রক্তপদ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত যত গভীর হয়, মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টটা তত বৃদ্ধি পায়। চোখ এক করতেই মনে পড়ে সেই দুঃসহ স্মৃতি। মনটা টুকরো হয়ে যায় যখন মনে পড়ে ওর কথা। ঘরের প্রতিটি জিনিসে যেন ওর ছোঁয়া লেগে আছে। যখন কোনো কিছু করব বা করি, তখন ওর কথা মনে পড়ে। ও আর কেউ নয়, আমার আদরের ছোট বোন। ও আমার চোখের সামনে...।’ বলল টুম্পা। আজ যখন শুনলাম কিছু লিখতে হবে প্রথম আলোর পাঠকের জন্য, তখন কেন জানি টুম্পার সেই ঘটনাটি খাতার পাতায় চলে আসে। টুম্পা সবাইকে জানাতে চায় ওর মর্মান্তিক মৃত্যুর ঘটনা। যাই হোক, এবার মূল গল্পে ফিরে আসি।টুম্পার ছোট বোনের তখন চার বছরও পূর্ণ হয়নি। তবে সে সব কথাই গুছিয়ে বলতে পারে। টুম্পার সবচেয়ে ভালো লাগত ওর ‘বড়পা’ ডাকটা। টুম্পা তখন অষ্টম শ্রেণীতে পড়ে। সেবার গরমের ছুটিতে টুম্পা, অরণ্য, ওর মা—সবাই মিলে তাদের নানিবাড়িতে বেড়াতে যায়। অনেক দিন তাদের নানিবাড়ি যাওয়া হয়নি। তাদের নানিবাড়ির পেছনে একটা দিঘি ছিল। সেটার ভেতর পদ্ম ফুটত। ওই দিঘির পদ্ম অরণ্য খুব পছন্দ করত। সে ফাঁকা জায়গা পেয়ে খুব আনন্দে দিন কাটাত। তার ছোট মামা গাছ থেকে পাখির বাসা পেড়ে আনলে অরণ্যের আনন্দের সীমা থাকত না। দুই সপ্তাহ থাকার পর তাদের কাছে চিঠি এল যে তাদের দাদি তাদের নিয়ে একটি দুঃস্বপ্ন দেখেছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের ঢাকায় ফিরে আসতে হবে। ঢাকায় তাড়াতাড়ি ফিরে আসতে হবে বলে টুম্পার খুব মন খারাপ হলো। যেদিন তারা ঢাকায় ফিরে আসবে, ঠিক তার আগের দিন বিকেলে টুম্পা ও অরণ্য হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে এল। সেখানে একটি সুন্দর রক্তপদ্ম ফুটে ছিল। অরণ্য সেটা নেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। টুম্পা তাকে নিয়ে দিঘির পাড়ে বসে এবং বলে যে পদ্ম তুলে আনা এখন তার পক্ষে সম্ভব নয় এবং সে তাকে আরও বলে যে কাল সে মামাকে পদ্মটি এনে দিতে বলবে। কিন্তু অরণ্য কোনো কথা শুনল না, আরও অস্থির হয়ে পড়ল। টুম্পা তাকে কোলে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটবে, এমন সময় সে শান্ত হয়ে টুম্পাকে বলল, ‘বড়পা, আমি হেঁটে যাব।’ সে তাকে নামিয়ে দেয়, কিন্তু হাত ধরে রাখে। সে তখন অনেক করুণ স্বরে টুম্পাকে বলল, ‘বড়পা, আমার হাত ছেড়ে দাও। ব্যথা পাচ্ছি।’ টুম্পা তার হাত ছেড়ে যেই দুই কদম হাঁটল, ঠিক তখনই অরণ্য দৌড়ে দিঘির পাড়ে চলে এল। টুম্পা তাকে যেতে নিষেধ করল, কিন্তু সে শুনল না। সে দিঘির পাড়ের নরম কাদায় আস্তে আস্তে ডুবে গেল। অরণ্য তখন করুণ গলায় বলল, ‘বড়পা, আমাকে বাঁচাও। সে যখন দ্রুত দিঘির পাড়ে এল, তখন অরণ্য দিঘির মাঝে এবং এক হাতে পদ্ম, আর অন্য হাত দিয়ে আমায় ডাকছে ওকে বাঁচানোর জন্য। টুম্পা সাঁতার জানে না, তাই তাকে বাঁচাতেও পারছে না। তাকে বাঁচানোর জন্য যে-ই দিঘিতে ঝাঁপ দেবে, এমন সময় টুম্পা জ্ঞান হারাল। জ্ঞান হারানোর মাঝেও সে অরণ্যের করুণ ও ভাঙা ভাঙা গলায় ‘বড়পা’ ডাকটা শুনতে পায়। যখন জ্ঞান ফিরল, তখন সে দেখতে পেল, সাদা কাপড়ে মোড়ানো একটি শিশুর পাশে বসে মা কাঁদছে। যখন টুম্পা শুনতে পেল, শিশুটি তার আদরের ছোট বোন অরণ্য, তখন বিশ্বাস করতে পারছিল না। তার ভেতরে কী যেন হয়ে যাচ্ছে এবং বারবার মনে হচ্ছে, ওর মৃত্যুর জন্য সে-ই দায়ী। টুম্পার বড় মামি, মেজ মামি, ছোট মামা—সবাই তাকে বোঝাতে লাগল যে যা হওয়ার হয়ে গেছে। এখন কান্নাকাটি করলে অরণ্যের আত্মা কষ্ট পাবে। কিন্তু টুম্পা ওর মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। ওর বারবার মনে হতে লাগল, অরণ্যের মৃত্যুর জন্য সে-ই দায়ী। সেদিন যদি তাকে দিঘির পাড়ে না নিয়ে যেত, তাহলে এমনটা হতো না।আজ অনেক বছর পার হয়ে গেছে। টুম্পার একটি ছোট ভাইয়াও আছে। তবু সে অরণ্যের কথা কিছুতেই ভুলতে পারে না। টুম্পা আমাদের মাঝেমধ্যেই বলে, ‘বারবার মনে পড়ে তাকে এবং পানিতে ডুবে যাওয়ার সময় তাকে বাঁচানোর জন্য আমাকে ওর শেষ অনুরোধ। সেই অনুরোধের শেষ কথাটি “বড়পা, আমাকে বাঁচাও”।’বারবার ঘৃণা হয় নিজের ওপর। কারণ, আমি এমন এক ‘বড়পা’, যে তার নিজের আদরের ছোট বোনকে বাঁচাতে পারেনি। কেউ বুঝুক আর না-ই বুঝুক, আমি তো বুঝি যে আমি ওকে কতটা ভালোবাসতাম।টুম্পা আমাদের আরও বলে, ‘আজও ওই রক্তপদ্ম দেখলে আমার মনে পড়ে যায় অরণ্যের কথা। আর দুঃখে ভরে যায় মন। আমি সবচেয়ে ঘৃণা করি ওই রক্তপদ্মকে, যার জন্য আমি আমার আদরের ছোট বোনকে হারিয়েছি চিরদিনের জন্য। যাকে আর কোনো দিনই পাব না এই ধরাধামে।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ শ্রেণী