মোরগ ও সোনার মোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আগের কথা। তখন বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খাঁ। তাঁর আমলে বাংলাদেশ ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ। তখনো ঢাকা ছিল বাংলার রাজধানী। তবে এত বহুতল বাড়ি আর মোটরগাড়ি তখন ছিল না। তখন বড় লোকেরা থাকতেন পাকা দালানে আর গরিব মানুষের ছিল মাটির ঘর-ছনের চালে। বুড়িগঙ্গা নদীর ধার দিয়ে ছিল ঢাকা শহরের বেশির ভাগ। সুবেদার শায়েস্তা খাঁর প্রাসাদ ছিল বাবুবাজারে পাকুরতলার কাছে। শায়েস্তা খাঁকে নিয়ে অনেক গল্প চালু আছে। তার একটি আজ তোমাদের শোনাব।ঢাকা শহরের কাছে ছিল যাত্রাবাড়ী নামের এক গ্রাম। সেই গাঁয়ে ছিল এক গরিব বুড়ি। তাঁর ছিল একটা ছোট্ট মোরগ। একদিন মোরগটি খালের ধারে কাদার মধ্যে খাবার খুঁজছিল। হঠাৎ করে সে পেয়ে গেল একটা সোনার মোহর। মোহরটা মুখে নিয়ে সে আনন্দে নাচতে লাগল। এমন সময় সুবেদার শায়েস্তা খাঁ তাঁর উজির, নাজির, সেনাপতি নিয়ে যাচ্ছিলেন খালের পাশ দিয়ে। মোরগের মুখে সোনার মোহর দেখে তিনি বললেন, ‘ছোট্ট মোরগ, তোমার মোহরটা আমায় দাও।’ ছোট্ট মোরগ রাজি হল না মোহরটা দিতে। সে বলল, ‘আমার মালিক খুব গরিব। তার এ মোহর অনেক কাজে লাগবে। আমি আপনাকে এ মোহর কিছুতেই দেব না।’সুবেদারের সঙ্গে কত লোক। তাঁদের গায়ে কত জোর। তাঁরা জোর করে মোরগের মুখ থেকে মোহরটা কেড়ে নিল। আর সুবেদারের হাতে তা দিল। সুবেদার খুশি হয়ে মোহরটা নিয়ে বাবুবাজার প্রাসাদে ফিরে গেলেন। তারপর তা সিন্দুকে ভরে রাখলেন।ছোট্ট মোরগ খেপে গেল। সে উড়ে গিয়ে প্রাসাদের পাচিলে বসল। খুব জোরে কঁ-কক-কক করে ডাক দিল। চিৎকার করে বলল, ‘কঁ-কক-কক, মহামান্য সুবেদার, আমার সোনার মোহরটা ফিরিয়ে দিন।’মোরগের চিৎকারে সুবেদার খেপে গেলেন। মোরগটা যাতে আর না চেঁচাতে পারে সেজন্য তিনি চাকরদের নির্দেশ দিলেন। বললেন, ‘এখনই এই দুষ্টু মোরগটাকে কুয়ার মধ্যে ফেলে দাও।’ চাকররা মোরগটাকে ধরে কুয়ার মধ্যে ফেলে দিল। ভাবল, মোরগটা হয়তো কুয়ার পানিতে ডুবে মরে যাবে। কিন্তু এক কাকের সঙ্গে ছিল মোরগের বন্ধুত্ব। কুয়ার পানিতে পড়ে মোরগটা চিৎকার করে কাককে ডাকতে লাগল, ‘কাক ভাই, তুমি তাড়াতাড়ি এসো। কুয়ার সব পানি তুমি খেয়ে নাও। নইলে আমি মরে যাব।’ তখনই একটা কাক উড়ে এল কুয়ার মধ্যে। আর সব পানি সে খেয়ে ফেলল এক নিমিষেই।ছোট্ট মোরগ সুবেদারের ঘরের জানালায় বসে ডাকতে লাগল, ‘কঁ-কক-কক, মহামান্য সুবেদার, আমার সোনার মোহরটা ফিরিয়ে দিন।’ সুবেদার শায়েস্তা খাঁ তখনই চাকরকে নির্দেশ দিলেন, ‘বেয়াদব মোরগটাকে ধরে আগুনের মধ্যে ফেলে দাও।’ ছোট্ট মোরগটা তখনই চিৎকার জুড়ে দিল, ‘কাক ভাই, আমাকে বাঁচাও। তোমার পেটের পানি উগরে দাও। আগুন নিভিয়ে দাও।’ কাকটা উড়ে এল। তার মুখ দিয়ে পেটের সব পানি উগরে দিল। আগুন তখনই নিভে গেল।ছোট্ট মোরগটা আবার সুবেদারের ঘরের জানালায় বসে চিৎকার শুরু করল, ‘কঁ-কক-কক, মহামান্য সুবেদার, আমার সোনার মোহরটা ফিরিয়ে দিন।’ সুবেদার এবার ভীষণ রেগে গেলেন। রাজপ্রাসাদের বারান্দায় ছাদের সঙ্গে ছিল একটা বিরাট মৌচাক। সুবেদার শায়েস্তা খাঁ চাকরকে নির্দেশ দিলেন, ‘মোরগটাকে ধরে মৌচাকের সঙ্গে ঠেসে ধরো। মৌমাছিরা হুল ফুটিয়ে ওকে মেরে ফেলবে।’ চাকর মোরগটাকে ধরে মৌচাকের সঙ্গে ঠেসে ধরল। ছোট্ট মোরগ চিৎকার করে কাককে ডাকল, ‘কাক ভাই, তুমি কোথায়? চাকের সব মৌমাছি গিলে খাও। আমাকে বাঁচাও।’ কাকটা উড়ে এল তখনই। আর নিমিষেই গিলে খেল সব মৌমাছি।ছোট্ট মোরগ উড়ে এল রাজপ্রাসাদে। সুবেদারের ঘরের জানালায় বসে ডাকল, ‘কঁ-কক-কক, মহামান্য সুবেদার, আমার সোনার মোহরটা ফিরিয়ে দিন।’ সুবেদার শায়েস্তা খাঁ এবার চিন্তায় পড়ে গেলেন। মোরগটাকে কীভাবে শাস্তি দেওয়া যায়? তিনি চাকরকে নির্দেশ দিলেন, ‘মোরগটাকে ধরে আমার কাছে নিয়ে এসো।’ চাকর ছোট্ট মোরগটাকে ধরে সুলতানের কাছে নিয়ে এল। সুলতান যেই না হাত বাড়িয়ে মোরগটাকে ধরতে গেলেন, ঠিক তখনই মোরগটা হাত ফসকে পালিয়ে গেল। আর সারা ঘর লণ্ডভণ্ড করে দিল। ছোট্ট মোরগটা চিৎকার করতে লাগল, ‘কাক ভাই, কাক ভাই, তাড়াতাড়ি এসো। তোমার পেটে যত মৌমাছি আছে সব বের করে দাও। ওরা সব হুল ফুটিয়ে দেবে সুবেদারের গায়ে।’ কাকটা উড়ে এল। আর পেটের সব মৌমাছি উগরে দিল। মৌমাছিরা সুবেদারের সারা গায়ে হুল ফোটাতে লাগল।মৌমাছির কামড়ে সুবেদার উহ্ আহ্ করতে লাগলেন। মৌমাছির কামড়ে অতিষ্ঠ হয়ে চাকরকে বললেন, ‘আমি এখনই সোনার মোহর ফিরিয়ে দিচ্ছি। মোরগটাকে আমার ধন-দৌলতের ঘরে নিয়ে যাও। সেখানে সিন্দুকের মধ্যে সোনার মোহর আছে। মোরগটাকে সোনার মোহরটা ফিরিয়ে দাও।’চাকর সিন্দুক খুলল। এমন সময় ছোট মোরগটা চিৎকার করে বলল, ‘কাক ভাই, সিন্দুকে যত টাকাকড়ি আছে সব খেয়ে ফেল।’ কাকটা উড়ে এসে সুবেদারের সব টাকাকড়ি খেয়ে ফেলল। আর খেয়ে ফেলল সেই সোনার মোহর।এরপর ছোট্ট মোরগ আর কাক উড়ে গেল যাত্রাবাড়ী গ্রামে। যাত্রাবাড়ী খালের ধারে ছোট্ট কুটিরে অপেক্ষায় ছিল সেই বুড়ি। বুড়ির সামনে বসে কাকটি সব টাকাকড়ি আর সোনার মোহর উগরে দিল। এত টাকা পেয়ে বুড়ির অভাব গেল ঘুচে। সে হলো ঢাকার অন্যতম ধনী মহিলা। এরপর যাত্রাবাড়ী খালের ধারে একটি সুন্দর বাড়ি বানিয়ে বুড়ি, ছোট্ট মোরগ আর কাক সুখে দিন কাটাতে লাগল।