যূথী ও দুখিনী রাজকন্যা
যূথী তার মায়ের কাছে গল্প শোনে। ছোট্ট রাজকন্যার বাবা হারানোর গল্প, রাজকন্যাকে নিয়ে লালপরি আর নীলপরির চাঁদের দেশে যাওয়ার গল্প। দুখিনী রাজকন্যাকে পরিরা তাদের বড় বড় পাখায় করে উড়িয়ে নিয়ে যায় চাঁদের দেশে। রংধনুর সাত রঙে পরিরা রাজকন্যাকে সাজিয়ে দেয়। রাজকন্যার কান্না থামাতে শত শত পরি তাকে ঘিরে নাচে। সুন্দর সুন্দর গান গায়। তবু রাজকন্যার কান্না থামে না। মা বলে, চাঁদের দেশে এসে রাজকন্যার বাবা নাকি হারিয়ে গেছে। ছোট রাজকন্যা তাই সারাক্ষণ বাবাকে খুঁজে বেড়ায়। কিন্তু তার বাবা কোথাও নেই। বাড়িতেও নেই, চাঁদের দেশেও নেই। গল্প শুনে শুনে ছোট রাজকন্যা লালপরি আর নীলপরিকে যূথী খুব ভালোবেসে ফেলে। প্রতিদিন সে মায়ের কাছে বায়না ধরে, ‘মা, তুমি অফিসে গিয়ে লালপরি আর নীলপরিকে আমার কাছে পাঠিয়ে দিয়ো। আমি তাদের সঙ্গে চাঁদের দেশে যাব।’ যূথী সারা দিন অপেক্ষা করে। কিন্তু লালপরি আর নীলপরি বাসায় আসে না। দুপুর যায়, বিকেল যায়। তার মন খারাপ হয়। মা অফিস থেকে ফিরে যূথীকে খাওয়াতে গেলে সে রাগ করে। মা বলে, ‘পরিরা এখন অনেক ব্যস্ত। কয়েক দিন পর তোমার কাছে ঠিক চলে আসবে। রাজকন্যার মতো তোমাকে নিয়ে তারা চাঁদের দেশে তোমার বাবার কাছে যাবে।’ বাবার সঙ্গে দেখা হচ্ছে না—এটি যূথী কিছুতেই বুঝতে পারে না। একা একা চাঁদের দেশে বাবা কী করে থাকে? বাবাকে কে রান্না করে দেয়? বাবার বাসায় মনে হয় অনেকগুলো পুতুল। সারা দিন বাবা পুতুলের সঙ্গে খেলা করে। যূথীরও খুব ইচ্ছে করে পুতুলের সঙ্গে খেলতে—পুতুলকে সুন্দর টিপ পরিয়ে দিতে, চুল আঁচড়িয়ে দিতে, চুলে ফিতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে। সকালে মা অফিসে চলে গেলে যূথী রহিমা খালার সঙ্গে বারান্দায় এসে বসে। তার সমবয়সী ছেলেমেয়েরা স্কুলড্রেস পরে বইখাতা ব্যাগে নিয়ে স্কুলে যায়। যূথীরও তখন স্কুলে যেতে ইচ্ছে করে। মা বলেছে, তাকে স্কুলে ভর্তি করে দেবে। যূথী ভাবে, স্কুলে যেতে পারলে অনেক মজা হবে। তার অনেক বন্ধুবান্ধব হবে। জন্মদিনে বন্ধুরা বাসায় আসবে। একসঙ্গে খেলবে। প্রিয় বান্ধবীর ছেলে পুতুলের সঙ্গে সে তার প্রিয় পুতুল ডলির বিয়ে দেবে। বাবার সঙ্গে দেখা হলে চাঁদের দেশ থেকে ডলির জন্য একটি সাত রঙের জামা কিনে আনতে বলবে। আর বলবে একটি ময়না পাখি কিনে দিতে। টিভিতে দেখা ময়না পাখির বিজ্ঞাপনটি যূথীর ভীষণ প্রিয়। ময়না