রবিঠাকুর এসেছিলেন শান্তদের বাসাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের সঙ্গে স্বভাবের মিল শান্ত নামের ছেলেটির বেলায় যেমন দেখা যায়, তেমনটি সচরাচর হয় না। হয়তো দেখা যাবে, সুশীল নামের ছেলে তার গাড়িচালককে বাজে ভাষায় গালি দিচ্ছে, অথচ হাসি মেয়েটির মুখ সদাই ব্যাজার। আসলে স্বভাবের সঙ্গে মিলিয়েই ওর নাম রেখেছিল শান্তর বাবা-মা।জন্মের পর অন্য বাচ্চারা যেমন খিদে পেলে কাঁদতে থাকে, ব্যথা পেলেই তারস্বরে চিৎকার দেয়, সে নাকি তেমনটি ছিল না। কোনো অসুবিধায় পড়লে একটু আহ্ বা উহ্ করেই থেমে যেত। কাজেই ওর নাম রাখা হয়ে গেল শান্ত।একটু বড় হওয়ার পরও সে কখনো রেগে চেঁচামেচি করত না। খেতে না চাইলে বলত, ‘এটা খাব না।’ কখনো খাবারের প্লেট উল্টিয়ে দেওয়া, কেঁদে গড়িয়ে পড়া এসব তার স্বভাবের বাইরে।সেই শান্ত আরও শান্ত হয়ে গেল, যখন তার মা হঠাৎ অসুস্থ হয়ে ছয় মাস পর মারা গেল। এই ছয় মাস কেউ শান্তর দিকে মনোযোগ দেওয়ার সময় পায়নি। পুরো সময়টা শুধু ডাক্তার দেখানো, হাসপাতালে যাওয়া-আসা করেই কেটেছে।তারপর আত্মীয়স্বজনের ভিড়। সবার মনোযোগ একটু বেশি করেই শান্তর দিকে। সেটা বুঝতে পেরে শান্ত আরও একটু কোন ঘেঁষে থাকত। এই ভিড় আর লোকজনের আসা যাওয়ার মধ্যে মা কীভাবে যে তাকে রেখে চলে গেল, শান্ত ঠিক বুঝে উঠতে পারেনি।শুধু শেষ যেবার হাসপাতালে গেল, তার আগে একদিন শান্তকে ডেকে কিছুক্ষণ কথা বলেছিল। কী আর বলবে শান্ত। মা জিজ্ঞেস করেছিল, শান্ত ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না। পড়াশোনাতে যেন মন দেয়, মায়ের জন্য চিন্তা না করে—এসব সাধারণ কথা। এক ফাঁকে বলেছিল, ‘শান্ত, আমি তোর দিকে খেয়াল রাখব। অসুবিধা হলেই আমার কথা মনে করবি। আমি কিছু একটা করব।’শান্ত অবাক হয়েছিল, কারণ অসুবিধা হলে তো মাকে ডাকবেই সে। শুধু মনে করে বসে থাকবে নাকি। মনে করার দিন যে এভাবে হঠাৎ এসে পড়বে, তা তো শান্ত বোঝেনি।তারপর আত্মীয়-বন্ধু-প্রতিবেশীদের আসা কমে গেল। বাসাতে বাবা আর শান্ত।এক সন্ধ্যায় বাবা টিভি দেখছিলেন। শান্ত গিয়ে বসল বাবার পাশটিতে। টিভি বন্ধ করে বাবা শান্তর কাঁধে হাত রাখলেন।শান্ত কাঁপা গলায় বলল, ‘বাবা, আমি মায়ের কথা ভুলে যাচ্ছি। মায়ের মুখ মনে করতে পারছি না। মা কি রাগ করবে?’শান্তর বাবা চমকে উঠলেন, ঠিক কী উত্তর দেওয়া যায় বুঝতে পারছিলেন না। তবে চমকানোর কারণটা আলাদা। ভাবলেন, আরে, আমিও তো শান্তর মায়ের চেহারা মনে করতে পারছি না।চেহারা মনে করতে গেলেই যেটা হচ্ছে, শোবার ঘরে যে ছবিটা টাঙানো আছে, সেটা ভাসছে চোখের সামনে। সেটা তো ইস্তিরি করা শাড়ি পরে স্টুডিওতে তোলা। অথচ ঘরে যাকে শতবার দেখা গেছে, সাধারণ শাড়িতে, গৃহস্থালি কাজে ব্যস্ত, সেই ছবিগুলো কোথায় গেল!