রংধনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপু দুপুরের খাওয়ার পর মায়ের কাছে শোয় না। সুতপার কাছে ঘুমাতে চায়। তপু কেন সুতপার কাছে ঘুমাতে চায়, সুতপা সেটা ভালো করেই বোঝে। তবুও বলে, ‘ভাই যা, মায়ের সঙ্গে ঘুমা। মা মজার মজার কত গল্প বলে।’ তপু খিলখিল করে হেসে সুতপার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ‘না আপু, আমি তোমার সঙ্গে শোব। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না।’ সুতপা আর কী করে? ভাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। কিন্তু তপু সহজে চোখ বন্ধ করে না।সুতপা বলে, ‘ভাই, তাকিয়ে আছিস কেন? ঘুমিয়ে পড়।’তপু বলে, ‘না, আমি ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি উঠে যাবে।’ রাগে সুতপার নাক ফুলে ফুলে ওঠে। তবু নিজেকে সামলে বলে, ‘ঠিক আছে, আমিই ঘুমিয়ে পড়ি।’সুতপা চোখ বন্ধ করে শুয়ে থাকে। তপু তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে।বিকেলে সুতপা রিংকিদের বাড়িতে পুতুল খেলে। অন্য কোনো খেলার সময় তপুকে নিয়ে গেলেও পুতুল খেলার সময় তপুকে নিয়ে যেতে চায় না। কিছুদিন আগেই রিংকির ছেলে-পুতুলের সঙ্গে শম্পার মেয়ে-পুতুলের বিয়ে দিল। বিয়ের দিন সবাই কত আনন্দ করল। ঝুমা, সুমি, অর্পা সবাই তাদের পুতুলদের নিয়ে এসেছে বিয়ের অনুষ্ঠানে। খাওয়াদাওয়ার পর্ব শেষ হলেই বিয়ে হবে। নাচ হচ্ছে, গান হচ্ছে। সবাই কত উপহার নিয়ে এসেছে। সুতপা বর আর কনে-পুতুলের জন্য পুঁতির মালা নিয়ে এসেছে। সবাই ওর উপহারের খুব প্রশংসা করছিল। তপু কখন যে কনে-পুতুলকে নেড়েচেড়ে দেখছিল, কেউ খেয়াল করেনি। আর দেখতে দেখতে পুতুলটির একটি হাত ভেঙে ফেলল। শম্পার সে কী কান্না। সবাই তপুর ওপর ভীষণ রাগ করল। যদিও মুখে কেউ কিছু বলেনি। কিন্তু ওদের চোখ-মুখের ভাবে সেটা ঠিকই প্রকাশ পাচ্ছিল। রাগে সুতপার কান্না চলে এল। কিন্তু কী আর করা? ভাইকে বকে তো লাভ নেই। সেদিনের পর থেকে তপুকে আর পুতুল খেলায় নিয়ে যায় না। অন্য কোনো খেলা হলে নিয়ে যায়। কিন্তু তপুও নাছোড়বান্দা। আপুর সঙ্গে যাবেই।ঘুম থেকে জেগে তপু দেখে সুতপা নেই। তপু বিছানায় বসেই ভ্যাঁ করে কেঁদে ফেলে। তপুর কান্না শুনে মা দৌড়ে আসে।তপু কাঁদতে কাঁদতেই বলে, ‘মা, আপু কোথায়?’‘ও, এই কথা! তুমি ঘুমিয়ে ছিলে। তাই তোমাকে ডাকেনি। সুতপা রিংকিদের বাড়িতে গেছে।’‘না মা, তুমি জানো না, আপু আমাকে পুতুল খেলায় নিতে চায় না। তাই লুকিয়ে চলে গেছে।’ততক্ষণে তপুর বাবা অফিস থেকে চলে এসেছেন। মা-ছেলের কথা শুনে বলেন, ‘সুতপা এটা ঠিক করেনি। ভাইকে নিয়ে যাবে তো। নইলে ও খেলবে কার সঙ্গে।’