যে শহরে মরতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর উত্তর মেরু ঘেঁষা দেশ নরওয়ে সম্পর্কে কমবেশি তোমাদের সবারই জানা। এই দেশটির মূল ভূখণ্ড থেকে আরও উত্তরে ভালবার্ড দ্বীপপুঞ্জের একটি শহরের নাম লংইয়ারবিন। উত্তর মেরু ঘেঁষা এ রকম শহর খুব বেশি নেই। ভৌগোলিক কারণে এখানে গ্রীষ্মকালে দিনরাতে একটানা সূর্য থাকে। তারপর আবার একটানা অন্ধকার নেমে আসে কয়েক মাসের জন্য। প্রচণ্ড শীত, সেই সঙ্গে পেঁজা তুলার মতো তুষারপাত শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য এক বেশ মজার সময়। স্বাভাবিক কারণেই স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। তবে বিপদও কম নেই। কারণ, এ সময়টাতেই মেরু ভল্লুক শিকার খুঁজতে লোকালয়ে চলে আসে। ফলে অধিবাসীদের সাবধানে থাকতে হয়।তবে এই শহরের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, লংইয়ারবিন শহরে আইনত মরতে মানা। শহরে খুব ছোট্ট একটা কবরস্থান আছে। কিন্তু কেউ যদি মরে যায়, তাহলে অধিকাংশ সময় তাকে এখানে কবর দেওয়া হয় না। অবশ্য শুনে যতই হাস্যকর মনে হোক না কেন, এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় শীতকালে এসব এলাকার তাপমাত্রা বেশির ভাগ সময় হিমাঙ্কের নিচে নেমে যায়। অনেকেই হয়তো জানো, হিমাঙ্কের নিচের তাপমাত্রায় ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রায় নিষ্ক্রিয় হওয়ায় কোনো জিনিস পচে না। ফ্রিজে যে কারণে কোনো জিনিস অনেক দিন টাটকা থাকে। তাই এখানে কোনো মৃতদেহ কবর দিলে তা পচে না। দিনের পর দিন তা প্রায় অবিকৃত অবস্থায় রয়ে যায়। এ কারণে এ কবরস্থানে নতুন মৃতদেহ কবর দেওয়া বেশ কঠিনই বটে।তাই কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে শহরবাসীর জন্য এ নিয়ম বেঁধে দিয়েছে। কেউ মরে গেলে তাকে সাধারণত অন্য কোনো শহরে কবর দিতে উৎসাহিত করা হয়। আরও মজার ব্যাপার হচ্ছে, কবরস্থানে ভাগ্যক্রমে একটু জায়গা মিললেও কোনো মৃতদেহ সেখানে ৭০ বছরের বেশি রাখা নিষেধ। ৭০ বছর পর মৃতদেহ অন্য কোথাও স্থানান্তরিত করতে হয়। বিষয়টা মজার মনে হলেও লংইয়ারবিন শহরবাসীর জন্য বেশ কষ্টের, তাই না? শারমীন আফরোজ, ন্যাটজিও কিডস অবলম্বনে