মৌচাকে ঢিল
কদিন ধরে মনের ভেতরে একটা ইচ্ছা ছটফট করছে সীমান্তের। ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে স্কুলে যাওয়ার পথে। বিশেষ করে, স্কুলের গেট দিয়ে ঢোকার সময়। কারণ, গেটের সামনে রহমান ভাইয়ের চায়ের দোকানের পরে যে কৃষ্ণচূড়ার গাছটা রয়েছে তার মগডালে ঝুলে আছে ইয়া বড় এক মৌচাক। কত মৌমাছি। ভোঁ ভোঁ শব্দ করে উড়তে উড়তে ক্লাসরুমেও চলে আসে দল বেঁধে। ভয়ে এদিক-সেদিক দৌড়াতে থাকে সবাই। জাফর স্যার বলেছেন, তারা নাকি সারা দিন ফুলের সন্ধান করে মধু সংগ্রহ করার জন্য। তাহলে ক্লাসরুমে আসার কী দরকার, ক্লাসরুমে কি ফুলের বাগান আছে? আসলে ওরা ভয় দেখাতেই আসে বলে সীমান্তের ধারণা। আর তাই কয়েক দিন ধরেই মাথার ভেতরে ইচ্ছাটা ঘুরপাক খাচ্ছে। মৌচাকে একটা ঢিল ছুড়ে মারলে কেমন হয়। তাহলে ওরা অন্য কোথাও চলে যাবে। দল বেঁধে আর ভয় দেখাতে আসবে না ক্লাসরুমে।একদিন ক্লাসের ফাঁকে তপুকে কথাটা বলতেই ভীতুটা কাঁপতে শুরু করল।বলে কিনা—না রে, মামার কাছে শুনেছি, মৌমাছি কামড় দিলে অজ্ঞান হয়ে যায় মানুষ।যা, অজ্ঞান হয়ে যায়! মিথ্যা কথা। এই সেদিন ভাইয়াকে মৌমাছি কামড় দিয়েছিল। চুন লাগিয়ে দিতেই ব্যথা নেই। তুই কি ভয় পাচ্ছিস?না তো।তাহলে এমন করছিস কেন?যদি কামড় দেয়?কামড় দেবে কী করে? আমরা তো ঢিল ছুড়েই পালাব।মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ওরা দুজনই। গরমের কারণে এখন ওদের সকালেই ক্লাস হয়। ঠিক ১২টার সময় ছুটির ঘণ্টা বেজে ওঠে। প্রতিদিনের মতো আজও হইহুল্লোড় করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে সবাই। কিন্তু সীমান্ত আর তপু বেরোয় একেবারে ভিন্নরূপ ধরে। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের মাঠ পেরিয়ে গেটের দিকে ওরা এগিয়ে চলেছে। গেট পেরিয়েই সোজা রহমান ভাইয়ের দোকানের পেছনে চলে এল দুজন। ঠিক কৃষ্ণচূড়াগাছটার নিচে। একটু দূরেই ঝুলে আছে বিশাল আকৃতির মৌচাক। ঠিক এমন সময় পেছন থেকে তপু হাত ধরে বলে, দেখেছিস, কত বড় বড় মৌমাছি। একটা কামড় দিলে আর সাত দিন স্কুলে আসতে পারবি না।দূর, তুই খালি খালি ভয় পাস।আজ থাক রে, তার চেয়ে চল বাসায় গিয়ে ক্রিকেট খেলি।তপু, তুই কি ভয় পাচ্ছিস? ভয় পেলে তুই এখান থেকে যা, আমি একাই পারব। এদের আজ শায়েস্তা করতেই হবে। তা না হলে রোজ রোজ দল বেঁধে ক্লাসে গিয়ে বিরক্ত করবে। শোন, ঢিল ছুড়ে মেরেই দৌড়ে বড় মাঠের দিকে যাব। তাহলে অন্য কেউ বুঝতেও পারবে না আমরা ছুড়ে মেরেছি।