বাবার সম্মতি পেয়ে তপু আরও জোরে জোরে কাঁদতে থাকে।মা তপুকে রিংকিদের বাড়িতে দিয়ে আসে। মা গেটে দাঁড়িয়ে থাকে। তপু দৌড়ে গিয়ে দরজায় আওয়াজ দেয়। রিংকি এসে দরজা খুলে দেয়। ‘আপু কোথায়?’ তপুর আওয়াজ পেয়ে সুতপা ছুটে আসে।তপু গাল ফুলিয়ে বলে, ‘আমাকে খেলতে নিয়ে আসোনি। বাবা ভীষণ রাগ করেছে তোমার ওপর। যাও আজকে বাড়িতে, দেখাবে মজা।’বন্ধুদের সামনে তপুর এই কথা শুনে সুতপা ভীষণ অপমান বোধ করে। ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে। এসেই কাঁদতে থাকে। বাবা-মা দুজনেই অবাক। এটা আবার কী হলো?সুতপা কাঁদতে কাঁদতে বলে, ‘ভাই সবার সামনে আমাকে খারাপ কথা বলেছে। বাড়িতে এলে বাবা নাকি আমাকে মজা দেখাবে।’বাবা তপুর কাছে এগিয়ে এসে বলেন, ‘এটা তোমার ঠিক হয়নি, তপু। আপুর সঙ্গে এভাবে কথা বলতে হয় না।’তপু বলে, ‘ঠিক আছে, আর বলব না।’ভাইবোনের মিল হয়ে যায়। এ ছাড়া ওদের মধ্যে ঝগড়া বেশিক্ষণ থাকে না। সুতপা তপুকে ভীষণ ভালোবাসে। আর তপুরও আপু বাদে ভালো লাগে না।আজ সকাল থেকেই আকাশ মেঘলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাস। সুতপার স্কুল ১২টায় ছুটি হয়। স্কুল থেকে ফিরে সুতপা দেখে তপু বিছানায় শুয়ে আছে। সুতপাকে দেখে হাসার চেষ্টা করে। সুতপা ভাইয়ের চেহারা দেখেই বুঝতে পারে, কিছু একটা হয়েছে। স্কুলব্যাগটা কাঁধ থেকে রেখে ভাইয়ের কাছে এগিয়ে যায়।তপু বলে, ‘আপু, আমার জ্বর হয়েছে।’সুতপা মাথায় হাত বুলিয়ে দেয়, ‘বলে, জ্বর বেশি না। দেখিস, তাড়াতাড়ি ভালো হয়ে যাবি।’বিকেলে সোনালি রঙের রোদ ওঠে। আকাশে রংধনু। রংধনুর সাত রং হয়, সুতপা সেটা জানে। রংগুলোর নামও মুখস্থ ওর। এমন দিনে কি ঘরে বসে থাকতে ইচ্ছে করে?সুতপা তপুকে বলে, ‘ভাই, মাঠে যাবি?’তপু মুখটা মলিন করে বলে, ‘না, যাব না, আমার কিছু ভালো লাগছে না।’ মা বলেন, ‘আজ বাইরে যাওয়ার দরকার নেই। শরীর আরও খারাপ করতে পারে।’সুতপা একাই রওনা হয় মাঠে। বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ কত কিছু করে। কিন্তু আজ কোনো কিছুই যেন ভালো লাগছে না। অন্যদিন হলে ভাই সঙ্গে আসার জন্য বায়না করত। সুতপার আগেই জুতা পরে দরজায় দাঁড়িয়ে থাকত। আজ কেমন বিছানায় শুয়ে আছে! সুতপার হঠাৎ ভাইয়ের জন্য ভীষণ মন খারাপ হয়। কান্নাও পায়। সুতপা খেলা ছেড়ে বাড়ির দিকে রওনা হয়, আকাশে রংধনুর সাত রং তখন মিষ্টি আলো ছড়াচ্ছে। সুতপার মনে হয়, রংধনুর ওই সাত রঙের চেয়ে তপুর মুখ আরও সুন্দর, আরও ঝলমলে। ছোট্ট ভাইটাকে দেখার জন্য সে ছুটে বাড়ি আসে। কারণ ওকে যে সুতপা ভীষণ ভালোবাসে। ভাইয়ের মুখেই সে খুঁজতে থাকে রংধনুর সাত রং।