মেঘ বৃষ্টির পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশের ঈশান কোণে মেঘরাজের বাড়ি। কালোঝিরি পাহাড়ে তার জন্ম। ওখানেই বড় হয়েছে সে। এরপর এই কিছুদিন হলো আকাশের নীলকুচপাড়া থেকে বিয়ে করে এনেছে বৃষ্টিমালাকে। কিন্তু নতুন বউয়ের কোনোমতেই মনে ধরছে না মেঘরাজের বাড়িঘর। কালোঝিরি পাহাড়ে নাকি তার দম বন্ধ হয়ে আসে। তাই সে একদিন মেঘরাজকে দূরের সবুজঝিরি পাহাড় দেখিয়ে বলল, চলো, আমরা ওখানে গিয়ে থাকি। শুনে তো মেঘরাজের মেজাজ টং। বলে কী, তার এত দিনের বাড়িঘর ছেড়ে সে নাকি ওই সবুজঝিরিতে গিয়ে থাকবে! তাই হয় নাকি! এই নিয়ে মেঘরাজ আর বৃষ্টিমালার মধ্যে লেগে গেল ঝগড়া। মেঘরাজের তর্জনেগর্জনে কেঁপে উঠতে লাগল চারদিক। এমনকি পৃথিবীর মানুষেরাও সেই হুংকারে ভয় পেয়ে গেল। বলাবলি করতে লাগল, দেও ডাকছে রে...দেও ডাকছে। ভাসবে এবার চারদিক। এদিকে বৃষ্টিমালাও কম যায় না। সেও অভিমানে ফোলাতে লাগল ঠোঁট। সুযোগ বুঝে আকাশের নিচে খেলে বেড়ানো বাচ্চারা আবার বৃষ্টিমালাকে উসকে দিতে কাটতে লাগল ছড়া, আয় বৃষ্টি ঝেঁপে/ধান দেব মেপে...। সে ছড়া শুনে বৃষ্টিমালা তো আর তার অভিমান ধরে রাখতে পারল না। শুরু করে দিল অঝোরে কান্না। সেই কান্নায় ভেসে যেতে লাগল চারদিক, ডুবে যেতে লাগল মাঠঘাট। কান্নায় বন্ধ হলো মেঘরাজের তর্জনগর্জনও। মেঘরাজ নরম হয়ে বৃষ্টিমালাকে সাধাসাধি করতে লাগল কান্না থামাতে। শেষ পর্যন্ত না পেরে বৃষ্টিমালাকে নিয়ে সবুজঝিরি পাহাড়ে গেল থাকতে। কিন্তু পরদিনই হাঁপিয়ে উঠল মেঘরাজ। কালোঝিরি পাহাড়ের জন্য তার মন কেমন করতে লাগল। সে বৃষ্টিমালাকে বলল, তুমি থাকো এখানে। আমি চললাম। বলেই হনহনিয়ে চলে গেল তার পাহাড়ে। পেছনে গালে হাত দিয়ে বসে রইল নতুন বউ।বৃষ্টিমালাকে ফেলে চলে তো এল। কিন্তু কিছুই আর ভালো লাগে না মেঘরাজের। খেতে ভালো লাগে না। গাছপালা ভালো লাগে না। পাখির গান ভালো লাগে না। মন খারাপ করে সে এক গাছে হেলান দিয়ে বসে রইল। বসে রইল তো বসেই রইল। এদিকে দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে, মন খারাপ করে থাকতে থাকতে মেঘরাজ গেল ভীষণ শুকিয়ে। এত শুকিয়ে গেল যে, বিয়েতে বৃষ্টিমালা তার হাতে একটি খুব সুন্দর বালা পরিয়ে দিয়েছিল, সেটি কবজি গলে পড়ে গেল। তারপর পাহাড়ের ঢাল বেয়ে ঝিলিক তুলে সেটি গড়িয়ে পড়তে লাগল নিচে। এমন সময় পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি বাজপাখি। বালাটির ঝিলিকে চোখ ধাঁধিয়ে গেল তার। না জানি কি খাবার মনে করে তীব্র বেগে নেমে এসে ছোঁ মেরে বালাটি নিয়েই আবার