রহস্যময় বুড়ি
‘উহ্! খুব রোদ উঠেছে,’ বলল ফারুক। অনয় বলল, ‘হুম্ম্! চান্দিফাটা রোদ উঠেছে।’ ফারুক ও অনয় খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা পাশাপাশি বাসায় থাকে। একসঙ্গে খেলা করে। একসঙ্গে সব কাজ করে। ফারুক বলল, ‘চল, আজ সিনেমা দেখে আসি রজনীগন্ধা সিনেমা হলে। এসি আছে, তাতে কিছুটা আরাম পাওয়া যাবে।’ অনয় বলল, ‘তা তো বুঝলাম, কিন্তু টিকিটের টাকাটা কে দেবে?’ফারুক বলল, ‘আমি ঈদের সালামি এক হাজার ২০০ টাকা জমিয়ে রেখেছি। ২০০ টাকায় দুজনের টিকিট হবে। পরে কোনো ভালো রেস্তোরাঁয় পেট ভরে খেয়ে বাসায় গিয়ে দেব ঘুম...।’প্রচণ্ড রোদে হাঁটতে হাঁটতে ওরা হাঁপিয়ে গেল।ফারুক বলল, ‘চল, ওই আমগাছটার ছায়ায় বসি।’ অনয় বলল, ‘কিছুক্ষণ বসে একটি রিকশায় করে চলে যাই...।’ ওরা আমগাছের ছায়ায় বসতে না বসতেই একটি বিদঘুটে চেহারার বুড়ি এসে ভিক্ষা চাইল। তার শরীর দেখে মনে হচ্ছে, সদ্য হাড্ডির ওপর চামড়া লাগিয়ে এসেছে। অনয় এমনিতেই ভিক্ষুক পছন্দ করে না। আবার হাত পেতেছে তারই সামনে।ফারুক ভিক্ষুককে বলল, ‘যান, মাফ করেন।’ তারপর তারা রিকশা দিয়ে যেতে থাকল। তাদের রিকশার দিকে তাকিয়ে রইল বুড়ি।‘টিকিট কেটেছিস?’ অনয় বলল।ফারুক বলল, ‘হ্যাঁ।’‘একটি জিনিস খেয়াল করেছিস?’ ‘কী?’ অনয় পেছনে তাকায়। ফারুক পেছনে তাকিয়ে হতভম্ব, ‘এ দেখি সেই বুড়ি! আগের মতো করেই হাত পেতেছে।’ ফারুক বলল, ‘একটা জিনিস খেয়াল করেছিস, আমরা যখন এলাম তখন কত রোদ ছিল, এখন আকাশ কত অন্ধকার হয়ে গেছে।’বলতে না বলতেই বিদ্যুৎ চমকাল। কারেন্ট চলে গেল, এক সেকেন্ড পর আবার চলে এল, কিন্তু বুড়ি যথাস্থানে নেই।ফারুক বলল, ‘দেখেছিস, কারেন্ট গেল, বুড়িও গেল। মনে হয় মানুষ নয়।’‘আমাকে ভূতের কথা বলিস না, আমার ভয় লাগে, চল, সিনেমা দেখে আসি।’ অনয় ভয় পেয়েছে। তারা প্রথম সারির একদম বাঁ পাশে বসল।‘পাশে দেখ?’ ফিসফিস করল অনয়। চাপা স্বরে বলল ফারুক, ‘দেখেছি।’‘কী দেখেছিস?’‘বুড়ি।’‘কী মনে হয়?’‘মানুষ নয়।’‘একটা জিনিস খেয়াল করলাম, মনে হচ্ছে আমরা ছাড়া আর কেউ বুড়িকে দেখতে পাচ্ছে না।’‘হুম্ম্! তুই কি সিনেমা দেখতে চাস?’ ফারুক জানতে চাইল।অনয় বলল, ‘না।’‘তাহলে চল। বাসায় যাই।’‘আমার পেট খিদায় চোঁ-চোঁ করছে।রেস্তোরাঁয় যাবি?’‘হ্যাঁ।’‘চল, পাশের রেস্তোরাঁয় যাই।’ওরা পাশের রেস্তোরাঁয় গিয়ে কাচ্চি বিরিয়ানির অর্ডার দিল, তারপর আলোচনা করতে বসল। অনয় বলল, ‘আমার খুব চিন্তা হচ্ছে।’ফারুকের প্রশ্ন, ‘কী?’‘তখন সিনেমা হলে এক লোক কিছু লাগবে নাকি জিজ্ঞেস করল না আমাদের?’ফারুক বলল, ‘বুঝতে পেরেছি, বুড়িকে না জিজ্ঞেস করেই চলে গেল লোকটা।’‘ঠিক বলেছিস।’ফারুক বরল, ‘বিরিয়ানি এসে গেছে, খাওয়া শুরু করি।’কিছুক্ষণ পর ফারুক দেখল, অনয় খাবার গিলতে পারছে না, ঠিক ফারুকের পেছনে তাকিয়ে আছে।‘কি রে, কী করছিস?’‘তোর পেছনে দেখ,’ তারপর বলল, ‘বুড়ি কি আমাদের পিছু ছাড়বে না?’না, ওটা না। বুড়ি ঠিক আলোর কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বুড়ির ছায়া নেই!ফারুক আর অনয় না খেয়েই বিল দিয়ে বেরিয়ে পড়ল রেস্তোরাঁ থেকে।ফারুক বলল, ‘আমার মনে হয়, বুড়িকে ভিক্ষা দেওয়া উচিত, নয় তো ও আমাদের পিছু ছাড়বে না।’‘কিন্তু আমরা তো তাকে এখন দেখতে পাচ্ছি না,’ অনয় বলল।‘চল, আমগাছের নিচে যাই, হয়তো বুড়ির দেখা পাওয়া যাবে।’দুই বন্ধু রিকশায় করে চলে গেল ওই আমগাছের কাছে। ‘সন্ধ্যা হতে আরও আধা ঘণ্টা বাকি,’ মন্তব্য করল ফারুক।অনয় দেখাল, ‘ওই দেখ, ডালের কোনায় বুড়ি দাঁড়িয়ে আছে।’‘চল, যাই। আমি তাকে ১০ টাকা ভিক্ষা দেব। দেখি, তারপর কী হয়।’ফারুক তাকে ১০ টাকার নোট হাতে দিতেই সে হাওয়া হয়ে গেল, আর অমনি আমগাছ থেকে এক কুৎসিত বুড়ির গলার হাসি শুনতে পেল। ভয়ে এক দৌড়ে বাড়ি ফিরল ওরা। তারপর বিছানায় শুয়েই ঘুম...।কিছুক্ষণ পর শব্দ শুনে ঘুম ভেঙে গেল দুজনের। তারপর দুজন একত্র হয়ে বাড়ির বাইরে এসে পড়ল।ফারুক হাত তুলে দেখাল, ‘ওই দেখ, আমগাছের নিচে কত মানুষের ভিড়। চল ওখানে যাই।’দুজন ওখানে গিয়ে খালাকে জিজ্ঞেস করল, ‘কী হয়েছে?’ খালা বলল, ‘তোরা যখন হলে গিয়েছিস তার পাঁচ মিনিট আগে এক বুড়ি আমগাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তোরা কি দেখেছিস?’ওরা দুজন চুপ করে রইল।ন্যাশনাল আইডিয়াল, স্কুল, পঞ্চম শ্রেণী, ঢাকা