পাখিকে সে ছড়া শেখাবে, গান শেখাবে। বাবাকে বলবে অনেকগুলো রংপেনসিল কিনে দিতে। চিড়িয়াখানায় একদিন বাবাকে সে নিয়ে যাবেই যাবে। বড় বড় হাতি, বাঘ, সিংহ, সাপ, জিরাফ আর সুন্দর সুন্দর জেব্রা, হরিণ, রংবেরঙের পাখি বাবাকে অবশ্যই দেখাতে হবে। রাতে চুপিচুপি মাকে বলে রাখতে হবে, যেন অফিসে যাওয়ার সময় মা বাইরের দরজায় তালা দিয়ে যায়। তাহলে বাবা আর তাকে ছেড়ে চাঁদের দেশে চলে যেতে পারবে না।একদিন সত্যিই লালপরি আর নীলপরি যূথীর কাছে আসে। তারা তাকে পাখায় নিয়ে উড়তে থাকে। সাদা মেঘের ভেতর দিয়ে যূথীকে নিয়ে অনেক ওপরে উঠে যায়। নিচের দিকে তাকিয়ে যূথী দেখে, তাদের বাসা, শিশুরা স্কুলে খেলাধুলা করছে। টিভিতে দেখা গাছপালা কত সবুজ দেখাচ্ছে। নদীগুলো সাপের মতো এঁকেবেঁকে চলে যাচ্ছে। ওপরে যেতে যেতে সে একেবারে চাঁদের বুড়ির কাছে পৌঁছে যায়। চাঁদবুড়ির কাছে তাকে বসিয়ে রেখে লালপরি আর নীলপরি কোথায় যেন চলে গেছে। সে অবাক হয়ে দেখে, চাঁদবুড়ি ঠিক তার প্রিয় পুতুল ডলির মতো। সাত রঙের জামা পরে চুলে ফিতা দিয়ে তার দিকে তাকিয়ে হাসছে।আরে, ওই তো বাবা! বাবা তার জন্য খাঁচায় করে একটি ময়না পাখি আর অনেক অনেক রংপেনসিল নিয়ে এসেছে। বাবা বলে, ‘চলো, আমরা লালপরি আর নীলপরিকে খুঁজে বের করি।’ খুশিতে আত্মহারা হয়ে যায় যূথী। ওই তো সেই দুখিনী রাজকন্যাকে ঘিরে রঙিন পরিরা নেচে-গেয়ে আনন্দ করছে। ছোট্ট রাজকন্যা দৌড়ে এসে যূথীকে নিয়ে যায় সবার মাঝখানে। এর মধ্যেই সে বাবাকে হারিয়ে ফেলে। এবার লালপরি আর নীলপরি এসে বলে, ‘মা তোমার জন্য কাঁদছে। চলো, আমরা মায়ের কাছে ফিরে যাই।’ মা কাঁদছে শুনে যূথী বলে, ‘চলো, তাড়াতাড়ি মায়ের কাছে যাই।’ এক হাতে ময়না পাখি, আরেক হাতে রংপেনসিল নিয়ে সে লালপরি আর নীলপরির পাখায় উঠে বসে। বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সে বাবাকে ডাকতে থাকে। কিন্তু বাবা তার ডাক শুনতে পাচ্ছে না। তার বাবা দূর থেকে আরও দূরে হারিয়ে যেতে থাকে। লালপরি আর নীলপরি মেঘের ভেতর দিয়ে নিচে নামতে থাকে। মেঘের ছোঁয়ায় তার সারা শরীর ভিজে যাচ্ছে। বারান্দায় হুইলচেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল যূথী। ‘বাবা বাবা’ ডাক শুনে রান্নাঘর থেকে রহিমা খালা ছুটে আসে। বৃষ্টির ঝাপটায় ততক্ষণে যূথী অনেকটাই ভিজে গিয়েছে। মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা