মোক ভূতে ডাঙ্গাইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার চার মামা আর তিন খালার মধ্যে সবার ছোট হলেন লাট্টু মামা। নামটা শুনে সবার খুব হাসি পাচ্ছে, তাই না? ছোট মামা মানে লাট্টু মামার আসল নামটা হলো মোহাম্মদ জহির আকন্দ। শুনেছি, আমাদের ছোট মামা সেই ছোটকাল থেকেই অস্থির স্বভাবের ছিলেন। এই এখন লাট্টু মামাকে এখানে দেখা গেল, কিছুক্ষণ পর দেখা যাবে পুকুরে সাঁতার কাটছেন অথবা মাছ ধরছেন বা গাছ থেকে আম পাড়ছেন। নানুভাইয়া হাজার শাসনেও মামার ভেতরে স্থিরতা আনতে পারেননি। লাটিমের মতো সারা দিন ঘুর ঘুর করতে থাকে। আর তাই নানুভাইয়া তাকে লাট্টু বলে ডাকতেন। সেই থেকে এ-মুখ ও-মুখ করে পুরো গাঁয়ের ছোট-বড় সবার কাছে মামা ‘লাট্টু’ নামে পরিচিতি লাভ করেন।ছাত্র হিসেবে লাট্টু মামা মধ্যম শ্রেণীর। তাঁর স্মরণশক্তি দারুণ। একবার কি দুবার কোনো পড়া পড়লে সেটা তাঁর মুখস্থ হয়ে যেত। এতই যাঁর স্মরণশক্তি, সেই মামা কোনো দিন পরীক্ষার মেধাতালিকায় স্থান করে নিতে পারেননি। আর পারবেন বা কীভাবে? স্কুলে হাজির থাকতেন কম। পড়ালেখায় মনযোগী ছিলেন না। প্রায় সারা দিন মাঠে-ময়দানে, বনে-বাদাড়ে, গাছগাছালিতে সময় কাটাতেন। তবে পরীক্ষার দিন দশেক আগে থেকে লাট্টু মামা নাওয়া-খাওয়া ছেড়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। তখন শুধু পড়া আর পড়া। ফল প্রকাশের দিন দেখা যেত, মামা সব বিষয়ে পাস করে ওপরের ক্লাসে প্রমোশন পেয়েছেন। লাট্টু মামা তাঁরই বয়সীদের নিয়ে গঠন করেছিলেন লাট্টু বাহিনী। সে দল ফুটবল, হাডুডু, নৌকাবাইচসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত। আবার মাঝেমধ্যে দল বেঁধে এর-ওর গাছ থেকে আম, জাম, কাঁঠাল ও নারকেল পেড়ে মজা করে খেত। এ জন্য মা-বাবাদের কাছে কম বকুনি খেত না তারা। তবে গাঁয়ের মানুষের বিপদ-আপদে তারাই সবার আগে এগিয়ে যেত। গাঁয়ের লোকেরা লাট্টু মামাসহ তাঁর দলের ছেলেদের ভালোবাসত।একদিন নানুভাই গত হলেন। মামা বিএ পাস করলেন। এখন তো আর ঘুরে বেড়ানো যায় না। চাকরি-বাকরি করতে হয়। তাই একদিন শহরে এসে আমাদের বাসায় উঠলেন। বাবা অনেক চেষ্টা-তদবির করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিলেন। মামার ওই এক ছোটকালের স্বভাব অস্থিরতা। তাই মাস দু-এক যেতেই সেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে। এভাবে তিন বছরের মধ্যে প্রায় পাঁচ-ছয়টা চাকরি বদল করেছেন। তারপর হঠাৎ একদিন লাট্টু মামা উধাও। আর কোনো খোঁজ পাওয়া গেল না। মা-বাবাসহ আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। আমি মামাকে খুব ভালোবাসতাম। মামা আমাদের মজার মজার গল্প শোনাতেন, তাঁর নানা অভিজ্ঞতার কথা শোনাতেন।প্রায় বছর তিনেক পর একদিন ভোরবেলা লাট্টু মামা এসে হাজির। বাইরের দরজা খুলতেই মামাকে দেখে আমি জড়িয়ে ধরে চিৎকার শুরু করলাম।মামা এসেছে, লাট্টু মামা এসেছে।আমার চিৎকারে মা-বাবা আর আমার ছোট দুই ভাইবোন দৌড়ে এল। মা তাঁর হারিয়ে যাওয়া ছোট ভাইকে পেয়ে জড়িয়ে ধরে সে কী কান্না! একসময় মা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন—ভাই আমার, তুই এত দিন কোথায় ছিলি? একটা টেলিফোন করলে বা চিঠিপত্র দিলে তো আমরা চিন্তামুক্ত হতাম। সব বলব, আপা। এখন আমাদের দুজনকে নাশতা দাও তারপর একে একে জমে থাকা সব কথা বলব।