উড়াল দিল পাখিটি। একেবারে গিয়ে থামল সবুজঝিরি পাহাড়ে। সেখানে তো আগে থেকেই হাত-পা ছড়িয়ে বসে কেঁদে যাচ্ছিল বৃষ্টিমালা। বাজটি যখন বালাটি নিয়ে এসে নামল, দেখে চমকে উঠল সে। আরে, এ বালা তো সে মেঘরাজকে দিয়েছিল। মেঘরাজের তো এটা খোলার কথা না। তবে কি তার কোনো বিপদ হলো? এসব নানা চিন্তায় কেঁপে উঠল বৃষ্টিমালার মন। সে বাজকে জিজ্ঞেস করল, এ বালা তুমি কোথায় পেলে? এদিকে খাবার ভেবে কষ্ট করে এনে বালা দেখে পাখিটার হয়ে গেছে মেজাজ খারাপ। খ্যাঁকখ্যাঁক করে সে বলল, কই আর পাব এসব হাবিজাবি জিনিস, ওই কালোঝিরি ছাড়া? ওখানে থাকে যেমন পাজি মেঘরাজ, তেমনি ওখানে যা পাওয়া যায় তাও খারাপ। বৃষ্টিমালা আকুল হয়ে জানতে চাইল, তুমি মেঘরাজকে চেনো? তাকে দেখেছ? সে ভালো আছে তো? বাজ বলল, অত কিছু জানি না। বালাটা গড়িয়ে পড়ছিল পাহাড় থেকে। আমি খাবার ভেবে নিয়ে এসেছি। বৃষ্টিমালা এবার বাজের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার একটা উপকার করো না! আমাকে একটু ওই কালোঝিরি পাহাড়ে নিয়ে চলো। এত সুন্দর বৃষ্টিমালার এমন আকুল অনুরোধে রাজি হলো বাজ। তার পরও বিরক্ত চেহারায় বলল, তাহলে বাছা ঝটপট উঠে পড়ো পিঠে। কী যে তোমার হলো বাপু বুঝি না, ওই পচা পাহাড়ে যেতে চাইছ!বৃষ্টিমালা আর কথা না বাড়িয়ে এক লাফে উঠে পড়ল বাজের পিঠে। উড়তে উড়তে এসে নামল কালোঝিরিতে। কিন্তু পুরো পাহাড় সুনসান নীরব। বৃষ্টিমালা ডাকতে লাগল, মেঘ...মেঘ...মেঘ...! কিন্তু রাজা মশায়ের তো তখন জবাব দেওয়ারও শক্তি নেই। যেমন ছিল তেমনি পড়ে রইল। একসময় বৃষ্টিমালাই তাকে খুঁজে পেল। দৌড়ে গিয়ে কোলে তুলে নিল মেঘরাজের মাথা। বৃষ্টিমালার ভালোবাসা আর আদরে আবার সুস্থ হয়ে উঠল মেঘরাজ। আবার ফিরে পেল তার হারানো শক্তি, প্রাণ। দুজনই বুঝতে পারল দুজনের ভুল। তারা বুঝল, ভালোবাসাই জীবন। সে পাহাড়কে ভালোবাসাই হোক আর প্রিয়জনকে ভালোবাসাই হোক। ভালোবাসা ছাড়া কিছুই সুন্দর লাগে না। তাই বৃষ্টিমালা বলল, আমি আর সবুজঝিরি পাহাড়ে যেতে চাইব না। এই কালো পাহাড়ই সুন্দর। মেঘরাজ তখন বলল, না না, তোমাকে আমি কষ্ট দেব না। তোমাকে আর আমি ফেলে আসব না। আমি তোমার সঙ্গে ওই সবুজ পাহাড়েই থাকব। তারপর তারা দুজন মিলে ঠিক করল, শীতে তারা থাকবে কালোঝিরি পাহাড়ে আর বসন্তে নানা ফুলে সবুজঝিরি যখন ভরে যাবে তখন তারা থাকবে সেখানে। তার পর থেকে মেঘ আর বৃষ্টি হাত ধরাধরি করে কালোঝিরি আর সবুজঝিরি পাহাড়ে উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়াতে লাগল। তাদের আনন্দ দেখে ঝলমল করে উঠল পৃথিবীও।