শান্তকে উত্তর দিলেন ধীরে ধীরে, ‘নারে শান্ত। উনি রাগ করবেন কেন! আমরা তো তাঁকে মনের গোপনে রেখেছি।’শান্ত বলল, ‘আচ্ছা বাবা, আমার কথাও কি মা ভুলে যাবে? আর ধরো আমি যদি সে রকম করি, সেই যে তুমি আমাকে একটি কবিতা শিখিয়েছিলে। রবিঠাকুরের কবিতা।’‘কোন কবিতা, বল তো?’ শান্তর বাবা জিজ্ঞেস করলেন। শান্ত মনে করাল, ‘সেই যে,আমি যদি দুষ্টুমি করেচাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,ভোরের বেলা মা গো, ডালের ’পরে কচি পাতার করি লুটোপুটি,তবে তুমি আমার কাছে হারো,তখন কি মা চিনতে আমায় পারো।’ (লুকোচুরি, গ্রন্থ: শিশু)শান্তর বাবা ভয়ের ভান করে করে বললেন, ‘নারে, তুই ওসব লুকোচুরি করিস না’শান্তর প্রশ্ন অন্যদিকে ঘুরল, ‘আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ কেন ও রকম কবিতা লিখেছেন? ওর ছেলেমেয়েরা কি অমন হারিয়ে গিয়েছিল?’শান্তর বাবা রবীন্দ্ররচনাবলীর দু-তিনটে খণ্ড বের করলেন। শান্তর বলা লাইনগুলো খুঁজে বের করে আরও একটু পড়লেন। তারপর বলেন, ‘শান্ত, আমাদের তো একটা শুধু দুঃখ। আর এই এত বড় কবি, তাঁর দুঃখ ছিল কত যে বড়। ওর ছেলেমেয়েরা অসুস্থ হয়েছে, ওকে ছেড়ে গিয়েছে। একবার অসুস্থ মেয়েকে নিয়ে দূরে যেতে হয়েছে, অন্য ছেলেমেয়েরা সঙ্গে ছিল না। তখন এসব কবিতাগুলো লিখেছেন।’এবারে শান্তর বাবা আরেকটি কবিতা বের করলেন। শান্তকে সেটা দিয়ে বললেন, ‘তুই এটা পড়। আমি শুয়ে পড়লাম, রাত হয়েছে।’খানিক পরে বাবা জেগে গিয়ে দেখতে পেলেন বসার ঘরে বাতি জ্বলছে। উঠে গিয়ে আবার শান্তর পাশে বসলেন। কাঁধে হাত রাখতেই শান্ত নড়েচড়ে উঠল। হেসে বলল, ‘বাবা, রবিঠাকুর এইমাত্র এসেছিলেন। এখানে। বসে আমাকে একটা কবিতা পড়ে শোনালেন।’‘কোনটা দেখি তো?’ বাবা বিশ্বাসের ভঙ্গিতে বললেন। শান্ত ধীরে ধীরে পড়ল।‘মাকে আমার পড়ে না মনে।শুধু কখন খেলতে গিয়েহঠাৎ অকারণেএকটা কী সুর গুনগুনিয়েকানে আমার বাজে,মায়ের কথা মিলায় যেনআমার খেলার মাঝে।মা গিয়েছে, যেতে যেতেগানটি গেছে ফেলে।’ (মনে পড়া, গ্রন্থ: শিশু ভোলানাথ)পড়া হলে থেমে বলল, ‘জানো বাবা, তখন টিভিতে একটা গান হচ্ছিল।’ ‘কী গান?’ বাবা জানতে চাইলেন। ‘সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে।তখনই আমি পেছন ফিরলাম। দেখি, মা রান্নাঘরের দরজাতে দাঁড়িয়ে এই গানটাই গাইছে।’শান্তর চোখে-মুখে আনন্দের আভাস। বলল, ‘বাবা, তুমি কেন উঠে এসেছ? সঙ্গে সঙ্গে ওরা চলে গেল।’ বাবা বললেন, ‘যায়নি। আবার আসবে। এসব কবিতার সঙ্গে আসবে।’