তোর সঙ্গে কে এসেছে আবার?রাঙা... রাঙা... বলতে বলতে মামা ঘরের বাইরে গেলেন। আমিও পিছু পিছু গেলাম। বাসার বাইরে দাঁড়িয়ে থাকা সাত-আট বছরের একটা ছেলেকে নিয়ে মামা ভেতরে এলেন। ছেলেটার চোখেমুখে একটু ভয় ভয় ভাব। চুলগুলো উষ্কখুষ্ক। দেখতে অনেকটা পাগল টাইপের। মামা ছেলেটাকে সবার সামনে এনে বললেন—এ হলো রাঙা। রংপুরের পীরগাছায় আমি যেখানে থাকি তার পাশের বাড়িটি হলো রাঙাদের।বাবা একটু বিরক্ত হলেন। তিনি মামাকে জিজ্ঞেস করলেন—এই পাগল ছোড়াকে কেন নিয়ে এসেছিস?ও পাগল নয়, দুলাভাই। চিকিৎসা করাতে ওকে শহরে নিয়ে এসেছি।পাগল নয়? এই ছোঁড়া, তোমার কী হয়েছে?রাঙা এদিক-ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে বলল—মোক ভূতে ডাঙ্গাইছে (আমাকে ভূতে পিটিয়েছে)।ভূতে ধরেছে। তাহলে শহরে কেন নিয়ে এলি? গ্রামে ভূত ছাড়ানোর বৈদ্য, কবিরাজসহ ঝাড়ফুঁকের লোক রয়েছে। তাদের দিয়েই ছোঁড়াটাকে সারিয়ে তুলতে পারতিস।দুলাভাই, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আপনি ভূতে বিশ্বাস করছেন? ভূত বলতে কিছু নেই। এক অজানা ভূতের ভয়ে রাঙা মানসিক রোগী হয়ে গেছে। তাই মানসিক ডাক্তার দেখাতে ওকে শহরে নিয়ে এলাম।তা এখন তোমার, কী করা হয়?ওই যে বললাম, রংপুরের পীরগাছায় আমি থাকি। সেখানে এক হাইস্কুলে আমি শিক্ষকতা করি।বাহ্, একটা মহৎ পেশা বেছে নিয়েছ।আর কথা নয়। আপা, এবার খেতে দাও। খুব খিদে পেয়েছে।মা খুব যত্ন করে ভাইটিকে আর রাঙাকে পাশে বসিয়ে খাওয়ালেন। তারপর এক লম্বা ঘুম দিলেন দুজন। সন্ধ্যার পর মামা রাঙাকে নিয়ে মানসিক ডাক্তারের কাছে গেলেন। ১০-১২ দিন ওষুধ খাওয়ার পর রাঙা বেশ স্বাভাবিক, মানে সুস্থ হয়ে উঠল। একদিন রাতের ট্রেনে মামা রাঙাকে নিয়ে তার প্রিয় গাঁয়ের মানুষ আর ছাত্রদের কাছে রওনা হলেন। আর আমাদের কাছে রেখে গেলেন রাঙাকে ভূতে ডাঙ্গানোার গল্প। গল্পটা হলো—রাঙা হলো খুব গরিব ঘরের সন্তান। সে ছোটকাল থেকেই নানি, মা আর খালাদের মুখে ভূতের গল্প শুনত। ভূতের গল্প শুনে শুনে ভূতের ভয় জন্ম নিল তার ভেতরে। সে অসুস্থ হওয়ার দিন গাঁয়ের হাটে গিয়েছিল সদাই করতে। সদাই সেরে যখন সে বাড়ি ফিরছিল, তখন সন্ধ্যা হয়ে গেছে। সেদিন চাঁদের আলো ছিল না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হাঁটতে হাঁটতে গোরস্থানের পাশে আসতেই তার শরীরটা ছমছম করে উঠল। তারপর ভয় আর ভয়। তার মনে হলো ভূত তাকে তাড়া করছে। সেই ভূতের ভয়ে পড়িমরি করে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে একসময় ‘মা গো’ বলে চিৎকার করে রাঙা অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে আসছিলেন আমাদের লাট্টু মামা। মামা রাঙাকে উঠিয়ে নিয়ে এলেন তাঁদের বাড়িতে। জ্ঞান ফেরার পর দেখা গেল ভূতের ভয়ে সে সবার দিকে তাকাচ্ছে আর বিড়বিড় করে কথা বলছে। মামা ঠিক বুঝতে পেরেছেন ভূতের ভয়ে রাঙা মানসিক ভারসাম্য হারিয়েছে। রাঙাকে কেউ জিজ্ঞেস করলে সে বলে ‘মোক ভূতে ডাঙ্গাইছে’।