যে মাছ ছুঁতে মানা
রংচঙে বাহারি এক মাছ। শরীরে আছে পাখনার কারুকাজ। সাগরের নীল জলে যখন মাছটি সুদৃশ্য পাখনা নেড়ে আয়েশি ভঙ্গিতে সাঁতার কেটে এগিয়ে যায়, মনে হবে যেন ঝালর নেড়ে মজা করছে সে। তবে সাবধান! মাছটি কিন্তু ছুঁতে মানা। ওর ঝালরের মতো পাখনায় লুকানো আছে সুচের মতো বিষাক্ত কাঁটা। একটি-দুটি নয়, বেশ কয়েকটি। তা ১৮টি তো হবেই। ছোট ছোট মাছ শিকার ও আত্মরক্ষার জন্য এসব কাঁটা ওরা জন্ম থেকে নিয়ে আসে। খুদে মাছ আর কুঁচো চিংড়ি এই কাঁটার এক খোঁচাতেই ঘায়েল। আর মানুষের গায়ে যদি কখানো এই কাঁটা ফোটে, তাহলে ব্যথায় লাফালাফি শুরু হয়ে যাবে। যেখানে কাঁটা ফুটবে, ওই স্থানটি তাত্ক্ষণিকভাবে অবশ হয়ে যেতে পারে। হতে পারে বমি বমি ভাব, দেখা দিতে পারে শ্বাসকষ্ট। তবে ওদের কাঁটার খোঁচা খেয়ে মানুষের মৃত্যুর নজির নেই।সুন্দর রূপের আড়ালে লুকানো এই ভয়ংকর মাছটির নাম হচ্ছে ‘লায়ন ফিশ’। বাংলা করলে দাঁড়ায় ‘সিংহমাছ’। আরও কয়েকটি নাম আছে এই মাছের। কেউ বলে টারকি ফিশ, কেউ বলে ড্রাগন ফিশ, কারও কাছে স্করপিয়ন ফিশ, আবার কেউ কেউ বলে ফায়ার ফিশ।লায়ন ফিশের আসল ঠিকানা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা। তবে বিশ্বের বিভিন্ন সাগরের উষ্ণ জলের প্রবাল-প্রাচীরে ওদের দেখা মেলে। পশ্চিম অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফেঞ্চ পলিনেশিয়া, জাপানের উত্তর থেকে দক্ষিণাঞ্চল, দক্ষিণ কোরিয়ার সাগরজলে প্রচুর লায়ন ফিশ রয়েছে। প্রশান্ত মহাসাগর ছাড়া ভূমধ্যসাগর, ক্যারিবীয় সাগর ও লোহিতসাগরে রয়েছে এই মাছ। লম্বায় লায়ন ফিশ সাধারণত ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার (১২ ইঞ্চি) হয়ে থাকে। আবার টেনিস বলের মতো ছোট আকারের লায়ন ফিশও রয়েছে। ক্যারিবীয় লায়ন ফিশ বেশ বড় হয়ে থাকে। দৈর্ঘ্যে ওরা ৫৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বিষাক্ত কাঁটা ওরা শিকার ধরার চেয়ে আত্মরক্ষার কাজেই বেশি লাগায়। সাধারণত দলবেঁধে বাস করে ওরা। মাছ হিসেবে আয়ু কিন্তু কম নয়। একটি লায়ন ফিশ ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। ওয়েবসাইট অবলম্বনে শরিফুল ইসলাম ভূঁইয়া