছাড়া স্বাভাবিক বা বিকল্প আর কোনো পথ নেই সেখানে যাওয়ার। এই সৈকতে যেতে বেশির ভাগ পর্যটক স্কুবা ডাইভিং করেন। সেখানে পৌঁছাতে পারলেই চোখের সামনে খুলে যায় অন্য এক জগৎ।প্রায় গোলাকৃতির সৈকতটিকে ঘিরে রেখেছে পাহাড়ের খাঁজ। খাঁজগুলো বেশ কিছুদূর ওপরে উঠে হঠাৎ করেই শেষ হয়ে গেছে হুডখোলা ছাদের মতো। তাই দিয়েই দেখা যায় একটুকরো নীল আকাশ। টলটলে স্ফটিকস্বচ্ছ জলরাশিতে পড়ে আকাশেরই ছায়া। সেখানে সাঁতরে বেড়ায় নানা সামুদ্রিক রংবেরঙের মাছ আর প্রাণী। ভূতত্ত্ববিদেরা বলেন, কয়েক হাজার বছর আগে সাগরের তলার আগ্নেয়গিরির লাভা উদিগরণের মাধ্যমে মারিতা দ্বীপের জন্ম হয়েছিল। তবে অনেক অনেক পরে সেখানে পড়েছিল মানুষের পদচিহ্ন। ইতিহাস বলছে, বিশ শতকের শুরুতে মেক্সিকান সরকার সেখানে সামরিক পরীক্ষা-নিরীক্ষা চালায়। ব্যাপক বোমা বিস্ফোরণে জীববৈচিত্র্য ধ্বংসের অভিযোগে গত শতাব্দীর ষাটের দশকে বিজ্ঞানী জ্যাকুইস কোসটিউ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তবে প্রথমে মেক্সিকান সরকার তাতে পাত্তা দেয়নি। ক্রমেই এ আন্দোলন জোরালো হলে বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ। টনক নড়ে মেক্সিকান সরকারের। বাধ্য হয়ে মারিতা আইল্যান্ড থেকে সেনাবাহিনী সরিয়ে সেটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা দেয় তারা। জীববৈচিত্র্য ঠিক রাখতে দ্বীপগুলোতে মানুষের আবাস, মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ করা হয়।একই কারণে পর্যটকের সংখ্যা সীমিত রাখতে মাত্র গুটিকয়েক প্রতিষ্ঠানকে মারিতা আইল্যান্ডে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে অ্যাডভেঞ্চার আর সৌন্দর্যপীপাসু মানুষকে তার পরও থামানো যায়নি। প্রতিবছর হাজারো পর্যটক মারিতা আইল্যান্ডের গুপ্ত এ রহস্য উন্মোচনে ছুটে আসেন। কারণ, দুনিয়ার যত গোপন আর নিষিদ্ধের প্রতিই তো সব মানুষের দুর্নিবার আকর্ষণ।