ওদের স্কুলের বিপরীত পাশেই মথুরাপুর পাবলিক হাইস্কুল। হাইস্কুলের মাঠটি অনেক বড়। অবশ্য এ নিয়েও আগে সীমান্তের মন খারাপ থাকত প্রায়ই। কারণ, ওদের স্কুলের মাঠ অনেক ছোট। আর ভাবত, আমাদের স্কুলের মাঠটা যদি ওই স্কুলের মতো বড় হতো, তাহলে কতই না মজা হতো। স্কুল ছুটির পর নিজেদের মাঠেই খেলতে পারতাম। এখন স্কুল ছুটির পর বড় মাঠে খেলতে গেলে ওই স্কুলের ফিজিক্যাল টিচার রমেশ স্যার ডেকে বলেন, এখন খেলবি না ক্লাস চলছে। স্কুল ছুটি হলে খেলতে আসিস।স্কুল ছুটির পর ওই মাঠে তো বড়রা খেলে। না ওদের সঙ্গে আমাদের খেলতে নেয়, না মাঠে খেলতে দেয়। ভাবখানা এমন, যেন স্কুল যার মাঠও তার। মাঠ নিয়ে এ সমস্যার কথা জাফর স্যারকে একদিন বলেছিল সীমান্ত। কথা শুনে জাফর স্যারের সে কী হাসি! হাসতে হাসতে বলেন, যেদিন তুই এই স্কুলের পড়া শেষ করে ওই স্কুলে ভর্তি হবি, সে দিন ওই মাঠও তোর হবে। যা অঙ্ক কর গিয়ে।কয়েকবার ঢিল ছুড়ে মারার পরও লাগল না যখন, তখন সীমান্ত বলল, তপু, তুই মার, তুই না ঢিল ছুড়ে আম, পেয়ারা পাড়তে পারিস। তোরটা লাগবে, মার।না রে, আমার না ভয় করছে।দূর, ভয় কিসের? ঢিল ছুড়েই বড় মাঠের দিকে দৌড়ে চলে যাব।ঠিক আছে, কিন্তু তুই ঢিল ছুড়ে মারার আগে দৌড়াবি না।ঠিক আছে।তপুর ছুড়ে মারা ঢিল মৌচাকের ঠিক মাঝখানে গিয়ে লাগল। অত বড় মৌচাকটা এক ঢিলেই ভেঙে গেল। কিন্তু এ কী, মৌমাছিগুলো দল বেঁধে ওদের দুজনকে তাড়া করতে লাগল। শরীরের সব শক্তি দিয়ে দৌড়েও মৌমাছিগুলোর সঙ্গে পারছে না। এদিকে মৌমাছিগুলো ইচ্ছামতো কামড় দিতে শুরু করেছে। ওহ্! খুব যন্ত্রণা হচ্ছে। এত ব্যথা কেন ওদের কামড়ের।সীমান্তের যখন জ্ঞান ফিরল, তখন প্রায় সন্ধ্যা। চোখ খুলে দেখে নিজের বিছানায় শুয়ে আছে। চারপাশে অনেক চেনা মুখ দাঁড়িয়ে তাকে দেখছে। উহ! সারা শরীরে কী ব্যথা। ওমা, হাত দুটো ফুলে যে চারটা হাতের সমান হয়েছে।পরে জানতে পারে সে মৌমাছির কামড়ে জ্ঞান হারিয়ে স্কুলের মাঠে পড়ে যায়। স্কুলের স্যাররা তাকে বাসায় নিয়ে আসেন। তারপর ডাক্তার, ইনজেকশন, ওষুধ—আরও কত কি। আর তপু দুটো মৌমাছির কামড়েই নাকি বিছানা থেকে উঠতে পারে না। ভীতুর ডিমটাকে দুটো কেন, ২০০ মৌমাছি কামড়ানো উচিত ছিল।এখন সীমান্ত মৌমাছি দেখলেই খুব ভয় পায়। ভাবে, এই বুঝি দুষ্টুমি করে মৌচাকে ঢিল ছুড়বে। অমনি গায়ে এসে পড়বে মৌমাছির দল। তারপর ইচ্ছামতো কামড় বসাবে। আবার অজ্ঞান হয়ে যাবে, আবার ইনজেকশন, সারা শরীর ব্যথা। উহ! আর ভাবতে চায় না সীমান্ত।